Cart Total Items (0)

Cart

All Sports India

ভারত ১ (‌সুহেল-‌পেনাল্টি)‌        মালদ্বীপ ০

‌অলস্পোর্ট ডেস্ক:‌ মালদ্বীপকে ১-‌০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গেল ভারতীয় ফুটবল দল। বলা ভাল দ্বিতীয় সারির ভারতীয় দল। কারণ সিনিয়র প্রথম সারির ফুটবলাররা বর্তমানে নিউজিল্যান্ডে খেলতে ব্যস্ত। বুধবার ঢাকার ন্যাশানাল স্টেডিয়ামে ভারতীয় দলের হয়ে ৩৮ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন সুহেল বাট। কাশ্মীরের এই স্ট্রাইকার বারবার প্রমাণ করা সত্ত্বেও কী কারণে সিনিয়র দলে এখনও ব্রাত্য, সেটা অজানা। ভারতীয় দলের জয়ে গোলকিপার প্রিয়াংশ দুবের অবদান অনস্বীকার্য। তিনি শেষমুহূর্তে দুরন্ত সেভ করে দলের এগিয়ে থাকা অব্যাহত রাখেন। আর সেকারণেই গ্রুপের ২টি ম্যাচ জিতে শীর্ষে থাকল ভারত।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলার পর সাফে অংশ নেওয়া ভারতীয় দলের চেহারাটাই বদলে যায়, নিউজিল্যান্ড সফরের কথা ভেবে কোচ খালিদ জামিল ও ভারতীয় ফুটবল ফেডারেশন কর্তারা একঝাঁক ফুটবলারকে ঢাকা থেকে ফিরিয়ে আনায়। তাঁদের নিউজিল্যান্ডগামী দলে অন্তর্ভুক্ত করা হয়। এতে সাফে খেলা ভারতীয় দল দুর্বল হয়ে পড়তে বসেছিল। নতুন করে ঢাকায় ফুটবলার না পাঠালে , ভারতীয় দলের পক্ষে সাফ সেমিফাইনালে ওঠাটা কঠিন হত।

বুধবার মালদ্বীপের বিরুদ্ধে জিততেই হবে এই পরিস্থিতিতে সাফে ভারতীয় দলের কোচ নৌশাদ মুসা প্রথম একাদশে সাতটি বদল আনেন। পাকিস্তানের বিরুদ্ধে ৩-‌২ গোলে জয় পাওয়া ভারতীয় দলে থাকা অভিষেক সূর্যবংশী, মহম্মদ উভেইস, সুহেল বাট ও রিকি শ্যাবংকে মালদ্বীপের বিরুদ্ধে শুরুতেই নামিয়েছিলেন কোচ মুসা। গোলকিপার পজিশনে অবশ্য পরিবর্তন ঘটান। আরশ আনোয়ারের জায়গায় শুরু করান প্রিয়াংশ দুবেকে। যেহেতু বিজয় ভার্গিস নিউজিল্যান্ড ম্যাচ খেলতে গেছেন, তাই নতুন অধিনায়ক হিসেবে ভারতীয় কোচ দায়িত্ব দেন ডিফেন্ডার চিঙ্গলেসানা সিংকে।

শুরু থেকেই আক্রমণ হেনে ভারত চাপ বাড়িয়েছিল মালদ্বীপ রক্ষণে। স্ট্রাইকার সুহেল বাটের জোরালো শট সেভ করে সাময়িক পতন রুখেছিলেন মালদ্বীপের গোলকিপার হুসেন শরিফ। ৩৮ মিনিটে ভারতীয় দল পেনল্টি পায় মালদ্বীপের হুসেন সিফাউ ইউসুফের অবৈধ ট্যাকলে বক্সের মাঝে আব্দুল রাবি পড়ে গেলে। সুহেল পেনাল্টি থেকে ভারতকে এগিয়ে দিতে ভুল করেননি। পাকিস্তানের বিরুদ্ধে সুহেলের জোড়া গোল ছিল। এখন তাঁর সংগ্রহে ৩ গোল।

বাকি সময় সমতা ফেরাতে মালদ্বীপ ঝাঁপালেও ভারতীয় দলের রক্ষণের জমাট ভাবে , তাদের সে লক্ষ্যপূরণ হয়নি। এটাই ভারতীয় দলের খেলার ইতিবাচক দিক। কারণ পাকিস্তানের বিরুদ্ধে ৯০ মিনিট পর্যন্ত ৩ গোলে এগিয়ে থাকার পর সংযুক্তি সময়ের গাছাড়া ভাবে ২ গোল হজম করেছিল ভারত। এটা কোচ নৌশাদ মুসার একেবারেই পছন্দ হয়নি। তিনি ভারতীয় ফুটবলারদের এই আলগা মনোভাবের সমালোচনাও করেন ম্যাচের পর। একইসঙ্গে ফুটবলারদের সাফ বলে দেন, মালদ্বীপ ম্যাচে এই ধরনের খেলা চলবে না। তার ফল মিলল।

ভারত:‌ প্রিয়াংশ, চিঙ্গলেসানা, সূর্যবংশী, রাবি(‌কিপজেন)‌, উভেইস, সুহেল(‌বিষ্ণু)‌, লুমডিং, রিকি, ম্যাকারটন(‌ইরফান)‌, সন্দীপ, ব্রাইসন(‌জেসুদাসন)‌।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...