মুনাল চট্টোপাধ্যায়: বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটে অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ড ফুটবল দলের মুখোমুখি হবে ভারত। এটা ভারতীয় ফুটবল দলের সঙ্গে নিউজিল্যান্ড দলের তৃতীয় সাক্ষাত হতে চলেছে। এরা আগে ১৯৮১ ও ২০১৮ সালে সামনা সামনি হয়েছিল দুই দল। পানামা, ব্রাজিল ও উরুগুয়ের বিরুদ্ধে ঘরের মাঠে লড়ার পর বাইরের মাঠে অকল্যান্ডে ফিফা ক্রমতালিকায় ৮৮ নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা যাচাইয়ের এই ম্যাচটা কোচ খালিদ জামিল ও ফিফা ক্রম তালিকায় ১৩৮ নম্বরে থাকা ভারতীয় ফুটবল দলের কাছে একটা বিশেষ ধরনের চ্যালেঞ্জ বললে ভুল হবে না। পানামার সঙ্গে বেঙ্গালুরুর মাঠে ১-১ ড্র করার পর কলকাতায় যুবভারতীতে ব্রাজিল ও উরুগুয়ের কাছে বিশ্রি হারে ভারতীয় ফুটবলের মানের দৈন্যদশাটাই প্রকট হয়। তাই খালিদ জামিলের ভারতীয় দল ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের দুটি হতশ্রী পারফরমেন্স গা থেকে ঝেড়ে ফেলে উন্নত খেলা তুলে ধরতে পারে, সেটাই এখন দেখার। বিশেষ করে রক্ষণের অন্যতম ভরসা, মাঝমাঠের মূল শক্তি আপুইয়ার মতো ফুটবলার এই ম্যাচে না থাকায়।
ভারতীয় দলের আক্রমণভাগের আর এক অস্ত্র এডমুন্ডও শেষপর্যন্ত চোটের কারণে দলের সঙ্গে যেতে পারেননি। তাতে আক্রমণভাগের ঝাঁজ ধরে রাখতে খুব একটা সমস্যা হবে না, এডমুন্ডের পজিশনে বিকল্প ফুটবলার থাকায়। কারণ ভারতীয় দলের আক্রমণভাগের ধার বেড়েছে রায়ান উইলিয়ামস ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতীয় দলে যুক্ত হওয়ার পর থেকে। নইলে সুনীল ছেত্রী অবসর নেওয়ার অল্প আগে থেকেই একটা চিন্তা ঘুরপাক খেত সকলের মাথায়, সুনীলের পর ভারতীয় দলে গোল করার লোক কোথায়? রায়ান উইলিয়ামসের যোগদানের পর থেকে সেই ভাবনাটা কিছুটা হলেও দূর হয়েছে। ইতিমধ্যেই ভারতের জার্সিতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে গোল করে রায়ান বুঝিয়েছেন, তিনি তেকাঠিটা চেনেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের ভাল খেলাটা অনেকটাই নির্ভর করব রায়ান উইলিয়ামসের ভূমিকার ওপর। সবচেয়ে বড় কথা, বাকি সব ফুটবলারের কাছে যখন অকল্যান্ডের পরিবেশ ও মাঠ অচেনা, তখন রায়ানের কাছে এটা একটা চেনা জায়গা। নিউজিল্যান্ডের মাটিতে এর আগে অস্ট্রেলিয়ায় জাত রায়ান খেলে গেছেন পার্থ গ্লোরির হয়ে। যার মধ্যে ওয়েলিংটন ফিনিক্সের সঙ্গে ম্যাচ ছিল। ২০২৩ সালে পামারস্টন নর্থের মাঠে ওয়েলিংটন ফিনিক্সের বিরুদ্ধে ম্যাচে পার্থ গ্লোরির হয়ে খেলেছিলেন রায়ান। ম্যাচটা ২-২ ড্র হয়েছিল। ওই ম্যাচে এটিকে,পরবর্তী সময় এটিকে মোহনবাগানের হয়ে খেলার ডেভিড উইলিয়ামস ২ গোল করেছিলেন।
রায়ান এর আগে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব২০ দলের হয়ে খেলার সময়। ২০১৩ সালে তুরস্ক অনূর্ধ্ব২০ বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতির অঙ্গ হিসেবে অংশ নেওয়া ওই ম্যাচে রায়ানের অস্ট্রেলিয়া দল জিতেছিল ৫-০ গোলে। তবে সেই ম্যাচ হয়েছিল ওলোনগংগের মাঠে, আর বৃহস্পতিবার নিউজিল্যান্ডের মাটিতে ভারতের জার্সিতে প্রথমবার খেলবেন তিনি। খালিদ জামিল যে তাঁকে প্রথম থেকেই খেলাবেন, একমাত্র কোনও অঘটন ছাড়া, সেটা বলাই বাহুল্য।
ভারতের সঙ্গে নিউজিল্যান্ড , এই মুহূর্তে বলা ভাল অকল্যান্ডের সঙ্গে সময়ের পার্থক্য সাড়ে ৭ ঘন্টার। এমনকি অস্ট্রেলিয়ার পার্থের সঙ্গেও সময়ের পার্থক্যটা খুব কম নয়। সেটা মাথায় রেখেই রায়ান উইলিয়ামসের বক্তব্য, ‘ যতবার নিউজিল্যান্ডে খেলতে এসেছি, ততবারই এই সময়ের পার্থক্যের সঙ্গে আমাকে পাল্লা দিতে হয়েছে। তবে আমি প্রতিবারই তার সঙ্গে মানিয়ে নিতে নিজের বডি ক্লককে দীর্ঘ বিমানযাত্রায় প্ল্যান করি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বেঙ্গালুরু থেকে অকল্যান্ড আসার পথে সেভাবেই জেগে থাকা ও ঘুমিয়ে নেওয়ার সময়টা প্ল্যান করি, যাতে এখানে পৌঁছে খুব সমস্য না হয়। এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে যাতায়াতের ক্ষেত্রেও এই জেট ল্যাগ কাটাতে ব্যবস্থা নিয়েছি। এবারও তাই অকল্যান্ড পৌঁছে বিমানযাত্রার ধকল বা জেট ল্যাগ আমাকে কাবু করতে পারেনি। সেরা দিতেই মাঠে নামব।’
অকল্যান্ডের আবহাওয়া ভারতীয় দলের ফুটবলারদের কাছে কিছুটা হলেও নতুন। এখানকার ঠান্ডা ও বৃষ্টিভেজা আবহাওয়া রায়ানের পরিচিত। তবে দলের বাকিদের কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। আউটার ওভালের নর্থ হারবার স্টেডিয়ামে অনুশীলনের সময় সেটা অনুভব করেছেন সকলে। রায়ানের মতে, ‘ আমার কাছে বৃষ্টির মধ্যে ভেজা কাদা মাঠে অনুশীলন করাটা নতুন কিছু নয়। আমি অভস্ত। তবে অন্যদের কাছে এটা মানিয়ে নিতে সমস্যা হবে বলে মনে করি না। একজন ফুটবলারকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মাঠে, পরিবেশ ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েই সেরা দিতে হয়। ভারতীয় দলে আমার সতীর্থরা এটা উপভোগ করছে।’
রায়ানের বিশ্বাস পানামা, ব্রাজিল, উরুগুয়ের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা নিউজিল্যান্ড ম্যাচে কাজে দেবে। আগের তিনটি ম্যাচে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিতে পারলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের সুনাম বজায় থাকবে। ভারতীয় দলের কোচ খালিদ জামিলের গলাতেও এক সুর। তবে তাঁর চিন্তা একটাই, পানামা, ব্রাজিল ও উরুগুয়ের মতো বিশ্বের প্রথম সারির দলের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল ভারতীয় দল ঘরের মাঠে জন সমর্থন সঙ্গে নিয়ে। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে হচ্ছে ঘর থেকে অনেকদূরে, নতুন পরিবেশ, আবহাওয়া মাঠের সঙ্গে মানিয়ে নেওয়ার খুব কম সময় পেয়ে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
