Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ দীর্ঘ বিমানযাত্রার পর সোমবার বেশি রাতে অকল্যান্ড এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার লক্ষ্যে। এটা ভারতীয় ফুটবল দলের প্রথম নিউজিল্যান্ড সফর। ভারতীয় দল বেঙ্গালুরু থেকে রবিবার মাঝরাতে রওনা দিয়েছিল। মাঝে কুয়ালালামপুরে কিছু সময় কাটানোর পর আর একটি বিমান ধরে অকল্যান্ড পৌঁছয় সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায়। ভারতীয় সময় বিকেল ৪টে। অকল্যান্ডের সঙ্গে ভারতের সময়ের ফারাক সাড়ে ৭ ঘন্টা। নিউজিল্যান্ড এগিয়ে, ভারত পিছিয়ে।

অকল্যান্ডের আবহাওয়া এখন বেশ মনোরম। বসন্তের বাতাসের ছোঁয়া অনুভব করা যাচ্ছে। তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছি। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার রাস্তা জুড়ে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভারতের টিম বাস গেছে। শান্ত শহর, তারওপর ঝকঝকে তকতকে রাস্তাঘাট। ফুটবলাররা বেঙ্গালুরু বিমানবন্দর থেকে অকল্যান্ডের হোটেল পৌঁছানোর পুরো যাত্রাটাই উপভোগ করেছেন। কারও শরীরে বা মনে ক্লান্তির ছাপের দেখা মেলেনি। বরং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২ নভেম্বর অকল্যান্ড সময় সন্ধে ৭টা ১০ মিনিট, ভারতীয় সময় সকার ১১টা ৪০ মিনিটে অনুষ্ঠেয় প্রথম ম্যাচ খেলার জন্য ফোকাস করছেন ফুটবলাররা।

নিউজিল্যান্ডের সঙ্গে ভারতীয় ফুটবল দলের শেষ সাক্ষাত ঘটেছিল ২০১৮ ইন্টারকন্টিনেন্টাল কাপে। মুম্বইয়ে ওই প্রতিযোগিতায় ভারত ১-‌২ গোলে হেরেছিল। তবে প্রতিযোগিতায় শেষপর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ভারতই। তার আগে আর একবারই নিউজিল্যান্ডের মুখমুখি হয়েছিল ভারত। ১৯৮১ মারডেকা কাপে মালয়েশিয়ার মাঠে ম্যাচ গোলশূণ্য শেষ হয়েছিল।

নিউজিল্যান্ডর বিরুদ্ধে ম্যাচ নিয়ে ভারতীয় দলের চিফ কোচ খালিদ জামিলের বক্তব্য, ‘‌ বিমানযাত্রা ছিল মসৃণ। ফুটবলাররা সকলে ফিট ও তৈরি আছে ম্যাচ খেলতে। এই প্রথম ভারতীয দল নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ খেলতে এসেছে। তাই এটা একটা নতুন অভিজ্ঞতা গোটা দলের কাছে। আবহাওয়া কোনও সমস্যা নয়। নতুন পরিবেশের সঙ্গে ফুটবলাররা দ্রুত মানিয়ে নেবে। প্রথম ম্যাচের প্রস্তুতিতে মন দেওয়াটাই এখন জরুরি।’‌

ভারতীয় ফুটবল দল মঙ্গলবার সকাল থেকে প্রস্তুতি শুরু করবে। বিকেলে নর্থ হারবার স্টেডিয়ামে অকল্যান্ড সময় বিকেল ৪টের সময় অনুশীলন করবে। বুধবার স্থানীয় সময় সন্ধে ৭টায় ম্যাচ ভেনু গো মিডিয়া স্টেডিয়ামে অনুশীলন করবেন খালিদের ফুটবলাররা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াই কঠিন হবে বলেই মনে করেন কোচ খালিদ জামিল। আর তাই অকল্যান্ড বসবাসকারী ভারতীয় ক্রীড়াপ্রেমীদের কাছে সমর্থন চেয়েছেন তিনি। বলেছেন, ভারতীয় সমর্থকদের কাছে অনুরোধ রাখছি বেশি সংখ্যায় মাঠে এসে দলকে উৎসাহ দেওয়ার। এটা ভারতীয় ফুটবলারদের সেরা দিতে সাহায্য করবে।’‌

প্রথম ম্যাচ খেলার পর ১৩ নভেম্বর দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতীয় দল যাবে ক্রাইস্টচার্চ। ১৫ নভেম্বর রবিবার স্থানীয় সময় বিকেল ৪টে ১০ মিনিট, ভারতীয় সময় সকাল ৮টা ৪০ মিনিটে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...