অলস্পোর্ট ডেস্ক: স্পেশাল জেনারেল বডি মিটিং ডেকে জাতীয় ক্রীড়ানীতি মেনে সংবিধান সংশোধনের মাধ্যমে আইএফএর কার্যকরী কমিটি গঠনের জন্য আইএফএ প্রাথমিকভাবে সংস্থার সাধারন সভা ও নির্বাচনের দিন ধার্য করেছিল ১৪ নভেম্বর। যদিও সেটা নিশ্চিত তারিখ ছিল না। আইএফএ সচিব অনির্বান দত্ত ভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়েছিলেন, জাতীয় ক্রীড়ানীতি মেনে ৪ নভেম্বরের মধ্যে আইএফএর নির্বাচন করা সম্ভব নয়। তাই নির্বাচন পেছানোর আর্জি রাখছেন, একইসঙ্গে তার জন্য যেন আইএফএকে নিয়মভঙ্গের আওতায় পড়তে না হয়।
নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আইএফএর অনুমোদিত সংস্থা চাঁদনী স্পোর্টিং ক্লাব বেশ কিছু প্রশ্ন তোলায় আইএফএর নির্বাচন আপাতত স্থগিত। নিয়মের বেড়াজালে আইএফএর নির্বাচন কোনওমতেই ১৪ নভেম্বর হওয়া সম্ভব ছিল না।
একটা আশঙ্কাও তৈরি হয়েছিল। সেটা হল,৪ নভেম্বরের মধ্যে নির্বাচন করতে না পারলে, ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হারাবে কি আইএফএ? এটা জানতে আইএফএ সচিব অনির্বান দত্ত আইনি পরামর্শ নিয়ে একটি চিঠি দিয়েছেন ভারতীয় ফুটবল ফেডারেশনকে। যদিও ১৮ জুন, ২০২৬য়ের দিল্লি হাইকোর্টের একটি রায় রয়েছে, যাতে বলা হয়েছে, রাজ্য ক্রীড়াসংস্থার নির্বাচন কোনও কারণে আটকে থাকলেও, তাদের সর্বভারতীয় ক্রীড়াসংস্থার নির্বাচনে অংশ নিতে দিতে হবে, তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তাই বলতে দ্বিধা নেই নির্বাচন পেছালেও আইএফএর প্রতিনিধি এআইএফএফের নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে তার জন্য একটা অনুমোদন দরকার। আইনি পরামর্শ নিয়ে আইএফএ চিঠি পাঠিয়ে সেই উত্তরের অপেক্ষায় রয়েছে।
আইএফএর নির্বাচন পিছিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হল, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আইএফএর অনুমোদিত সংস্থা চাঁদনী স্পোর্টিং ক্লাব বেশ কিছু প্রশ্ন তোলায়। নিয়মের বেড়াজালে আইএফএর নির্বাচন কোনওমতেই ১৪ নভেম্বর হওয়া সম্ভব নয়। সাধারন সভাও হচ্ছে না।
চাঁদনী স্পোর্টিং ক্লাব একটি চিঠি দিয়েছিল আইএফএ সচিব অনির্বান দত্তকে। তারা লেখে, নির্বাচনী প্রক্রিয়া মেনে নির্বাচনের দিন ঘোষণা করার ৬০ দিন আগে নির্বাচনী আধিকারিকের নাম ঘোষণা করা উচিত ছিল। নির্বাচনী আধিকারিকের নিয়োগ জরুরি ছিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে। সেটা করা হয়নি। কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৪ মাস আগে। সেখানে নির্বাচনী আধিকারিকের নাম ঘোষণা করা হয়েছে মাত্র ২ দিন আগে। চাঁদনী এছাড়াও বলে, আইএফএ অনুমোদিত সংস্থা যাদের ভোটদানের অধিকার আছে, তাদের তালিকা আইএফএ ওয়েবসাইটে যেন তোলা হয়। পরে ঠিক হবে, সেই সংস্থা থেকে কোন প্রতিনিধি ভোট দেবেন নির্বাচনে।
আইএফএ সচিব অনির্বান দত্ত অবশ্য সংস্থার ওয়েবসাইটে ৩০৯ টি অনুমোদিত সংস্থার নাম তুলে দিয়েছিলেন আগেই। তবে এইমুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ার নিয়মের নির্ঘন্ট মেনে চাঁদনী স্পোর্টিংয়ের চিঠিতে আইএফএর নির্বাচন কোনওমতেই ১৪ নভেম্বর হচ্ছে না। নতুন দিন কবে হবে, তা ঠিক হবে আইএফএ নিযুক্ত নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের পরামর্শে।
কিন্তু শুধু কি চাঁদনীর দেওয়া চিঠির কারণেই আইএফএর নির্বাচন স্থগিত হয়ে রয়েছে। নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? সিএবির নির্বাচন রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে করা যায়নি বলেই খবর। আইএফএর নির্বাচন ঘিরে ধীরে চলো নীতির পিছনে কি রাজ্য সরকারের একইরকম কোনও প্রভাব কাজ করছে? সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আইএফএ সংবিধান সংশোধনের মাধ্যমে সাম্মানিক সচিব পদের লোপ ঘটিয়েছে। সচিব পদ এখন থেকে বেতনভুক। সর্বোচ্চ ক্ষমতা থাকবে সভাপতির হাতে। নতুন সভাপতি কে হবেন, সেটা এখন বড় প্রশ্ন? একটা সময় বর্তমানে সচিব পদে থাকা অনির্বান দত্তর পাল্লা ভারি বলেই মনে হচ্ছিল নতুন সভাপতি হিসেবে। কিন্তু রাজ্যে পালা বদলের পর নতুন সরকার আসার পর সেই হিসেব মিলবে না কিনা বলা শক্ত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
