Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ বেঙ্গালুরুতে ভারতীয় হকি অলিম্পিয়ান ও প্রাক্তন অধিনায়ক এমএম সোমায়ার বাড়ি থেকে ২৮ অক্টোবর ভোররাতে চুরি গিয়েছিল ১৯৮০ মস্কো অলিম্পিক্সে জেতা সোনার পদক। সঙ্গে আরও তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে জেতা পদক, নগদ অর্থ, মূল্যবান সম্পদ। এগুলি ফেরত পেতে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখেছিলেন সোমায়া। সোমায়ার অভিযোগের ভিত্তিতে সেই চুরির কিনারা করতে কোমর বেঁধে নেমেছিল ইন্দিরানগরের পুলিশ। তাদের সে প্রচেষ্টা সফল হয়েছে।

সিসিটিভি ফুটেজ দেখে দুই চোরকে শনাক্ত করে পুলিশ। শেষপর্যন্ত তাদের ধরে সোমায়াকে মস্কোতে জেতা সোনার অলিম্পিক পদক সহ বাকি পদক ও চুরি যাওয়া সব টাকা, গয়না ফিরিয়ে দিতে সক্ষম হয়েছে। শান্তিনিকতেনে রবীন্দ্র ভবন থেকে চুরি যাওয়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পদকটি আজও উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানে বেঙ্গালুরু পুলিশের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়, সোমায়ার অলিম্পিক্স পদক ফিরিয়ে দেওয়ায়। দুই চোরকে ধরে।

তিনবার অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করা অর্জুন এমএম সোমায়ার ৮০ মস্কো অলিম্পিক্সে জেতা সোনার পদক চুরি গিয়েছিল গতমাসে তাঁর বেঙ্গালুরুর বাড়ি থেকে। ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সোমায়া কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারকে চিঠি দিয়ে এই পদক চুরির কথা জানিয়েছিলেন। মস্কো অলিম্পিক্সের সোনার পদকের সঙ্গে সোমায়ার বেঙ্গালুরুর থিপ্পাসান্দ্রার বাড়ি থেকে ২৮ অক্টোবর ভোর রাতে চুরি যায় আরও তিনটি আন্তর্জাতিক পদক। সেগুলি হল ১৯৮২ নিউ দিল্লি এশিয়ান গেমসের রুপোর পদক, ৮৬ সিওল এশিয়াডের ব্রোঞ্জ পদক, ও ৮২ আমস্টারডাম চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদক।

চোর সোনা, রুপো, ব্রোঞ্জ পদক ছাড়াও ঘর থেকে চোর নিয়ে গিয়েছিল সোনা ও রুপোর অলংকারের সঙ্গে নগদ ৩০ হাজার টাকা। সব মিলিয়ে যার মূল্য আনুমানিক সাড়ে ৩ লাখ টাকা। অলিম্পিক্স বা অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় জেতা পদকগুলির তো টাকায় কোনও মূল্যায়ন হতে পারে না। সেগুলি অমূল্য সম্পদ, শুধু সোমায়ার ব্যক্তিগত ক্ষতি নয়, দেশেরও।

কর্নাটকের মুখ্যমন্ত্রীকে চিঠিতে ৬৭ বছর বয়সী সোমায়া লিখেছিলেন, ‘‌ একটা অলিম্পিক সোনার পদক একজনের ক্রীড়াবিদের ব্যক্তিগত অ্যাচিভেমেন্টের থেকেও অনেক বড়। কারণ এর সঙ্গে দেশের সম্মান জড়িয়ে আছে খেলোয়াড়ের রক্ত ঘাম ঝরানোর পাশাপাশি। খেলাধুলোর সর্বোচ্চ গ্রেটেস্ট শো অন আর্থ মঞ্চে এই প্রাপ্তির কারণে। ভারতীয় হকিতে এটাই আমাদের শেষ সোনা জয়। এর তাৎপর্য ব্যক্তিগত প্রাপ্তির থেকে অনেক বড়।’‌ যাতে এগুলি ফেরত পাওয়া যায়, তার জন্য সোমায়া জোরালো আবেদন রেখেছিলেন।

মস্কো অলিম্পিক্সে জেতা সোনার পদক ফিরে পেয়ে অভিভূত সোমায়া। তিনি ধন্যবাদ জানিয়েছেন বেঙ্গালুরু পুলিশকে। নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ মনে করেছেন এখন। সোমায়ার প্রতিক্রিয়া, ‘‌ মনে হচ্ছে, আমি আবার অলিম্পিক্সে সোনা জিতলাম। বাকি সব পদকও ফেরত পেয়েছি। এটা শুধু আমার ব্যক্তিগত প্রাপ্তি নয়, এর সঙ্গে রাজ্য ও দেশের সম্মান জড়িয়ে আছে। সেটাই পুনরুদ্ধার হল।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...