Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ নিউজিল্যান্ড ফুটবল দলের কাছে ০-‌৫ গোলে ভারতীয় ফুটবল দলের লজ্জাজনক হারের পর অনেকেই সমালোচনায় সোচ্চার হয়েছেন। এটা স্বাভাবিক। কিন্তু সকলের জন্য একটা কথাই বলতে চাই, এটা অপ্রত্যাশিত নয়। কালিদাসের মতো গাছের ডালে বসে কুড়ুল দিয়ে সেই ডাল কাটার কাজ শুরু হয়েছিল দু’‌বছর আগে বর্তমান সভাপতি কল্যান চৌবের অবিবেচক আচরণের কারণে। ভারতীয় ফুটবল দলকে একটা সুতোয় বেঁধে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়ার মতো আত্মবিশ্বাসী করে তোলার জায়গায় নিয়ে যাওয়া শুরু করেছিলেন ক্রোয়েশিয়ান বিশ্বকাপার তৎকালীন ভারতীয় দলের চিফ কোচ ইগর স্টিমাচ। ঠিক তখনই কেন স্টিমাচকে জাতীয় দলের কোচের পদ থেকে সরানোর প্রক্রিয়াটা ফেডারেশনে শুরু করেছিলেন কল্যান চৌবে, সেটা দুর্বোধ্য?‌ নিজের ইগো চরিতার্থ করতে, নাকি অন্য কোনও স্বার্থের কারণে, সেটা অস্পষ্ট। তবে কারণ যাই হোক, ভারতীয় ফুটবলের ক্ষতিটা তখনই হয়ে গেছে, স্টিমাচের মতো হাই প্রোফাইল কোচকে দায়িত্ব ছেড়ে চলে যেতে বাধ্য করায়।

সেসময় থেকেই ভারতীয় ফুটবলের কফিনে পেরেক পোঁতার কাজটা শুরু হয়েছিল। ইগর স্টিমাচের কাজে কী ধরনের বাধার সৃষ্টি করা হয়েছিল পদে পদে সেটা সকলেরই জানা। এমনকি স্টিমাচকে বরখাস্ত করে তাঁর প্রাপ্য অর্থ পর্যন্ত দিতে চায়নি প্রথমে ফেডারেশন। এতে ফিফার শাস্তির মুখে পড়তে বসেছিল এআইএফএফ। শেষপর্যন্ত স্টিমাচের দয়ায় রেহাই পায় ভারতীয় ফুটবল ফেডারেশন, প্রাপ্য অর্থের বড় অংশ ছেড়ে দেওয়ায়। সভাপতি কল্যান চৌবের সৌভাগ্য তাঁকে ফিফার কাঠগড়ায় দাঁড়াতে হয়নি।

স্টিমাচের কোচিংয়ে ভারতীয় ফুটবল দল দোহার মাটিতে প্রিওয়ার্ল্ড কাপের ম্যাচে কাতারের সঙ্গে গোলশূণ্য ড্র করেছিল সুনীল ছেত্রী প্রবল জ্বরের জন্য ওই ম্যাচে না খেলা সত্ত্বেও। এরপর স্টিমাচের তত্ত্বাবধানে ঘরের মাঠে একাধিক আন্তর্জাতিক ট্রফিও জেতে। ভারতীয় দলকে সেসময় যথেষ্টই লড়াকু দল মনে হচ্ছিল। এমনও আশা তৈরি হয়েছিল কুয়েতের মাটিতে জেতার পর, ভারতীয় প্রিওয়ার্ল্ড কাপের দ্বিতীয় পর্বের বাধা টপকে যেতে সক্ষম। কিন্তু হঠাৎ ফেডারেশন সভাপতি কল্যান চৌবের চোখে দুয়োরাণী হয়ে উঠলেন স্টিমাচ। প্রথমে যেটা ঠান্ডা লড়াই ছিল, সেটাই পরে গরমাগরম সংঘাতে দাঁড়িয়ে গেল ফেডারেশনের তরফে অহযোগিতার অভিযোগ এনে বিষ্ফোরক মন্তব্য একের পর এক স্টিমাচ করায়।

অসহযোগিতার অভিযোগ অসত্য নয়। হ্যাংঝৌ এশিয়ান গেমসে দল গঠন থেকে অংশ নেওয়া নিয়ে যে নক্কারজনক নাটক হয়েছিল, তার ফল ভুগেছিল ভারতীয় ফুটবল দল। তবে সেখানে ব্যর্থ হলেও, দলের খেলায় একটা লড়াই ছিল। এখনকার মতো অসহায় আত্মসমর্পণ ছিল না। এএফসি এশিয়ান কাপ থেকে বাকি প্রিওয়ার্ল্ড কাপের ম্যাচে তার প্রভাব পড়ে কোচ স্টিমাচ ও ফেডারেশনের মধ্যে প্রবল মনোমালিন্যের জেরে। ফুটবলারদের ফোকাসটাই নষ্ট হয়ে গিয়েছিল। এতে ভারত শুধু বিশ্বকাপের পরবর্তী যোগ্যতার্জন পর্বে এগোতে পারেনি তা নয়, এশিয়ান কাপে সরাসরি খেলার সুযোগ হারায়। ভারতীয় ফুটবলের উন্নতির যে বীজ চারাগাছ হয়ে উঠছিল, তা অকালেই নষ্ট হতে দেরি হয়নি ফেডারেশনের কালিদাসসুলভ মনোভাবের কারণে। তার সুদূর প্রসারী ফল এখন টের পাচ্ছে ভারতীয় ফুটবল।

পরিস্থিতি সেসময় এমন দাঁড়িয়েছিল, স্টিমাচকে তাড়িয়ে মানোলো মারকোয়েজকে ভারতীয় দলের পার্টটাইম চিফ কোচ করেছিলেন ফেডারেশন সভাপতি কল্যান চৌবে। মানোলো একাধারে এফসি গোয়ার কোচের দায়িত্ব আর জাতীয় দলের কোচের ভূমিকা পালন করতে গিয়ে, দু’‌নৌকায় পা দেওয়া মাঝির মতো দুটোকেই ডোবালেন। আসলে না ঘর কা, না ঘাট কা অবস্থা হলে যা হয়। যে ভারতীয় দলকে স্টিমাচের কোচিংয়ে লড়াকু মনে হত, সেই দলটাই মানোলোর কোচিংয়ে অত্যন্ত ছন্নছাড়া লাগে। তার ফলে একের পর এক ম্যাচে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতার্জন করতে পারেনি।

মানোলোকে অবশ্য তাড়ানোর দরকার পড়েনি ফেডারেশনের। তিনি অবশ্য আগেই বুঝেছিলেন গলা ধাক্কা খেতে হবে তাঁর বিশ্রি পারফরমেন্সের জন্য। তাই তিনি নিজেই সরে দাঁড়ান। ফেডারেশনের তখন অবস্থা কাহিল। কারণ স্টিমাচকে বরখাস্ত করার জন্য তাঁর প্রাপ্য আর্থিক চুক্তির একটা বড় অংশ চোকাতে হয়েছিল। তাতে ফেডারেশনের তহবিল ফাঁকা। ভাঁড়ে মা ভবানী অবস্থায় বিদেশি কোচ নিয়োগের ক্ষমতা ছিল না। অতএব সস্তায় দেশি কোচ নিয়োগের পথেই হাঁটে ফেডারেশন। চিফ কোচের দায়িত্ব দেয় খালিদ জামিলকে। কিন্তু আইএসএলে জামশেদপুর এফসির কোচের দায়িত্ব পালন আর জাতীয় দলের কোচের ভূমিকা সামলানো যে এক ব্যাপার নয়, সেটা খালিদ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

জাতীয় কোচের দায়িত্ব নেওয়ার পর এশিয়ান কাপের যোগ্যতানির্ণায়ক পর্বে খালিদের পারফরমেন্স খুব হতাশাজনক ছিল। ওমানে ফ্রেন্ডশিপ কাপে ভারতীয় ফুটবল ব্রোঞ্জ পদক জেতায় খালিদের ওপর অনেকেই একটি বেশি প্রত্যাশা করে ফেলেছিলেন। যেটা সম্পূর্ণ ভুল। কারণ খালিদ যত না ভাল ট্যাক্টিশিয়ান, তার থেকে বেশি তুকতাকে বিশ্বাসী। দল বাছাইয়ের ক্ষেত্রেও মুন্সিয়ানার অভাব। সঙ্গে নিরপেক্ষতার দৃষ্টিভঙ্গিও। ভারতীয় কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় দূরে থাক, খালিদ শুধু ভারতীয় দলকে লজ্জাজনক হারের মুখে ঠেলে দিয়েছেন।

খালিদের কোচিংয়ের কঙ্কালসার চেহারাটা আরও প্রকট হয়েছে গত ৩টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। পানামার সঙ্গে ১-‌১ ড্র করার পর খালিদের কোচিং নিয়ে একাংশ প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। কিন্তু সেই ড্রয়ে খালিদের কোচিংয়ের গুনে, নাকি ফুটবলারদের নিজস্ব খেলার জোসে,সেটা বলা শক্ত। মনে হয় ফুটবলারদের জন্যই। নইলে পরের তিন ম্যাচে, অর্থাৎ ব্রাজিল, উরুগুয়ে ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সবমিলিয়ে ১৫ গোল কেন খেতে হবে ভারতীয় ফুটবল দলকে।

খালিদ কোনওমতেই এর দায় এড়াতে পারেন না। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক ওপরে থাকা ব্রাজিল বা উরুগুয়ের কাছে বেশি গোলে হারাটা তাও মানা যায়, কিন্তু ৮৮ নম্বরে থাকা নিউজিল্যান্ডের কাছে ০-‌৫ গোলে হারটা মানা যাচ্ছে না। বলতে গেলে একপ্রকার অসহায় আত্মসমর্পণ বললেও ভুল হবে না। যাঁরা খেলা দেখেছেন, তাঁরা জানেন গোলকিপার বিশাল কাইথ একটি পেনাল্টি সহ অনেকগুলি সেভ না করলে, লজ্জার হারের ব্যবধানটা আরও বাড়ত।

আর এই হারের জন্য খালিদের দল বাছাই অন্যতম কারণ। খালিদও হলেন আর এক কালিদাস। নিজের গোঁয়ার্তুমি বজায় রাখতে গিয়ে ভারতীয় দলকে ডোবালেন। আনোয়ার আলির মতো দলের সেরা ডিফেন্ডার যেখানে চোটের জন্য নেই, মাঝমাঠের লাইভওয়্যার আপুইয়া অসুস্থতার কারণে খেলতে পারছেন না, তখন খালিদের উচিত ছিল গোঁ ছেড়ে সন্দেশ ঝিঙ্গান, রাহুল বেকেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দলে নেওয়া।

কিন্তু খালিদ নিজের জেদ বজায় রেখে এঁদের কাউকে নিলেন না। কী করলেন, ঢাকায় খেলা সাফের ভারতীয় দল থেকে বিজয় ভার্গিসকে নিয়ে এসে জুড়ে দিলেন স্টপারে পরমবীরের সঙ্গে। খালিদ একবারও ভেবে দেখলেন না, এই দু’‌জনের নিউজিল্যান্ডের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে খেলার মতো মুরোদ বা যোগ্যতা আদৌ আছে কিনা?‌ ফলে যে ভরাডুবি ঘটার সম্ভাবনা ছিল,সেটাই হয়েছে। নিউজিল্যান্ড শুরু থেকেই চেপে ধরে ভারতকে শুইয়ে দিয়েছে। ৫ মিনিটের মধ্যে পরমবীর আর বিজয়ের ভুলবোঝাবুঝিতে ভারতকে গোল হজম করতে হয়েছে। বিজয়ের আত্মঘাতী গোলে ভারতকে পিছিয়ে পড়তে হয়েছিল অকল্যান্ডের মাঠে। তৃতীয় গোল হজমের সময় পরমবীর তো রীতিমতো বল ক্লিয়ার করতে গিয়ে হামাগুড়ি দিচ্ছিলেন। কথায় আছে, ছাগল দিয়ে হাল চষা যায় না। এটা তেমনই।

এরপর ক্রাইস্টচার্চে ১৫ নভেম্বর ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ওই ম্যাচে ভারতীয় দলের প্রতি দয়া দেখিয়ে যদি নিউজিল্যান্ড ফুটবলাররা বেশি গোল না দেন, তাহলে মানটা কিছুটা হলেও বাঁচবে, নইলে আরও একবার মুখ পুড়বে। তবে এটা বলতে কোনও দ্বিধা নেই পরীক্ষা নিরীক্ষার নামে খালিদ জামিল ভারতীয় ফুটবল দলের সুনাম ও ফুটবলারদের আত্মবিশ্বাস যে তলানিতে নিয়ে গেছেন, এরপর আর তাঁকে জাতীয় দলের কোচ রাখার কোনও মানে হয় না। কিন্তু উপায়ও তো কিছু নেই। পানামা, ব্রাজিল আর উরুগুয়ে ম্যাচ আয়োজন করতে গিয়ে ৪০ কোটি টাকার যে দেনা ভারতীয় ফুটবল ফেডারেশনের ঘাড়ে চেপে বসে রয়েছে, তা মেটানো পর্যন্ত নতুন কাউকে কোচ করে তাঁর টাকা মেটানোর ক্ষমতা কল্যান ও তাঁর বর্তমান কমিটির নেই। এরপরও অবশ্য কেউ কেউ কল্যানের অকল্যানসুলভ কাজের সমর্থনে নানা সাফাই পেশ করে চলেছেন, ওই তিনটি ম্যাচ আয়োজনে বাড়তি কিছু আয় করে ফেলার সুযোগ পাওয়ায়। তবে কল্যান ফেডারেশনের ভেতরেই কোনঠাসা। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ছত্রছায়ায় থেকে বাঁচতে চেষ্টা করছেন। তবে এটুকু বলা যেতে পারে, ২০ ডিসেম্বর ফেডারেশনের নির্বাচন পর্যন্ত নতুন কিছু হওয়া সম্ভব নয়। যা হওয়ার তা ঘটবে নির্বাচনের মাধ্যমে নতুন সভাপতি ও কার্যকরী গঠনের পরই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...