অলস্পোর্ট ডেস্ক: নিজের দেশে সাফ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। সেগুড়ে বালি দিল পাকিস্তান ফুটবল দল। শনিবার বাংলাদেশকে ১-০ গোলে সেমিফাইনালে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান। ৮৬ মিনিটে বাংলাদেশের স্বপ্নভঙ্গের শক্তিশেল আসে পাকিস্তানের আব্দুল আমাদ শাহজাদের গোলে। দিনের অন্য সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে ২-১ গোলে জিতে গতবারের চ্যাম্পিয়ন ভারত আগেই পৌঁছে গিয়েছিল ফাইনালে। গ্রুপ লিগের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ৩-২ গোলে জিতেছিল ভারত। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেতাব অক্ষুন্ন রাখতে পারে কিনা, সেটাই এখন দেখার।
বিশেষ করে ভারতীয় ফুটবল দলকে এখন ফাইনালে শুধু পাকিস্তানের বিপক্ষেই খেলতে হবে তা নয়, বাংলাদেশের প্রবল জনসমর্থনের বিরুদ্ধেও সেরা দিতে হবে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। ২৩ বছর বাদে সাফ চ্যাম্পিয়ন ও ২১ বছর বাদে ফাইনাল খেলার হাতছানির মুখে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের দর্শকরা হতাশায় গ্যালারিতে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন। বাংলাদেশের গোলকিপার মেহদি হাসান শ্রাবণের ভুলে গোল খায় বাংলাদেশ। ম্যাচ শেষে গ্যালারির একাংশে আগুন জ্বলতেও দেখা যায়। তবে ফাইনালে পাকিস্তানের ওপর রেগে থেকে ভারতীয় দলকে বাংলাদেশের দর্শকরা সমর্থন করবেন, এমনটা ভাবা যাচ্ছে না।
ভারতীয় ফুটবল দলের জন্য শনিবার দিনটা ভালই গেছে। একইসঙ্গে ক্রিকেটেও। পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব১৯ এশিয়া কাপ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। ফুটবলে দিনের শুরুতে মালয়েশিয়ায় কুয়ালালামপুর ফুটবল স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপ উজবেকিস্তান ২০২৭ কোয়ালিফায়ারের ম্যাচে গুয়ামকে ১২-০ গোলে হারায় অনূর্ধ্ব ১৭ ভারতীয় ফুটবলররা। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়েছিল তারা। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রয়েছে ভারত। শেষ ম্যাচে প্যালেস্টাইনের বিরুদ্ধে বড় কোনও অঘটন না ঘটলে ভারতীয় দলের পরের রাউন্ডে যাওয়া আটকাবে না।
দিনের পরের পার্টে সিনিয়র ভারতীয় দলের, বলা ভাল দ্বিতীয় সারির ভারতীয় সিনিয়র দলের সাফ ফাইনালে পৌঁছানো ভুটানকে ২-১ গোলে হারিয়ে। বাংলাদেশের ঢাকায় খেলতে যাওয়ার পর থেকে নানা সমস্যায় পড়তে হয়েছে কোচ নৌশাদ মুসার তত্ত্বাবধানে থাকা ভারতীয় দলকে। থাকা খাওয়া থেকে শুরু করে নানা ব্যাপারে অসুবিধার মধ্য পড়তে হয়েছে। তাছাড়া কোচ নৌশাদ মুসার কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ৩-২ গোলে জেতার পর আচমকাই নিউজিল্যান্ডে খেলতে ব্যস্ত ভারতের প্রথম সারির সিনিয়র দলের শক্তি বাড়াতে সাফের ভারতীয় দল থেকে ফুটবলার নিয়ে চলে যাওয়ায়। এতে নতুন করে দল গোছানোর কাজটা করতে হয় মুসাকে জেতার অভ্যাস বজায় রাখতে।
সেই কাজটা অবশ্য সাফল্যের সঙ্গেই করতে পেরেছেন মুসা। তার ফলে গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিরুদ্ধে ১-০ গোলের জয় তুলে নিতে পেরেছিলেন। সাফ সেমিফাইনালেও ভুটানের বিরুদ্ধে উজ্জীবিত ফুটবল খেলতে উদ্বুদ্ধ করেছিলেন ভারতীয় দলের কোচ। তাছাড়া প্রথম একাদশে গোলে আরশ আনোয়ার, পিভি বিষ্ণু, কিপজেন ও নিখিল প্রভুকে ফিরিয়ে দলকে শক্তিশালী করেন। তার সুফল মেলে। ৯ মিনিটে পিভি বিষ্ণুর দর্শনীয় গোলে এগিয়ে যায় ভারত। ২৭ মিনিটে কিপজেনের কর্নারে ভেসে আসা বল গোলে পাঠিয়ে অধিনায়ক চিঙ্গলেসানা ভারতীয় দলকে ২-০ এগিয়ে দেন।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ঝাঁপিয়েছিল ভুটান। ৪৭ মিনিটে গিলেতসেনের শট বক্সে পড়ার মুখে তোপদেন হেড করে ভারতের গোলের ভেতর পাঠান। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও, ভার প্রয়োগের ভিত্তিতে ম্যাচের রেফারি ভুটানের অনুকূলে গোলের নির্দেশ দেন। ৫৩ মিনিটে গিলেতসেনের শট শেষমুহূর্তে ফিস্ট করে ভারতীয় দলের গোলকিপার আরশ বের না করলে,ভুটান সমতা ফেরানোর গোল পেয়ে যেত।
চাপ বাড়ছে বুঝে কোচ মুসা ৬৪ মিনিটে কিপজেন ও বিষ্ণুকে তুলে ম্যাকারটন ও ইরফানকে নামান। ইরফান নেমেই যে শট নেন তা বক্সের মাঝে ভুটানের নিমা ওয়াঙ্গদির হাতে লাগে। রেফারি ভারতের অনুকূলে প্রথমে পেনাল্টি দিলেও, তা ভার প্রয়োগে বাতিল হয়ে যায়। ৮৫ মিনিটে সুহেল বাটের শট ক্রশপিশে লেগে ফেরায় জয়ের ব্যবধান বাড়েনি ভারতের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
