ভারত ২( সুহেল, সন্দীপ) পাকিস্তান ১(আলমগির)
মুনাল চট্টোপাধ্যায়: ভারত ও পাকিস্তান যে খেলাতেই মুখোমুখি হোক না কেন, সেটা একটা যুদ্ধের চেহারা নেয়। মঙ্গলবার ঢাকার মাঠে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচের মেজাজটাও ছিল তেমনই। সেমিফাইনালে আয়োজক দেশ বাংলাদেশকে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছিল পাকিস্তান। তারা যে ট্রফি জেতার জন্য ফাইনালে জান লড়িয়ে দেবে সেটা জানাই ছিল। আলমগির গাজির গোলে এগিয়েও গিয়েছিল পাকিস্তান। এখানেই ভারতীয় দলের প্রশংসা প্রাপ্য। একইসঙ্গে ভারতীয় দলের কোচ নৌশাদ মুসার। দ্বিতীয় সারির দল নিয়ে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে হার মানতে চাননি তিনি। আর সেই হার না মানা মনোভাবের জোরে এক গোলে পিছিয়ে পড়েও ২ গোল করে পাকিস্তানকে ২-১ ফলে হারিয়ে ট্রফি জিতল ভারতীয় ফুটবল দল। পাকিস্তানকে হারানোর তৃপ্তিটাই আলাদা। ১০ম বার সাফ চ্যাম্পিয়নশিপ ট্রফি ঘরে তুলে নজির গড়ল ভারত। দ্বিতীয় সারির ফুটবলাররা বোঝালেন, তাঁরা কোন অংশে প্রথম সারির ফুটবলারের থেকে পিছিয়ে নেই যোগ্যতা ও স্কিলে।
আরও একটা কথা না বলে উপায় নেই। ভারতীয় দলে বাঙালি ফুটবলার নেই যখন আক্ষেপ ঝরে পড়ে সকলের মধ্যে, তখন মঙ্গলবার পাকিস্তানের বিরুদ্ধে ৮৮ মিনিটে জয়সূচক গোলটি করেন কল্যানীর ছেলে সন্দীপ মান্ডি। ইস্টবেঙ্গলের এই ডিফেন্ডার ইতিমধ্যেই লাল হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের কেন এত আস্থাভাজন হয়ে উঠেছেন, তার প্রমাণ মিলল পাকিস্তানের বিরুদ্ধে। নিউজিল্যান্ড সফরে বিজয় ভার্গিস চলে যাওয়ার পর সাফে ভারতীয় রক্ষণ সামলানোর দায়িত্ব এসে পড়েছিল এই সন্দীপের সঙ্গে। ফাইনালে চিঙ্গলেসানার সঙ্গে পাকিস্তানের ঝাঁজালো আক্রমণের মুখে রক্ষণের দূর্গ সামলানেন শুধু নয়, আব্দুল রাবির কর্নারে ভেসে আসা বল বক্সে মাথা দিয়ে মাটিতে ঠুকে দিলে, তা পাকিস্তান গোলকিপারের হাতে লেগে জালের ভেতর জড়িয়ে যায়।
ভারতের এই জয়ে যেমন ইস্টবেঙ্গলের সন্দীপের অবদান রয়েছে, তেমন পিছিয়ে পড়া ভারতীয় দলকে ম্যাচে ফেরানোর পিছনে মোহনবাগান সুপার জায়ান্টের স্ট্রাইকার সুহেল বাটের ভূমিকা কিছু কম নয়। সুহেলের গোলটাই তো ভারতকে ম্যাচে ফেরায়। প্রথমার্ধের সংযুক্তি সময়ের প্রথম মিনিটে জুনেদের ক্রশ থেকে আলমগির গাজি গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। কিন্তু পাকিস্তান নিজেদের বিপদ ডেকে আনে ৫৯ মিনিটে ব্রাইসনকে বিশ্রি ফাউল করে জুনেদ লাল কার্ড দেখায়। রেফারি ভার প্রয়োগ করে লাল কার্ডের সিদ্ধান্ত নিয়ে জুনেদকে মাঠের বাইরে পাঠান।
১০ জন হয়ে যাওয়ার এক মিনিটের মধ্যে মনঃসংযোগ হারিয়ে গোল হজম করে পাকিস্তান। ৬০ মিনিটের মাথায় লুমডিংয়ের ক্রশ বদলি হিসেবে নামা ম্যাকারটন নিকসনের পায়ে লেগে সুহেলের কাছে এলে তিনি জোরালো শটে গোল করে সমতা ফেরান। কাশ্মীরের এই ফুটবলারের কাছে পাকিস্তানের বিরুদ্ধে গোলটা কতটা তাৎপর্যপূর্ণ , সেটা বলে বোঝানোর দরকার পড়ে না। পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচেও সুহেলের পা থেকে এসেছিল ২ গোল। ফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে গোল করে বোঝালেন, তাঁর মধ্যে দেশপ্রেমের একটা আলাদা আবেগ আছে। তাই সন্দীপের গোলে ভারত ট্রফি জেতা নিশ্চিত করার পর ম্যাচ শেষে সুহেল জোগাড় করে ফেলেন ভারতের তেরঙা জাতীয় পতাকা। সেটা গায়ে জড়িয়ে সারা মাঠ প্রদক্ষিণ করেন হতাশায় ভেঙে পড়া পাকিস্তান ফুটবলারদের সামনে। এরপরও কি মোহনবাগান সুপার জায়ান্ট বা ভারতীয় প্রথম সারির সিনিয়র দলে ব্রাত্য থেকে যাবেন সুহেল এমন পারফরমেন্স সত্ত্বেও?
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
