Cart Total Items (0)

Cart

All Sports India
এআইএফএফ

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যকরী কমিটির নির্বাচন ২০ ডিসেম্বর। সেই নির্বাচনে আইএফএর প্রতিনিধিরা যাতে অংশ নিতে না পারেন, তার জন্য একটা প্রয়াস নেওয়া হয়েছিল একটি বিশেষ মহল থেকে। তাতে আইএফএর বর্তমান সচিব অনির্বান দত্তর বিরোধী কিছু লোকজনের যেমন মদত ছিল, তেমন এআইএফএফের বিশেষ এক প্রভাবশালী কর্তার উদ্যোগ নিয়েছিলেন। জাতীয় ক্রীড়ানীতি মেনে আইএফএর নতুন কার্যকরী কমিটি গঠনের নির্বাচন হয়নি এই যুক্তি সামনে এনে ইলেক্টোরাল অফিসারের দৃষ্টি আকর্ষণ করে আইএফএর প্রতিনিধিদের এআইএফএফ নির্বাচনে অংশ নেওয়া আটকানোর চেষ্টা হয়েছিল।

কিন্তু সেগুড়ে বালি। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ইলেক্টোরাল অফিসার যাবতীয় আপত্তি খারিজ করে দিয়ে আইএফএর দুই প্রতিনিধি সুব্রত দত্ত ও অনির্বান দত্তকে ইলেক্টোরাল কলেজ বা তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। রাজ্য ফুটবল সংস্থার নির্বাচন না হলে ফেডারেশন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা আইএফএর প্রতিনিধিরা, এনিয়ে প্রশ্ন তুলে সমস্যা তৈরি করতে চেয়েছিলেন একাংশ কর্তা।

আসলে জাতীয় ক্রীড়ানীতি ও জাতীয় প্রশাসনিক বিলের নিয়মমতো ৪ নভেম্বরের মধ্যে রাজ্য সংস্থার নির্বাচন করে নতুন কার্যকরী কমিটি গঠন করতে পারেনি আইএফএ। এমনকি ১৪ নভেম্বর আইএফএর নির্বাচন করা সম্ভব হয়নি নির্বাচনী প্রক্রিয়ার নিয়মের বেড়াজালে আটকে গিয়ে। সেটাই হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন আইএফএর অন্দরমহল ও ফেডারেশনের বিশেষ কিছু ক্ষমতাশালী কর্তা। ফেডারেশনের নির্বাচনী নিয়মাবিধির বিরুদ্ধে গিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করে এআইএফএফের ইলেক্টোরাল অফিসারের তিরষ্করের মুখে পড়েন।

আইএফএর কর্তারা আগেই এইধরনের বিরোধিতা আসতে পারে বুঝে, নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলেন। তিনি এব্যাপারে আইনি পরামর্শ নিতে বলেছিলেন। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সংস্থার নির্বাচন না হওয়ায় ফেডারেশনের নির্বাচনে ভোটাধিকার আইএফএর প্রতিনিধি প্রয়োগ করতে পারবেন কিনা, সেটা ফেডারেশনের নিযুক্ত রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেন। জানাই ছিল, তাঁর অনুমতি থাকলে কোনও সমস্যা নেই।

তবে এটাও জানাই ছিল, রাজ্য সংস্থার নির্বাচন ৪ নভেম্বরের মধ্যে করতে না পারলেও, তাঁদের ফেডারেশনের নির্বাচনে ভোটদান আটকাবে না। কারণ তেমনই একটি অর্ডার রয়েছে দিল্লি হাইকোর্টের। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের(‌এআইটিএ)‌ নির্বাচন ঘিরে রাজ্য টেনিস সংস্থার ভোটদান নিয়ে বিতর্ক মামলায়। সেই বিতর্কের নিষ্পত্তি ঘটিয়ে ১৮ জুন, ২০২৬য়ে দিল্লি হাইকোর্টের দুই মহামান্য বিচারপতি তেজস কারিয়া ও মধু জৈন তাঁদের অর্ডারের ২০.‌৬ ধারায় স্পষ্টভাবেই বলে দেন, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোশিয়েশনের অনুমোদিত রাজ্য সংস্থার এআইটিএ-‌র এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিং ও কার্যকরী কমিটি গঠনের জন্য নির্ধারিত নির্বাচনে অংশ নিতে ও ভোটদানে কোনও বাধা নেই। ভোটাধিকার প্রয়োগের সময় জাতীয় ক্রীড়ানীতি ও জাতীয় ক্রীড়া প্রসানিক বিল মেনে রাজ্য সংস্থা নিজেদের কমিটি গঠন করতে না পারলেও।

এমন একটি অর্ডার আগে থেকেই রয়েছে বলে তার ভিত্তিতে ফেডারেশনের রিটার্নিং অফিসারের কাছে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অনুমতি পেল আইএফএ। কারণ এআইটিএ-‌র নির্বাচনের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেটা ভারতের অন্যান্য সর্বভারতীয় ও রাজ্য ক্রীড়া সংস্থার ক্ষেত্রেও একই নিয়ম খাটলো।

ফেডারেশনের বর্তমান সভাপতি কল্যান চৌবের নাম দেশের কোনও রাজ ফুটবল সংস্থা প্রতিনিধি হিসেবে পাঠায়নি। পরে নতুন ডেভেলপমেন্টে দাদরা অ্যান্ড নগর হাভেলি অ্যান্ড দমন অ্যান্ড দিউ ফুটবল অ্যাসোসিয়েশনের দু’‌জন প্রতিনিধির একজন হিসেবে কল্যান চৌবের নাম পাঠিয়েছিল। পরক্ষণেই সেই নাম প্রত্যাহার করে নেয় ওই ফুটবল সংস্থা বিশেষ এক অঙ্গুলিহেলনে। ওই ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে ফেডারেশনের ভোটাধিকার প্রয়োগ করবেন আলতামাস শেখ ও ওয়াল্টার পেরিরা।

কল্যান চৌবে অবশ্য লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ। যদিও তাঁর সঙ্গে দেশের অধিকাংশ রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধিদের সমর্থন নেই জেনেও। তাও ভেসে থাকার কারণে, নিজে এক কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও হাত মিলিয়েছেন আর এক রাজনৈতিক দলের নেতার সঙ্গে। ভিন্ন মেরুতে থাকা কর্নাটক রাজনৈতিক ব্যক্তিত্ব এনএ হ্যারিসের রাজ্য কর্নাটক রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে ফেডারেশন ইলেক্টোরালে নিজের নাম নথিভুক্ত করেছেন কল্যান। অপর প্রতিনিধি এনএ হ্যারিস নিজে।

ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন দেবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করেছেন উত্তরপ্রদেশ ফুটবল সংঘের শীর্ষ কর্তা অরবিন্দ মেনন। তিনি বলেই দিয়েছেন, বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের হাইকমান্ড, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে কথা বলেই তিনি সভাপতি পদের জন্য নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় সরকারের হাত যাঁর মাথায় থাকবে, তাঁর জয় একপ্রকার নিশ্চিত।

কল্যান চৌবের আগে দীর্ঘসময় ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল ওয়েস্টার্ন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে ইলেক্টোরাল কলেজে নাম অন্তর্ভুক্ত করলেও, এখনও জানাননি, তিনি অরবিন্দ মেননের সঙ্গে সভাপতি পদের জন্য ২০ ডিসেম্বর নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন কিনা?‌ যদিও সে সম্ভাবনা কম মনে হচ্ছে। প্রফুল প্যাটেল ফেডারেশন সভাপতি পদের লড়াইয়ের থেকে সরে থেকে ফিফা কাউন্সিল ও এএফসিতে নিজের জায়গা আরও পাকাপোক্ত করার দিকে ঝুঁকতে পারেন, এমনটা আশা করলে ভুল হবে না। অবশ্য সেটা সময়ই বলবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...