অলস্পোর্ট ডেস্ক: রবিবার ইন্টার মিয়ামিতে ঝড়-বৃষ্টির মধ্যে দিয়েই বরণ করে নেওয়া হল বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি -কে। অনুষ্ঠান শুরুর আগের মুহূর্তে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়েছিল। তবুও তা আটকাতে পারেনি দর্শকদের উৎসাহকে। বৃষ্টি থেকে বাঁচতে গাড়ির ভিতরে আশ্রয় নিলেও পরে সকলেই যোগ দেন অনুষ্ঠানে। প্রায় ২০ থেকে ২২ হাজারের কাছাকাছি দর্শক উপস্থিত ছিল মিয়ামির স্টেডিয়ামটিতে।
অনুষ্ঠানটি শুরু হয়েছিল নির্ধারিত সময়ের দু’ঘন্টা পর। আতশ বাজির রোশনাই আর ‘‘মেসি মেসি” রবে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম। এরপর মেজর সকার লিগের ক্লাব ইন্টার মিয়ামির ১০ নম্বর জার্সি গায়ে আনুষ্ঠানিকভাবে দর্শকদের সামনে এলেন লিও। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেন ভাল খেলার।
ক্লাবের সহ-মালিক ডেভিড বেকহ্যাম অনুষ্ঠান শুরুর সময় বলেন মেসির আগমন যেন এক স্বপ্ন সত্যি হওয়া। ‘‘লিও, আমরা খুবই গর্বিত যে তুমি তোমার কেরিয়ারের পরবর্তী পর্যায়ে আমাদের ক্লাবকে বেছে নিয়েছ,’’ বলেছেন প্রাক্তন ইউনাইটেড খেলোয়াড়।
“ আমাদের পরিবারে তোমাকে স্বাগত লিও’’ দর্শকদের উচ্ছ্বাস বাড়িয়ে দেওয়ার জন্য বেকহ্যাম স্প্যানিশ ভাষায় বলে ওঠেন। মিয়ামির বড় অংশের মালিক জোর্জে মাস তাঁর নিজের দোভাষীকে নিয়ে বক্তৃতার মাধ্যমে দর্শকদের ভিড়কে আরও উৎসাহিত করে তোলেন। ‘‘আজকের রাতটি হল গোটা শহরের জন্য বিশেষ একটি উপহার। আজ এত বৃষ্টির মধ্যেও আমরা উদযাপন করছি। এই বৃষ্টির জল হল পবিত্র জল,’’ বলছেন কিউবান-আমেরিকান ব্যবসায়ী।
‘‘এই মুহূর্ত আমাদের, দেশের ফুটবলের মানচিত্র পরিবর্তন করার মুহূর্ত,’’ এরপর তিনি মেসিকে নতুন নম্বর ১০, আমেরিকার নম্বর ১০’ হিসাবে পরিচয় করিয়ে দেন। মেসি মিয়ামিতে পৌঁছেছিলেন গত মঙ্গলবার সপরিবারে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল মেসি স্থানীয় একটি সুপারমার্কেটে কেনাকাটা করছেন।
‘‘সকলকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সমর্থন করছেন এবং ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মিয়ামিতে এসে আমি সত্যিই ভীষন আপ্লুত,‘’ এমনটাই বলেছেন এলএম১০। তিনি আরও বলেন, ‘‘আমি আবার প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরী করতে চাই। আমি চিরকালই প্রতিযোগিতায় জিততে চেয়েছি। ক্লাবের উন্নতির জন্য।’’
‘‘আমি খুবই খুশি যে আমাকে এবং আমার পরিবারকে এই শহরে খেলার জন্য নির্বাচন করা হয়েছে। কোনও সন্দেহ নেই যে আমরা খুবই উপভোগ করতে চলেছি। ভাল সময় কাটাতে চলেছি। অনেক ভাল জিনিস ঘটতে চলেছে, বলেছেন মেসি।
মেজর সকার লিগের ক্লাবগুলির অন্যতম সেরা ইন্টার মিয়ামি শনিবারই জানিয়েছিল সাত বার ব্যালন ডি’ওর বজয়ী তারকা চুক্তিতে সই করেছেন। এই চুক্তি অনুযায়ী তিনি ক্লাবে থাকবেন ২০২৫ পর্যন্ত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
