অলস্পোর্ট ডেস্ক: ইন্টার মিয়ামির হয়ে লিওনেল মেসি-এর অভিষেক ঘটতে চলেছে শুক্রবার। মেক্সিকোর ক্রুজ আজুলের বিরুদ্ধে খেলতে নামতে পারেন কিংবদন্তী মেসি। কিন্তু নামলেও বেশিক্ষণ খেলার সম্ভবনা নেই। গত সপ্তাহে আর্জেন্টিনার বিশ্ব বিখ্যাত এই ফুটবলার চলে এসেছেন দক্ষিণ ফ্লোরিডায়। তাঁকে নিয়ে উচ্ছ্বসিত গোটা ফ্লোরিডা। দ্বিগুন দামে বিক্রি হয়ে গিয়েছে সব টিকিক। শুধুমাত্র মেসির একঝলক দেখার জন্য।
গত রবিবার তাঁকে অফিসিয়ালি ইন্টার মিয়ামির সমর্থখদের সামনে আনা হয় একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে। তাঁকে দেখার জন্য স্টেডিয়াম ভরিয়েছিলেন সমর্থকরা। ক্লাবের প্রধান জর্জ মাস তাঁকে “আমেরিকার দশ নম্বর” বলে সম্বোধন করেছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেসির আগমন মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের ল্যান্ডস্কেপ পরিবর্তন করে দেবে।
পরিবারের সঙ্গে সময় কাটানোর পর মেসি এই সপ্তাহ থেকে তাঁর অনুশীলন শুরু করেছেন। দলের সহমালিক ডেভিড বেকহ্যাম মঙ্গলবার বলেন, ‘‘মেসি ম্যাচে কিছুটা সময় খেলবেন।’’ কোচ মার্টিনো যিনি মেসির প্রাক্তন বার্সেলেনার কোচ ছিলেন, তিনি জানান, মেসি বেঞ্চ থেকেই তাঁর নতুন যাত্রা শুরু করবেন।
সাংবাদিক বৈঠকের আগে ফোর্ট লডারডেলে সাংবাদিকদের মার্টিনো জানান তাঁরা সিদ্ধান্তে এসেছেন যে কীভাবে মেসিকে মাঠে ব্যবহার করা যায়। মেসির সঙ্গে তাঁর বার্সেলোনার প্রাক্তন সতীর্থ সার্জিও বুস্কেটেরও এটি অভিষেক ম্যাচ হতে চলেছে। যদিও তিনি বলেছেন, ‘‘আমার কিছুটা সময় লাগবে সব কিছু মানিয়ে নিতে। ৯০ মিনিট একটানা খেলা আমার পক্ষে সত্যি সম্ভব নয় এখন।’’ সেদিক থেকে দেখতে গেলে তাঁকেও খুব কম সময়ই মাঠে দেখা যেতে পারে।
মেসির অভিষেক ম্যাচের জন্যই তাঁর ভক্তরা ২৫০ ডলার দিয়েও ম্যাচের টিকিট কিনেছেন। মায়ামিতে মেসিকে দেখার জন্য তাঁর ভক্তরা ব্যাকুল হয়ে রয়েছেন। প্রতিপক্ষ দলের কোচের কাছে জানতে চাওয়া হয়, তাঁরা মেসির মুখোমুখি হওয়ার জন্য কতটা প্রস্তুত। এই কথায় তিনি হেসে বলেন, ‘‘যদি তিনি না খেলতেন তাহলে ভাল হত। কিন্তু তাঁদেরকেও একটা কথা ভাবতে হবে। কেন এত মানুষ খেলা দেখতে আসছে? অবশ্যই তাঁর জন্যই তো।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা শুধুমাত্র একজন ফুটবলারের মুখোমুখি হচ্ছি না। কখনওই একজন ফুটবলার নিজে একা হারে বা জেতে না। আমি মনে করি আরও অনেক খেলোয়াড় আছে যাঁরা সমর্থন পাওয়ার যোগ্য। এখানে দুটো দল রয়েছে। একটা দল বহু পুরনো এবং মেক্সিকোর সবচেয়ে বড় দল ক্রুজ আজুল এবং রয়েছে ইন্টার মিয়ামি, যা এমএলএস-এর জন্য বিখ্যাত।’’
মার্টিনো জানিয়েছেন অনুশীলনের সময় মেসিকে প্রাণবন্ত লাগছিল। নিজের দেশের হাতে ট্রফি তুলে দেওয়ার পর থেকে তাঁকে খুবই হালকা মেজাজের লাগছে। তিনি বলেন, ‘‘ আগে লিওকে অনেক চিন্তিত লাগত। সাত মাস আগে তাঁর এই জয় তাঁকে অনেকটাই আনন্দ দিয়েছে।’’
বৃহস্পতিবার মায়ামিতে নাম লেখানোর পর বুস্কেটস বলেন, ‘‘আমি অত্যন্ত আনন্দিত লিওর সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব। সময় আমাদের সুযোগ দিয়েছে একসঙ্গে খেলার। মেসি সত্যিই খুব বড় মাপের মানুষ। ফুটবলের ইতিহাসে সবচেয়ে সেরা ফুটবলারের সঙ্গে খেলব। আমি সবকিছুর জন্য খুব আনন্দিত। আশা করছি ইন্টার মিয়ামির জন্য আমরা ভাল কিছু করতে পারব।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
