রবি শাস্ত্রী
অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এখনও দলে চার নম্বরে কে খেলবেন তা নিয়ে কোনও সিদ্ধান্তে আসতে পারেননি নির্বাচকরা। তবে এই পজিশনে কেএল রাহুল-কে খেলতে দেখতে চান না রবি শাস্ত্রী। সে কথা সাফ জানিয়ে দিলেন তিনি।
জাতীয় দলের চার নম্বরে কে ব্যাট করবেন তা মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে নির্বাচকদের। কিন্তু এই সমস্যার কোনও সমাধান খুব তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে না। সামনেই রয়েছে এশিয়া কাপ এবং বিশ্বকাপ। তার আগেই এই সমস্যার সমাধান করে ফেলতে চাইছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ চোট কাটিয়ে খেলায় ফিরেছেন শ্রেয়াশ আয়ার এবং কেএল রাহুল। তাঁদের ফিরে আসা বিশেষজ্ঞদের মনে আশা জাগাচ্ছে। তবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী মনে করেন না কেএল রাহুলের এশিয়া কাপ দলে থাকা হবে বলে।
রাহুল দলের হয়ে শেষ খেলেছেন গত বছর মার্চ মাসে। এরপর চোটের কারণে দীর্ঘদিন দলের বাইরে ছিলেন। তবে চোট পাওয়ার আগে পর্যন্তও যে খুব ভাল ফর্মে ছিলেন তেমনটা বলা যাবে না। চোট কাটিয়ে খেলায় ফিরে এলেও তাঁর থেকে বেশি কিছু আশা করা বাড়াবাড়ি হবে বলে মনে করছেন শাস্ত্রী।
‘‘দেখুন আপনারা যাকে নিয়ে কথা বলছেন তিনি দীর্ঘদিন খেলা থেকে দূরে রয়েছেন এবং সদ্য চোট কাটিয়ে উঠেছেন। তাঁকে এশিয়া কাপের দলে ভাবাটা একটু বেশি বাড়াবাড়ি। যখন কেউ সদ্য চোট কাটিয়ে ওঠেন তখন তাঁর নড়াচড়া বেশি করার ক্ষমতা কমে যায়। তাই এটা একেবারেই হবে না,” বলেন শাস্ত্রী।
মিডিল অর্ডারের সমস্যা ২০১৯-এর বিশ্বকাপের সময়ও দলের জন্য কঠিন হয়ে উঠেছিল। মাঝে চার বছর কেটে গেলেও এই সমস্যার সমাধান এখনও হয়নি। এই অবস্থায় জাতীয় দলে সুযোগ পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কেএল রাহুল এবং শ্রেয়াশ আয়ারের সামনে। তবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে এই মুহূর্তে দলে একজন উইকেট রক্ষক প্রয়োজন।
ঈশান কিষান একদিনের ম্যাচে খুব ভাল খেলছেন কিন্তু তিনি ওপেনার হিসেবে দলে থাকেন। শুবমান গিল ওপেন করেন অথবা তিন নম্বরে ব্যাট করেন। দলে ভারসাম্য ব্যাটিং অর্ডারে বড় পরিবর্তন আনা প্রয়োজন বলেই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
