অলস্পোর্ট ডেস্ক: আসন্ন কিংস কাপ-এর সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে ইরাকের। বুধবার এমনই সূচী প্রকাশ করেছে আয়োজকরা। সেপ্টেম্বরের ৭ থেকে ১০ তারিখ পর্যন্ত এই টুর্নামেন্ট হবে থাইল্যান্ডে। প্রতি বছরের মতো এবারও এই টুর্নামেন্টে চারটি দল খেলবে। ভারত ও ইরাক ছাড়াও খেলবে আয়োজক দেশ থাইল্যান্ড ও লেবানন। তারা অপর সেমিফাইনালে মুখোমুখি হবে।
দুই সেমিফাইনাল ম্যাচই হবে একই দিনে, ৭ সেপ্টেম্বর। দুই সেমিফাইনালের জয়ী দল মুখোমুখি হবে ১০ সেপ্টেম্বর, ফাইনালে। ওই দিনই দুই সেমিফাইনালের পরাজিত দল মুখোমুখি হবে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে। সব ম্যচই হবে চিয়াং মাইয়ের ৭০০ অ্যানিভারসারি স্টেডিয়ামে।
ইরাকের বিরুদ্ধে ভারত শেষ মাঠে নেমেছিল ২০১০ এ এক ফ্রেন্ডলি ম্যাচে। সেই ম্যাচে ২-০-য় জিতেছিল ইরাক। এই টুর্নামেন্টে ইরাকের (৭০) পরে ভারতই ফিফা ক্রমতালিকায় থাকা দ্বিতীয় সর্বোচ্চ (৯৯) দল। লেবানন ও থাইল্যান্ড রয়েছে যথাক্রমে ১০০ ও ১১৩ নম্বরে।
এ বছর কিংস কাপের ৪৯ বছর পূর্ণ হচ্ছে। ভারত এই নিয়ে চতুর্থ বার এতে অংশ নিচ্ছে। ২০১৯-এ থাইল্যান্ডকে ১-০-য় হারিয়ে তৃতীয় স্থান পেয়েছিল ভারত। ১৯৭৭-এও তৃতীয় স্থান পায় তারা। ১৯৮১-তে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত।
এ বারের টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচ ৭ সেপ্টেম্বর, ভারতীয় সময় বিকেল চারটেয়। ফাইনাল ১০ তারিখে, সন্ধ্যা সাতটায়। তৃতীয় স্থান নির্ধারক ম্যাচ ওই দিন বিকেল চারটেয়।
(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
