Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার শুরু হতে চলেছে ভারত-আয়ারল্যান্ড তিন ম্যাচের টি২০ সিরিজ। এই সিরিজে জাতীয় দলে অভিষেক হবে আইপিএল স্টার রিঙ্কু সিং-এর। সেই সফরেই তাঁর প্রথম বিজনেস ক্লাসে যাত্রা। বিমানেই সতীর্থর জিতেশ শর্মাকে নিজের অভিজ্ঞতার কথা জানালেন রিঙ্কু সিং।

ডাবলিনে প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত-আয়ারল্যান্ড। এই সিরিজ ভারতীয় দলের ভক্তদের জন্য বিশেষ হতে চলেছে। কারণ এই সিরিজে দলের তারকা পেসার যসপ্রীত বুমরাহ শুধুমাত্র মাঠে ফিরছেন তাই নয়, এই সিরিজে তাঁকে আমরা অধিনায়ক হিসেবে দেখতে চলেছি। এছাড়াও এই সিরিজে অভিষেক হবে রিঙ্কু সিং, জিতেশ শর্মার মতো ২০২৩ আইপিএল-এর তারকা খেলোয়াড়রদের। কলকাতা নাইট রাইর্ডাসের হয়ে অসাধারণ পারফর্ম্যান্সে রিঙ্কু সিং মুগ্ধ করেছিলেন ক্রিকেট প্রেমিদের। এবার জাতীয় দলে অভিষেক করার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি।

এই সফরে রিঙ্কু সিং প্রথমবার বিজনেস ক্লাসে যাত্রা করছেন। বিসিসিআই-এর টুইটারে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রিঙ্কু তাঁরই সতীর্থ জিতেশ শর্মাকে তাঁর এই অভিজ্ঞতার কথা বলেছেন।

‘‘আমার সত্যি খুবই ভাল লাগছে। প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলার। যখন প্রথম আমি ঘরে ঢুকে আমার নাম ও নম্বর (৩৫) ছাপানো জার্সিটা দেখি, ওটা আমার জীবনের সব থেকে আবেগপ্রবণ মুহূর্ত ছিল। এবং এটাই একমাত্র মুহূর্ত যেটার জন্য আমি এতদিন কঠোর পরিশ্রম করেছি। নয়ডাতে আমি যখন বন্ধুদের সঙ্গে অনুশীলন করছিলাম তখন আমার জাতীয় দলে সুযোগ পাওয়ার খবর জানতে পারি। সঙ্গে সঙ্গে আমি মা-কে ফোন করে জানাই। কারণ ভারতের হয়ে খেলার জন্য মা আমাকে সবচেয়ে বেশি উৎসাহিত করেছিলেন। তাই এটা আমাদের দু’জনের স্বপ্নপূরণ,” রিঙ্কু বলছিলেন জিতেশকে।

এছাড়াও জিতেশ জানান, ২০১৩-তে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি এবং রিঙ্কুর একসঙ্গে অভিষেক হয়েছিল। এরপর কেটে গিয়েছে ১০ বছর। এবারেও জাতীয় দলে একসঙ্গে অভিষেক হবে তাঁদের। জিতেশের এই কথায় মজাদার উত্তর দেন রিঙ্কু, ‘‘এটা আমার জন্য খুব ভাল যে আমি আর তুমি একসঙ্গে আয়ারল্যান্ড সফরে যাচ্ছি। কারণ তুমি আমাকে আমার ইংরাজিতে সাহায্য করবে। এছাড়াও আমরা দু’জনই এই প্রথম বিজনেস ক্লাস ফ্লাইটে যাত্রা করছি। এটার সঙ্গে মানিয়ে নেওয়া আমাদের জন্য বেশ কঠিন ছিল।“

এছাড়াও রিঙ্কু বলেন, ‘‘যদি আমি খেলার একটা সুযোগ পাই, আমার ১০০ শতাংশ দিয়ে খেলব এবং দলকে জেতাব। আমি সবার সঙ্গে কথা বলেছি এবং তাঁরা আমাকে চাপ নিতে বারন করেছে। আমি সঞ্জু ভাইকে বলেছি, আমার যদি ইংরাজিতে সাক্ষাৎকার নেয় সেটাই আমার একমাত্র চাপ।“

এবারের সফরে ভারতীয় দলে আছেন যশপ্রীত বুমরাহ, রুতুরাজ গাইকোয়ার, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণই, প্রসিধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *