অলস্পোর্ট ডেস্ক: সারদা কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যা খবর তাতে নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। তাঁর সঙ্গে সেই তালিকায় নাম রয়েছে প্রাক্তন ডিজি রজত মজুমদার, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সজ্জন আগরওয়ালেরও। ইডির তরফে জানানো হয়েছে এই চার্জশিটে যাদের নাম রয়েছে তারা সারদার সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত ছিলেন। সোমবারই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়। ব্যক্তির পাশাপাশি এই চার্জশিটে উঠে এসেছে বেশ কিছু সংস্থার নামও বলে জানা গিয়েছে।
সারদা কান্ডে কী ভাবে জরিয়ে গেল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের নাম?
কয়েক বছর আগেই সারদা কান্ডের সঙ্গে যুক্ত থাকার প্রমান পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধে। সেই সময় অভিযোগ ছিল ক্লাবের স্পনসরশিপের নামে সুদীপ্ত সেনের কাছ থেকে তিনি চার কোটি টাকা নিয়েছিলেন। ইডি যখন সারদা কান্ডে সম্পত্তি বাজেয়াপ্ত করতে শুরু করে সেই সময় বাজেয়াপ্ত হয়েছিল ইস্টবেঙ্গল কর্তার সম্পত্তিও। জেরার মুখে পড়তে হয় দেবব্রত সরকারকে।
এর আগে রোজভ্যালি কান্ডেও নাম উঠে এসেছিল তার। তাতে সিবিআই-এর জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। সব মিলে বার বার উঠে এসেছে এই ইস্টবেঙ্গল কর্তার নাম। ২০১৪-তে সারদা কান্ডে তার উত্তর কলকাতার বাড়ি থেকে বেশ কিছু নথি পাওয়ার পর তাকে গ্রেফতারও করা হয়েছিল সেই সময়। তার পর তিনি ছাড়াও পেয়ে যান এবং স্বমহিমায় ফিরে আসেন ময়দানে। এই দ্বিতীয় চার্জশিটের পর আদালত কী পদক্ষেপ নেবে সেটাই এখন দেখার।
সারদা কান্ডে ইডির তরফে এটি ছিল দ্বিতীয় চার্জশিট। প্রথম চার্জশিটের পর তেমনভাবে তার কোনও ফল হয়নি। জিজ্ঞাসাবাদ, কিছু গ্রেফতারি যে হয়নি তা নয়। তবে পরবর্তী সময়ে ছাড়াও পেয়ে গিয়েছে তারা। তবে সারাদার মালিক সুদীপ্ত সেন জেলেই রয়েছে। কিন্তু যেসব সাধারণ মানুষের টাকা সেই সময় চিটফান্ডগুলোতে নষ্ট হয়েছে তাদের কোনও সুরাহা হয়নি। দ্বিতীয় চার্জশিটের পর কী হবে এখন সেদিকে তাকিয়েই সবাই। তবে অতীতে বার বার সারদা মামলা মন্থর গতিতে চলার অভিযোগ এসেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
