Cart Total Items (0)

Cart

All Sports India
ভারতের আয়ারল্যান্ড সফর

অলস্পোর্ট ডেস্ক: বুধবার ডাবলিনে ভারতের আয়ারল্যান্ড সফর শেষ হল বৃষ্টিমুখর জয় দিয়ে। তৃতীয় টি২০ ম্যাচ শুরুই করা গেল না। এক বলও খেলা হল না দু’পক্ষের মধ্যে, টসই হল না। বৃষ্টি বিপর্যয়ে আম্পায়াররা দু’দলের অধিনায়কের সঙ্গে কথা বলে ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেন। ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজ ২-০ ব্যাবধানে জয় তুলে নেন বুমরাহরা।

এশিয়া কাপের আগে এটিই ছিল ভারতীয় দলের শেষ আন্তর্জাতিক ম্যাচ। এই সিরিজটি ভারতের তরুণ প্লেয়ারদের পরখ করে নেওয়ার শেষ সুযোগ ছিল। তার উপর চোট সারিয়ে আয়ারল্যান্ড সিরিজে কামব্যাক করেছেন বুমরাহ। একেবারে অধিনায়ক পদেই অভিষেক ঘটেছে তাঁর, এবং সিরিজের প্রথমদিনই নিজেকে যোগ্য বলে প্রমাণ করে ফেলেছিলেন তিনি।

আয়ারল্যান্ড সিরিজের প্রথম টি২০ ম্যাচে ডিএলএস মেথডে মাত্র ৬.৫ ওভারেই জয়ের রান তুলে নিয়েছিল ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৩৯-৭ রান করেছিল। এরপর ১৪০ রানের লক্ষ্যে ভারত যখন ব্যাট করতে নামে, সপ্তম ওভারের খেলার মাঝে শুরু হয় ঝমঝমিয়ে বৃষ্টি। দীর্ঘ সময় বৃষ্টি না থামায় খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল আম্পায়াররা। সেই সময় ডিএলএস মেথডে দু’রানে এগিয়ে ছিল ভারত। সেই দরুণ ভারতীয় দলকেই জয়ী বলে ঘোষণা করে দেওয়া হয়।

প্রথম ম্যাচে ভারতের হয়ে জোড়া উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণ ও রবি বিষ্ণোই। এবং একটি উইকেট নিয়েছিলেন অর্শদীপ সিং। ওদিকে, আয়ারল্যান্ডের হয়ে পর পর দুই বলে দুই উইকেট ছি‌নিয়ে নিয়েছিল ক্রেইগ ইয়ং। ৬.৫ ওভারে ভারত ম্যাচ জিতে গিয়েছিল ৪৭-২ রানে। তবে প্রত্যাবর্তন ম্যাচের সেরা ছিলেন যশপ্রীত বুমরা। ম্যাচ মাঝ পথে বন্ধ হয়ে গেলেও যেভাবে তিনি একবছর মাঠের বাইরে থেকেও সিরিজের প্রথম ম্যাচেই জোড়া উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন তা ভারতীয় দলের কাছে অত্যন্ত খুশির খবর।

আবার দ্বিতীয় দিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন রিঙ্কু সিং। সিরিজে প্রথম থেকে দলে থাকলেও দ্বিতীয় ম্যাচে প্রথম ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন রিঙ্কু। তেমনই খেলতে নেমে একেবারে তিনি হতাশ করেননি ভক্তদের, তাঁর ব্যাটে ৩৮ রান উঠে আসে যা এদিনের ভারতের ম্যাচ জেতা আরও স্পষ্ট করে দিয়েছিল। এই ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। ভারত ২০ ওভারে  ১৮৫-৫ রান করেছিল। উল্লেখ্য, এই ম্যাচে ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরি হাঁকান রুতুরাজ গায়কোয়াড়। এরপর আয়ারল্যান্ড ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ১৫২ রানে হার স্বীকার করেছিল ভারতের কাছে। আয়ারল্যান্ডকে ৩৩ রানের ব্যাবধানে হারিয়ে ২-০-তে সিরিজ জয় করল ভারত।

এরপর ঘরে ফিরেই ভারতীয় দলকে আসন্ন এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিতে হবে, যা ৩০ অগস্ট থেকে হাইব্রিড মডেল অনুযায়ী পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। ভারত ২ সেপ্টেমবর চিরপ্রতিদন্ধী পাকিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কানডিতে।

তাছাড়া এশিয়া কাপ, অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে চলা ওডিআই বিশ্বকাপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি হিসাবে কাজ করবে। এশিয়া কাপে নির্বাচিত দল বিশ্বকাপের জন্য কতটা পোক্ত তা মেপে নিতে এই টুর্নামেন্টটি সহায়তা করবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *