পুরুষ হকি বিশ্বকাপ দলের হতাশাজনক প্রদর্শনের পর হকি ইন্ডিয়ার (HI) প্রতিক্রিয়া জানাতে বেশি সময় লাগেনি। সভাপতি দিলীপ তিরকি এবং অন্যান্য কর্মকর্তারা টুর্নামেন্টে যৌথভাবে নবম স্থান অর্জন করে রাউরকেল্লা থেকে ফেরার পরেই গ্রাহাম রিড এবং কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন। এবং ভুবনেশ্বরে জার্মানি চ্যাম্পিয়ন হওয়ার পরের দিন, প্রধান কোচ রিড, বিশ্লেষণাত্মক কোচ গ্রেগ ক্লার্ক এবং বৈজ্ঞানিক উপদেষ্টা মিচেল ডেভিড পেমবার্টন তাদের পদত্যাগপত্র জমা দেন হকি ইন্ডিয়াকে।
সেই ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ে হকি ইন্ডিয়া তাদের ওয়েবসাইটে সেই তিন শূন্য পদের জন্য বিজ্ঞাপনও দিয়ে দেয়। সেখানে লেখা হয়, “সফল আবেদনকারীকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চুক্তিতে হকি ইন্ডিয়া/স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা নিযুক্ত করা হবে। অর্থাৎ, এশিয়ান গেমস ২০২৩ এবং প্যারিস অলিম্পিক গেমস ২০২৪ নতুন নিযুক্ত কোচের অধিনে খেলবে ভারতীয় হকি দল। ।”
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ছিল ১৫ ফেব্রুয়ারি। তার পর কেটে গিয়েছে ছয় দিন। তবে এখনও হকি ইন্ডিয়ার তরফে তেমন কিছু জানানো হয়নি। কতজন এবং কাঁরা কাঁরা আবেদন জানালেন সেই তথ্যও গোপন রাখা হয়েছে। তবে মনে করা হচ্ছে এই পরিস্থিতিতে ভারতীয় কোচেদের দিকেই ঝুঁকতে পারে হকি ইন্ডিয়া।
