অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল থেকে ছেঁটে ফেলতে বাধ্য হয়েছে কেকেআর। বিসিসিআইয়ের নির্দেশমতো মুস্তাফিজুরের বিকল্প খোঁজাও শুরু করেছে তারা। জলে বাস করে কুমীরের সঙ্গে বিবাদ করা তো চলে না। যতই বিভিন্ন দিক থেকে কেকেআর কর্ণধার শাহরুখ খান তীব্র সমালোচনায় বিদ্ধ হন না কেন, মুস্তাফিজুর ইস্যুতে শাহরুখ কোনও বিতর্কের পথে হাঁটেননি।
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড চুপ করে বসে থাকার পাত্র নয়। তারা ক্ষোভটা ইতিমধ্যেই উগরে দিয়েছে বিভিন্ন ভাবে। এর আগে নানা ইস্যুতে ভারত-বাংলাদেশের মাঝে নরম গরম সম্পর্কের টানা পোড়েন দেখা গেলেও, খেলার মাঠে তার প্রভাব পড়েনি। সেই হল এবার মুস্তাফিজুর ইস্যুতে। বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া শুধুমাত্র মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশই দেননি কেকেআর টিম ম্যানেজমেন্টকে, তাঁর বক্তব্যে ভারতের বাংলাদেশ সফর করা নিয়েও অনিশ্চয়তার ইঙ্গিত রয়েছে। এতে বেজায় চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা আইসিসির কাছে টি২০ বিশ্বকাপের সময় ভারতে মাটিতে খেলার সময় বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার গ্যারান্টি চেয়েছে। বিসিসিআইয়ের কাছেও চিঠি লিখে জানতে চেয়েছে, কেন মুস্তাফিজুরকে ছেঁটে ফেলা হল আইপিএল থেকে।
আইসিসির মাথায় যেহেতু রয়েছেন জয় শাহ। তাই মূলত তাঁকে জড়িয়েই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে চিঠি দিয়ে দুটি বিষয়ে পরিষ্কার ভাবে জানাতে বলা হয়েছে। এক, কী কারণে কেকেআর দল থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল? আইপিএল নিলামে তাঁকে দলে নেওয়ার পর। আর দ্বিতীয় বিষয় হল, টি২০ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নিচ্ছে ভারত? শুধু ক্রিকেটারই নয়, টি২০ বিশ্বকাপ চলাকালীন ভারতে সফর করবেন বাংলাদেশের প্রচারমাধ্যম, স্পনসরের প্রতিনিধি ও সমর্থকরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে?
টি২০ বিশ্বকাপে বাংলাদেশের খেলা রয়েছে ভারতে মাটিতে ৪টি। তার মধ্যে প্রথম তিনটি কলকাতায় ইডেনে। ৭ , ৯ ও ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশে। শেষ ম্যাচ খেলবে কলকাতার বাইরে মুম্বইয়ে ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে। বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি ও অস্থিরতার কারণে ভারতজুড়ে যে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশ দল, মিডিয়া, স্পনসর ও সমর্থকদের ওপর পড়তে পারে ভেবেই ইতিমধ্যেই আইসিসির কাছে টি২০ বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরানোর একটা আবেদন করেছে বিসিবি। মূলত শ্রীলঙ্কার নামটাই উঠে আসছে। তবে এব্যাপারে এখনও কোনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শেষপর্যন্ত কী হয়, সেটা এখন দেখার বিষয়। তবে বাংলাদেশের কট্টরপন্থী লোকজন ইতিমধ্যেই নাকি বলতে শুরু করেছেন, বাংলাদেশের টিভি চ্যানেলে আইপিএলের সম্প্রচার যেন না করা হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
