অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরকে একহাত নিয়েছেন অভিমন্যু ঈশ্বরণের বাবা। বলেছেন, গম্ভীরের অবিবেচনার জন্যই তাঁর ছেলে চরম হতাশায় ভুগছে। অভিমন্যুর পরিবর্তে করুণ নায়ারকে বাছাই করার পিছনে কোনও যুক্তি তিনি খুঁজে পাননি।
ভারতীয় দলে অভিষেকের জন্য ৯৬০ দিনের বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে অভিমন্যু ঈশ্বরণকে। ইংল্যান্ড সফরটা অভিমন্যুর অভিষেকের সেরা সুযোগ ছিল বলে মনে করেন তাঁর বাবা। বিশেষ করে ২টি ভারতীয় ‘এ’ দলের হয়ে ম্যাচে ভাল পারফরমেন্স করার জন্য। কিন্তু তারপরও সুযোগ হল না দলে। উল্টে ভারতীয় দলের কোচ সবসময় করুণ নায়ারকে পছন্দ করে গেলেন অভিমন্যুর কথা ভুলে।
বিসিসিআই নির্বাচকরা ২০২১ সালে ইংল্যান্ড টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য স্ট্যান্ডবাই হিসেবে ডেকেছিলেন। ২০২২ সালে বাংলাদেশ সিরিজে ভারতীয় দলে অন্তরভুক্ত হন। তারপর থেকে প্রতিনিয়ত ভারতীয় দলে টপ অর্ডার ব্যাটার হিসেবে দলে থাকলেও অভিমন্যুকে খেলানোর প্রয়োজন মনে করেননি কোচ গৌতম গম্ভীর। এবার ইংল্যান্ড সফরে অভিমন্যুর অভিষেকের সুবর্ণ সুযোগ ছিল। বিশেষ করে প্রতিটি টেস্টেই যেখানে বারবার দলে বদল আনা হয়েছিল। ওভালে শেষ টেস্টেও চারটি বদল করা হয়।
বারবার এভাবে অভিমন্যুকে অভিষেক থেকে বঞ্চিত করায় রীতিমতো ক্ষুব্ধ ক্রিকেটারের বাবা রঙ্গনাথন ঈশ্বরণ। তাঁর বক্তব্য, ধারাবাহিকভাবে অভিমন্যু ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করা সত্ত্বেও তাঁর কথা ভাবাই হচ্ছে না। শুধু দিন নয়, বছরের পর বছর পেরিয়ে যাচ্ছে, তবু সুযোগ মিলছে না অভিমন্যুর। প্রায় ৩ বছর হতে চলল। একজন ক্রিকেটার কী করলে নিজের যোগ্যতা এর থেকে বেশি প্রমাণ দেবে? অভিমন্যু তো নিয়মিত দিয়ে আসছে বন রান করে। অনেকে বলেছিলেন, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় এ দলের ম্যাচে ভাল পারফর্ম না করায় টেস্ট দলে অভিমন্যু ঢুকতে পারেনি। মেনে নিচ্ছেন সেকথা। কিন্তু সেই সফরে তো করুণ নায়ার ছিলেন না। করুণ দলীপ ট্রফি ও ইরানি ট্রফির জন্যও ডাক পায়নি। সেখানে অভিমন্যু সাড়ে ৮০০র ওপর রান করেছিল তাতে। তারপরও কীভাবে করুণ নায়ারের সঙ্গে তাঁর ছেলের তুলনা করা হয়? তিনি বুঝে উঠতে পারেননি, আইপিএলের টি২০ পারফরমেন্সের ভিত্তিতে কিছু ক্রিকেটার কীভাবে ভারতীয় টেস্ট দলে খেলার সুযোগ পেয়ে যায়।
রঙ্গনাথন জানিয়েছেন, এইধরনের বিমাতৃসুলভ আচরণের জন্য অভিমন্যু হতাশায় ভুগছে। গোটা ইংল্যান্ড সফর চলাকালীন অভিমন্যুকে তিনি উৎসাহ জুগিয়ে গিয়েছিলেন। হতাশায় ভেঙে পড়তে নিষেধ করেছেন। দেখা যাক, কবে ওর কপালে ভারতীয় দলে খেলার শিকে ছেঁড়ে।
এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ ডব্লিউ ভি রমন ভারতীয় টিম ম্যানেজনেন্টের সমালোচনায় সরব হয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণকে অভিষেক না করানোয়। বলেছিলেন, টিম ম্যানেজমেন্টের মনোভাব বোঝা দায়। একজন ক্রিকেটারকে বছরের পর বছর ঘাড়ে করে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে, ভারতীয় এ দলে ভাল পারফর্ম করা সত্ত্বেও তাঁর অভিষেকের কথা ভাবা হচ্ছে না। এটা ঠিক নয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
