ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্ক: ইন্ডিয়া না ভারত, এই নাম নিয়েই বেশ কিছুদিন ধরে নানা বিতর্ক শোনা যাচ্ছে। এবার এই বিতর্কে যোগ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার। এই বিতর্ক নিয়ে ক্রিকেটাররাও নানা মন্তব্য করেছেন। বীরেন্দ্র সেহবাগের পর ভারতের নাম পরিবর্তন নিয়ে এবার নিজের মত জানালেন সুনীল গাভাস্কার।
গাভাস্কার বলেন, যে আসল নাম ভারত। কিন্তু যদি কোনও পরিবর্তন আনা হয়ে থাকে তাহলে তা সব ক্ষেত্রেই আনতে হবে। তিনি বলেন, ‘‘আসল নাম হল ভারত। যদি পরিবর্তন করাই হয় দলের নামও পরিবর্তন করে ভারত ক্রিকেট দল রাখতে হবে। সেক্ষেত্রে সরকারী স্তর থেকে শুরু করে বিসিসিআই স্তর সবক্ষেত্রেই নাম পরিবর্তন করতে হবে। বার্মাকে এখন মায়ানমার বলা হয়। আসল নাম তো উঠেই আসে সে বিষয়ে কোনও সমস্যাই আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আসলে এটা সবক্ষেত্রেই আসতে হবে।’’
আগেই সেহবাগ বিসিসিআইয়ের সচীব জয় শাহকে বলেছিলেন ক্রিকেটাররা যে জার্সি পড়েন তার ওপর ভারত লিখতে। তিনি বলেন, ‘‘আমি সবসময় মনে করি নাম একটাই হওয়া উচিত। যা নিয়ে আমরা গর্ব করি। আমরা ভারতীয়। ইন্ডিয়া নামটা ব্রিটিশদের দেওয়া। অফিসিয়ালি দেশের আসল নাম ‘ভারত’ ফিরিয়ে আনতে হবে। আমি জয় শাহকে এই বিশ্বকাপে ক্রিকেটারদের বুকে ভারত শব্দটা রাখার কথা বলেছিলাম।’’
সেহবাগ তাঁর নিজের টুইটারে বেশ কিছু দেশের উদাহরণ দিয়েছেন। যারা ব্রিটিশদের দেওয়া নাম এখন আর ব্যবহার করে না। তিনি তাঁর টুইটারে বলেছেন, ‘‘১৯৯৬ বিশ্বকাপে নেদারল্যান্ডস যখন ভারতে খেলতে এসেছিল তখন তাদের নাম ছিল হল্যান্ড। ২০০৩-এ যখন আমরা একসঙ্গে খেলি তখন ওদের নাম হয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। তারপর থেকে ওরা নেদারল্যান্ডস শব্দটাই ব্যবহার করে। বার্মাও ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করে নাম রাখে মায়ানমার। এরকম অনেক দেশই ব্রিটিশদের দেওয়া নাম পরিবর্তন করে নিজেদের আসল নাম ফিরিয়ে এনেছে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
