Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: শ্রেয়স আইয়ারের অধিনায়ক হিসেবে শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত সিরিজ জয়ের স্বাদ পেলেন তিনি। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের তিন ম্যাচ জিতেই সিরিজ পকেটে পুড়ল শ্রেয়সের ভারত। শনিবারই দ্বিতীয় ম্যচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল ভারত। এই ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই ম্যাচও দাপটের সঙ্গেই জিতে নিল ভারত। এই ম্যাচেও জ্বলে উঠল বৈভব সূর্যবংশীর ব্যাট। হারারে স্পোর্টস ক্লাবে রবিবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স। প্রথমে ব্যাট করে ভারত ৫ উইকেটে ১৯২ রন তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৭ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ে।

এদিন বৈভবের সঙ্গে ওপেন করতে নেমে ভরসা দিতে পারেননি অভিষেক শর্মা। মাত্র ২ রান‌ করে আউট হয়ে যান‌ তিনি। এর পর ঈশান কিষাণের সঙ্গে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান বৈভব। এই সিরিজে একাধিক রেকর্ড লেখা হল দলের কনিষ্ঠতম প্লেয়ারের নামে। এদিনও হাফ সেঞ্চুরি হাঁকালেন। সঙ্গে দলকে শক্ত ভিত তৈরি করতে সাহায্য করলেন। ৪৯ বলে আটটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৮১ রানের ইনিংস খেললেন তিনি।

এছাড়া ঈশান ২৯, শ্রেয়স ২৭, রিঙ্কু সিং ২৫ রান করে আউট হলেন। ১১ রানে অপরাজিত থাকলেন তিলক ভার্মা। ২০ ওভারে ভারতে ইনিংস থামল ১৯২-৫-এ। জিম্বাবোয়ের হয়ে জোড়া উইকেট নিলেন ব্র্যাড ইভান্স। একটি করে উইকেট সিকান্দর রাজা, ব্লেসিং মুদারাবা নি ও ওয়েসলি মাদেভেরের।

জবাবে ব্যাট‌ করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবোয়ের ব্যাটিং। দুই ওপেনার ব্রায়ান বেনেট ০ ও বেন কারান ২০ রান করে আউট হয়ে যান। এছাড়া ডিয়ন মেয়ার্স ১৯, সিকান্দর রাজা ০, ওয়েসলি ২৮, মারুমানি ১, ব্র্যাড ১৪ রান করে আউট হন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৫৪ রানে অপরাজিত থাকেন রায়ান বুলি। যার ফলে উইকেট হাতে থাকলেও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় জিম্বাবোয়ে। নির্ধারিত ওভারে ১৫৭-৭-এ শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস।

ভারতের হয়ে তিন উইকেট তুলে নেন মায়াঙ্ক যাদব। দুই উইকেট যশ ঠাকুরের ও একটি করে উইকেট নেন অশোক শর্মা এবং রবি বিষ্ণোই। দারুণ পারফর্ম করে ম্যাচ ও সিরিজের সেরা বৈভব সূর্যবংশী।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *