Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে সবচেয়ে বড় অঘটনের শিকার হওয়ার থেকে বেঁচে গেল ভারতীয় দল। জাপানের কাছে হারতে হারতে ২ রানে ম্যাচ জিতে ২০২৬ আইচি এশিয়ান গেমসে সোনা জয়ের আশা জিইয়ে রাখলেন শ্রেয়স আইয়াররা। ২০২৩ হ্যাংঝৌ এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। জাপানের সঙ্গে স্যানোর মাঠে টি২০ ম্যাচ বৃষ্টির কারণে ৫ ওভারে কমিয়ে আনতে বাধ্য হন আম্পায়াররা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ ওভারে ৩২ রান তোলে ভারত ৪ উইকেটের বিনিময়ে। জাপান ব্যাটাররা সেই রানের একেবারে কাছে চলে গিয়েছিলেন। শেষপর্যন্ত বোলার ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের সৌজন্যে জাপান ৫ ওভারে ৩ উইকেট খুইয়ে ৩০ রান তুলতে সক্ষম হয়। মাত্র ২ রানে ম্যাচ জিতে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভারতীয় ক্রিকেটাররা।

আগের রাতে জোরালো বৃষ্টি হয়ে যাওয়ায় মঙ্গলবার সকালে স্যানোর মাঠের আউটফিল্ড ভিজে ছিল। এতে সকালে নির্দিষ্ট সময় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তিন ঘন্টা অপেক্ষার পর আম্পায়াররা ও ম্যাচ রেফারি ৫ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন। ভারতীয় দল ব্যাট করতে নেমে ৩২ রান তোলে মূলত শ্রেয়সের ১৬ রানের সুবাদে। জাপান পিচের চরিত্র বুঝে ৫ জন স্পিনারকে দিয়ে বল করায়। চার্লি হারাহিনজে, ইব্রাহিম তাকাহাসি, বেঞ্জামিন ডেভিস পিচের ফায়দা তুলে ভারতকে বড় রানের ইনিংস গড়তে দেয়নি। অভিষেক শর্মা শূণ্য রানে প্যাভিলিয়ানে ফিরলে চাপে পড়ে ভারত। ২০২৬য়ে টি২০ ক্রিকেটে অভিষেকের এটা সপ্তম শূণ্য রানে আউট হওয়া। আর পঞ্চমবার প্রথম বলে কোনও রান না করে প্যাভিলিয়ানে ফিরে যাওয়া। সঞ্জু স্যামসন(‌৯)‌, ইশান কিষাণ(‌৩)‌, শ্রেয়স আইয়ার(‌ ১৬)‌ ভারতীয় ইনিংসকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান। তিলক ভার্মা(‌৩)‌ ও শিবম দুবে (‌০)‌ রানে অপরাজিত থাকেন ৪ উইকেট পড়ে গেলে। গোটা ইনিংসে মাত্র ২ টি বাউন্ডারি এসেছিল। জাপানের স্পিনার চার্লি হারা হিনজে ১৭ রানে ২ উইকেট নেন।

৩২ রান তাড়া করতে নেমে জাপানও শুরুতে উইকেট খুইয়ে সমস্যায় পড়ে। প্রথম ওভারে লাচলান ইয়ামোতো আউট হন। এরপর ওয়াশিংটন সুন্দর ২ উইকেট তুলে নিয়ে জাপানকে চাপে ফেলেন। কিন্তু রবি বিষ্ণোই নিজের একমাত্র ওভারে ১০ রান দিয়ে জাপান শিবিরে জয়ের আশা জাগিয়ে দেন। শেষ ওভারে ৬ বলে ৮ রান দরকার ছিল জাপানের। কিন্তু অক্ষর প্যাটেলের আঁটোসাটো বোলিংয়ের কারণে জাপান ৬ রানের বেশি তুলতে পারেনি। ওই ওভারে আম্পায়ার অক্ষরের একটি বল ওয়াইড ঘোষণা করেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে সেই বলকে ফেয়ার ডেলিভারি হিসেবে দেখালে জাপানের কাছে শেষ বলে জেতার জন্য ৪ রান দরকার হয়ে পড়ে। এমনিতেই আউট ফিল্ড ভিজে থাকায়, বাউন্ডারি পাওয়া মুশকিল ছিল। আসেওনি। ১ রান করলে জাপানের ইনিংস ৫ ওভার শেষে ৩ উইকেটে ৩০ রানে আটকে যায়। ২ রানে ম্যাচ জিতে হাঁফ ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা।

টি২০ ক্রিকেটে ভারতীয় পুরুষ ক্রিকেট দলে তাদের ২০০তম জয় হাসিল করল আন্তর্জাতিক ক্রিকেটে। ২৯১ টি২০ ম্যাচে অংশ নিয়ে। ২০০৬য়ে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ ক্রিকেটে প্রথম জয় পেয়েছিল ভারতীয় দল। ২০১৭য় কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০তম জয় পেয়েছিল ভারত। শততম জয় আসে কলকাতায় ২০২২য়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০২৪য়ে গ্রস আইলেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫০তম জয় পায় ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...