অলস্পোর্ট ডেস্ক: পুরো টুর্নামেন্টে দারুণ খেলেই ফাইনালে পৌঁছেছিল ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিন্তু ফাইনালে হারতে হল চিরশত্রুর কাছে। রবিবার দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সিনিয়রদের এশিয়া কাপ থেকেই দুই দলের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। বিশেষ করে হ্যান্ডশেক বিতর্ক বড়দের ক্রিকেট থেকে ছোটদের ক্রিকেট পর্যন্ত বিস্তৃত হয়েছে। তার মধ্যেই আবারও মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেখানে অবশ্য অসহায় আত্মসমর্পণ করল ভারতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৩৪৭ রানের বিশাল টার্গেট তৈরি করে পাকিস্তান। যার সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। ১৯১ রানের বিশাল ব্যবধানে হেরে রানার্স হয়েই এশিয়া কাপ শেষ করতে হল ভারতকে।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার সমীর মিনহাসের ১১৩ বলে ১৭২ রানের বিশাল ইনিংসই পাকিস্তানের ভাগ্য তৈরি করে দিয়েছিল। তার আগে অবশ্য ১৮ রানে ফিরে গিয়েছিলেন আর এক ওপেনার হামজা জাহুর। ব্যর্থ ভারতের বোলিংও। ৩১ রানে এক উইকেটের পর পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়ে ১২৩ রানে, তৃতীয় উইকেট ২৬০ রানে। এর পর চার নম্বরে নামা আহমেদ হুসেনের ৫৬ রানের ইনিংস ছাড়া আর কোনও বড় রান নেই পাকিস্তানের। এছাড়া উসমান খান ৩৫, ফারহান ইউসুফ ১৯, হুজাইফা এহেসান ০, মহম্মদ সায়ন ৭, আবদুল সুবহান ২ রান করে আউট হন।
১২ রানে নিকাব শফিক ও ১৩ রানে মহম্মদ সাইয়াম অপরাজিত থাকেন। ৫০ ওভারে ৩৪৭-৮-এ শেষ হয় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে ৩ উইকেট নেন দীপেশ দেবেন্দ্রন। ২টি করে উইকেট নেন হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল। ১ উইকেট কনিষ্ক চৌহানের।
৩৪৮ রানের পাহাড়ের সামনে প্রথম থেকেই নড়বড়ে ছিল ভারতের ব্যাটিং। ভারতের তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী ওপেন করতে নেমে মাত্র ২৬ রানে আউট হয়ে রীতিমতো হতাশার বহিঃপ্রকাশ করে ফেলেন। এছাড়া আয়ুশ মাত্রে ২, অ্যারন জর্জ ১৬, বিহান মালহোত্রা ৭, বেদান্ত ত্রিবেদী ৯, অভিজ্ঞান কুন্ডু ১৩, কনিষ্ক চৌহান ৯, খিলান প্যাটেল ১৯, হেনিল প্যাটেল ৬, দীপেশ দেবেন্দ্রন ৩৬ রানে আউট হন। ভারতের হয় সর্বোচ্চ রান আসে দীপেশরই ব্যাট থেকে ১০ নম্বরে ব্যাট করতে নেমে। ৩ রানের অপরাজিত থাকেন কিষান সিং। মাত্র ২৬.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। আর তার সঙ্গে শেষ হয়ে যায় ট্রফির আশা।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আলি রাজা। ২টি করে উইকেট নেন মহম্মদ সাইয়াম, আবদলু সুভান ও হুজাইফা এহেসান। ১৭২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন সমীর মিনহাস। টুর্নামেন্টের সেরাও তিনিই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
