Cart Total Items (0)

Cart

All Sports
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

অলস্পোর্ট ডেস্ক: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওডিআই এক কথায় ছিল ফাইনাল ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজ ১-১ হয়ে যাওয়ায় সিরিজ জেতার জন্য শেষ ম্যাচ ছিল মাস্ট উইন। সেই লক্ষ্যেই নেমেছিল দুই দল। টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩৫১ রান করে ভারত। ওডিআই-এ এই রান তাড়া করা মোটেও সহজ ছিল না। পারেওনি ক্যারিবিয়ানরা। ২০০ রানে শেষ ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া ক্যারিবিয়ানদের। ম্যাচের সেরা হয়েছেন শুবমান গিল ও সিরিজের সেরা ঈশান কিষান।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হয়ে চার জন হাফসেঞ্চুরি করেন। দুই ওপেনার ঈশান কিষান ও শুবমান গিলের ওপেনিং জুটিচে ১৪৩ রান ওঠে। টানা তিন ম্যাচে হাফ সেঞ্চুরি করলেন ঈশান। ৬৪ বলে আটটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৭ রান করেন ঈশান কিষান। আর এক ওপেনার শুবমান ১১টি বাউন্ডারি হাঁকিয়ে ৯২ বলে করেন ৮৫ রান। তিন নম্বরে নেমে ৮ রান করে আউট হন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ছাড়া বাকি সকলেই ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ক্যারিবিয়ান বোলিংয়ের বিরুদ্ধে।

দুই ওপেনার ফিরে যাওয়ার পর ভারতীয় ব্যাটিংকে এগিয়ে নিয়ে যান সঞ্চু স্যামসন ও হার্দিক পাণ্ড্যে। ৪১ বলে দু’টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫১ রান করেন সঞ্জু। এর সঙ্গে অধিনায়কের ঢঙেই ভারতের ব্যাটিংয়ে দাপট দেখান হার্দিক। ৫২ বলে চারটি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭০ রান করে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক। ৩৫ রানে আউট হন সূর্যকুমার যাদব। ৮ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ৫০ ওভারে ৩৫১-৫-এ থামে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জোড়া উইকেট নেন রোমারিও শেফার্ড। একটি করে উইকেট নেন আলজারি জোসেফ, গুদাকেশ মোতি ও ইয়ানিক কারিয়া।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। কোনও রান না করে দলগত এক রানে প্যাভেলিয়নে ফিরে যান ওপেনার ব্র্যান্ডন কিং। মুকেশ কুমারের বলে ঈশানকে ক্যাচ তুলে দেন কিং। আর এক ওপেনারও বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। মাত্র চার রান করে মুকেশের বলেই বোল্ড হয়ে ফেরেন তিনি। এর পর কিছুটা চেষ্টা করেন অ্যালিক আথানেজ। ৩২ রানের ইনিংস খেলেন তিনি। ক্যারিবিয়ানদের এটিই ব্যাক্তিগত সর্বোচ্চ রান।

এর পরটা ছিল পুরোপুরি মিডল অর্ডারের ধরাশায়ী হওয়ার দৃশ্য। অধিনায়ক শাই হোপ ৫, কেসি কার্টি ৬, শিমরন হেটমেয়ার ৪, রোমারিও শেফার্ড ৮ ও জেডেন সিলস ১ রান করে আউট হয়ে যান। এর পর কিছুটা চেষ্টা করে দলের লোয়ার অর্ডার। ইয়ানিক কারিয়া ১৯, আলজারি জোসেফ ২৬ রান করে আউট হন। ৩৯ রান করে অপরাজিত থাকেন ১০ নম্বরে ব্যাট করতে নামা গুদাকেশ মোতি। ৩৫.৩ ওভারে ১৫১ রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে চার উইকেট নেন শার্দূল ঠাকুর। তিন উইকেট নেন মুকেশ কুমার। দুই উইকেট নেন কুলদীপ যাদব ও এক উইকেট জয়দেব উনাদকটের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *