অলস্পোর্ট ডেস্ক: রবিবার সম্প্রচারক স্টার স্পোর্টস নিশ্চিত করেছে যে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ মরসুম আনুষ্ঠানিকভাবে ২৮ মার্চ থেকে শুরু হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ ফাইনালের আগে এই আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, আইপিএল ২০২৬ সংস্করণের সূচি এখনও ঘোষণা করেনি আইপিএল কমিটি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) বর্তমান চ্যাম্পিয়ন। আহমেদাবাদে ২০২৫ সংস্করণের ফাইনাল ম্যাচে বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটি পঞ্জাব কিংসকে ছয় রানে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। যে কারণে উদ্বোধনী ম্যাচ সেখানেই যে হবে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল অতীতের বিতর্ক কাটিয়ে। ২০ দিনেরও কম সময় বাকি রয়েছে আইপিএল শুরু হতে। আইপিএল ২০২৬ ২৮ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলবে।
আসন্ন অসম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের কারণে বিসিসিআই দুই ধাপে আইপিএলের আনুষ্ঠানিক সময়সূচী প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ২০২৪ সালেও লোকসভা নির্বাচনের কারণে টুর্নামেন্টের ক্যালেন্ডার পর্যায়ক্রমে প্রকাশ করার সময় একই রকম পদ্ধতি গ্রহণ করা হয়েছিল।
পশ্চিমবঙ্গের কলকাতা এবং তামিলনাড়ুর চেন্নাই শহর যথাক্রমে কেকেআর এবং সিএসকে-এর হোম গ্রাউন্ড। দলগুলো স্বাভাবিকভাবেই নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে চাইবে। অসমের গুয়াহাটি রাজস্থান রয়্যালসের দ্বিতীয় হোম।
প্রথম সেটের সূচি প্রথম ১৫ দিনের ম্যাচের হবে বলেই মনে করা হচ্ছে। বাকি সূচি পরে ঘোষণা করা হবে।
২০২৪ সালে, ভারতের সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, বিসিসিআই প্রাথমিকভাবে কেবল প্রথম দুই সপ্তাহের জন্য সূচি প্রকাশ করেছিল। ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত হওয়ার পর বাকি সময়সূচীর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে কোনও ওভারল্যাপ না হয় এবং প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় থাকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং রাজস্থান রয়্যালস (আরআর)-এর হোম ভেন্যু নিয়ে অনিশ্চয়তার কারণেও খেলা বিলম্বিত হয়েছিল। আরসিবি তাদের পাঁচটি হোম ম্যাচ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার কথা নিশ্চিত করেছে, বাকি দু’টি হোম ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আইপিএলের উদ্বোধনী ম্যাচ, একটি প্লে অফ ম্যাচ এবং ফাইনালও বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। বেঙ্গালুরুর জয়ের উৎসবের পদপিষ্টের ঘটনায় নির্বাসিত করা হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়ামকে। তবে নিরাপত্তার যাবতীয় সমস্যা কাটিয়ে আবার আইপিএল-এ ফিরছে বিরাট কোহলিদের হোম গ্রাউন্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
