শ্রেয়াস আইয়ার
অলস্পোর্ট ডেস্ক: কেন্দ্রীয় চুক্তি থেকে যে বাদ পড়বেন ঈশান কিষান তা নিয়ে কোনও সংশয় নেই। সিরিজের মাঝ পথে মানসিক সমস্যার কথা বলে ভারতীয় দল থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। তার পর থেকে আর তাঁর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমন কী ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ সত্ত্বেও তিনি রঞ্জি ট্রফি খেলতে যাননি। বরং তাঁকে দেখা গিয়েছে হার্দিক পাণ্ড্যে ও ক্রুনাল পাণ্ড্যের সঙ্গে অনুশীলন করতে। কিন্তু বোর্ডের সঙ্গে তিনি কোনও যোগাযোগ করেননি। যে কারণেই ধরেই নেওয়া হয়েছিল জাতীয় ও রাজ্য দলকে অগ্রাহ্য করে একজন কেন্দ্রীয় চুক্তির অধিনে থাকা প্লেয়ার শুধুই আইপিএল-এ মনোনিবেশ করছেন, সেটা কোনওভাবেই মেনে নেবে না বোর্ড।
এবার সেই তালিকায় কি নাম লিখিয়ে ফেললেন শ্রেয়াস আইয়ারও? ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলার পর চোটের কারণে বাদ পড়েছিলেন তিনি। তার পর তিনি ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকেন কিন্তু তার পরও চতুর্থ টেস্টের জন্য দলে ফেরেননি তিনি। একদিন আগেই জানা যায়, তাঁকে রঞ্জি ট্রফির জন্য রাজ্য দলে যোগ দিতে বলা হলেও তিনি তাতে রাজি হননি পিঠের ব্যথার কথা জানিয়ে। এদিকে এনসিএ তাঁকে ফিট বলেই ঘোষণা করেছে। এখানেই তৈরি হয়েছে সমস্যা। সব মিলে ঈশানের মতই শ্রেয়াসকে নিয়েও খুশি নয় বোর্ড। যার প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দু’জনেরই কেন্দ্রীয় চু্ক্তিতে।
একটি তথ্য অনুযায়ী ঈশান কিষান ও শ্রেয়াস আইয়ার, দু’জনই বাদ পড়তে চলেছেন ২০২৩-২৪-এর চুক্তি থেকে। আর এই বাদ পড়ার পিছনে মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে দু’জনেরই ডমেস্টিক ক্রিকেটে অনিহা বোর্ডের নির্দেশ সত্ত্বেও। যা খবর তাতে, অজিত আগরকরের নেতৃত্বাধীন বোর্ডের সিনিয়র নির্বাচক কমিটি ইতিমধ্যেই কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করে ফেলেছে যা শীঘ্রই ঘোষণা করবে বিসিসিআই।
তবে অনেকেই মনে করছেন শ্রেয়াস আইয়ারের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া উচিত নয়। তিনি ধারবাহিকভাবে ভাল খেলছেন। বিশ্বকাপেও সেরা পারফর্মারদের মধ্যেই ছিলেন তিনি। আর সে কারণে তাঁর রঞ্জি না খেলাটাকে এতটা বড় করে না দেখাই ভাল বলে মনে করছেন কেউ কেউ। ২০২২-২৩-এর সেন্ট্রাল কনট্রাক্ট অনুযায়ী ঈশান কিষান ছিলেন সি বিভাগে আল শ্রেয়াস ছিলেন বি বিভাগে যেখানে তাঁদের প্রাপ্য টাকার মূল্য ছিল এক কোটি ও তিন কোটি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
