ঘরের মাঠে আজ নামছে কলকাতা। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এখনও প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে কেকেআরের। তবে তার জন্য নিজেদের বাকি চার ম্যাচে জিততেই হবে নীতীশ রানাদের। সোমবার ইডেন গার্ডেন্সে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা।
আগের ম্যাচে রহমনুল্লা গুরবাজ় ও জেসন রয়কে ওপেন করতে নামিয়েছিল কেকেআর। তাঁরা রান পাননি। কিন্তু ঘরের মাঠে এই দুই ওপেনারের উপরেই ভরসা রাখতে চাইবেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। কলকাতার মিডল অর্ডার প্রায় পাকা। বেঙ্কটেশ আয়ার, অধিনায়ক নীতীশ ও রিঙ্কু সিংহের খেলা পাকা। তার পরে কলকাতার বাকি দুই বিদেশি আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। শার্দূল ঠাকুর আগের ম্যাচে ভাল বল করেছেন। তিনিও খেলবেন পঞ্জাবের বিরুদ্ধে।
কলকাতার বোলিং আক্রমণ এই ম্যাচেও ভারতীয়দের উপর নির্ভর করবে। উমেশ যাদব সুস্থ হয়েছেন কি না জানা যায়নি। তিনি সুস্থ হলেও হর্ষিত রানা ও বৈভব অরোরার খেলা প্রায় পাকা। কারণ, আগের ম্যাচে তাঁদের গতি সমস্যায় ফেলেছে হায়দরাবাদের ব্যাটারদের। বরুণ চক্রবর্তী আগের ম্যাচে শেষ ওভারে কলকাতাকে জিতিয়েছেন। তিনিও থাকবেন প্রথম একাদশে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে এক জন স্পিনারকেই খেলাবে কেকেআর। তাদের হাতে দু’টি বিকল্প রয়েছে। সুযশ শর্মা ও অনুকুল রায়। যদি ব্যাটিংয়ে সাহায্যের দরকার হয় তা হলে অনুকুলের খেলার সম্ভাবনা বেশি। নইলে সুযশকেই দেখা যাবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামতে।
কলকাতার কাছে এখন বাকি সবক’টি ম্যাচই ফাইনাল। তাই সোমবার পঞ্জাব কিংস ম্যাচও কোনও ব্যতিক্রম নয়। দশটি ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতেছে তারা। প্লে-অফে খেলতে গেলে অন্তত ১৬টি পয়েন্ট পেতে হবে। সে ক্ষেত্রে কলকাতার বাকি ম্যাচগুলি জেতা ছাড়া কোনও উপায় নেই। কলকাতার পক্ষে আশার কথা, বাকি চারটি ম্যাচের তিনটিই ঘরের মাঠে। তার প্রথমটি পঞ্জাবের বিরুদ্ধে।
