নিজস্ব সংবাদদাতাঃ প্রথম মহিলা প্রিমিয়ার লিগের ফাইনালে মুম্বইয়ের কাছে ৭ উইকেটে হার দিল্লির। ম্যাচের পর এইজন্য নিজেদের ব্যাটিং বিপর্যয়কেই দায়ী করলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তাঁর দাবি, আমাদের আরও কিছু রান করা উচিত ছিল।
ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৩১ রান করতে সক্ষম হয় দিল্লি ক্যাপিটালস। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। হারের পর ল্যানিং মনখারাপ করে বলেন, “পুরো কৃতিত্ব দিতে হবে মুম্বইকে। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু কোনও লক্ষ্য আমরা নির্ধারণ করতে পারিনি। আমাদের আরও কিছু রান করার দরকার ছিল। সবাই সেরা ব্যাটিং করলে এই হার দেখতে হত না। তবে আমাদের প্রচেষ্টাকেও কৃতিত্ব দিতে হবে।“
ব্যাটিং বিপর্যয় হলেও দিল্লির বোলাররা লড়াই দিয়েছিল।মাত্র ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে যায় মুম্বই। এই প্রসঙ্গে ল্যানিং বলেছেন, “আমাদের বোলাররা খুব লড়াই করেছিল। প্রথম দিকে উইকেটও তুলে নিয়েছিল।কিন্তু হরমনপ্রীত কৌর ও সিভার-ব্রান্ট খেলার মোড় ঘুরিয়ে দিল।“ উল্লেখ্য ম্যাচে ৩৭ রান করেন হরমনপ্রীত। তিনি আউট হয়ে গেলেও ৬০ রান করে দলকে কাপ জিতিয়ে দেন সিভার।
