আগামী বিশ্বকাপে নতুন ভারতীয় দল দেখছেন শাস্ত্রী। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ এ বারের আইপিএলে নজর কেড়েছেন অনেক তরুণ ভারতীয় ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই এখনও ভারতীয় দলে সুযোগ পাননি। তবে এ বার তাঁদের সময় হয়েছে বলে মনে করেন রবি শাস্ত্রী। তাঁর মতে, আগামী টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের খোলনলচে বদলে যাবে। আর সবটাই হবে আইপিএলের জন্য।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত ছিটকে যাওয়ার পর আর ভারতের টি-২০ দলে দেখা যায়নি অধিনায়ক রোহিত শর্মাকে। খেলেননি তাঁর ডেপুটি লোকেশ রাহুলও। এই সময়ে ভারতকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পাণ্ড্য। শাস্ত্রীর মতে, পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিকই ভারতকে নেতৃত্ব দেবেন।
সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী বলেছেন, ‘‘হার্দিকই তো গত কয়েক মাস ধরে অধিনায়কত্ব করছে। ও চোট না পেলে পরের বিশ্বকাপে ওকেই নেতা হিসাবে দেখতে পাচ্ছি। আমার মনে হয় নির্বাচকরা এ বার অন্য দিকে যাবে। আইপিএল দেখিয়েছে প্রতিভার খামতি নেই। তাই হয়তো পরের বিশ্বকাপে একেবারে অন্য দল দেখতে পাব। নতুন প্রতিভারা সুযোগ পাবে সেখানে।’’
২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে জেতার পর থেকে আর ছোট ফরম্যাটে বিশ্বসেরা হতে পারেনি ভারত। এর পরে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় টি-২০ বিশ্বকাপ। সেখানে ভাল করতে চাইবে বিসিসিআই। সেই পথে বোর্ড কী কী পদক্ষেপ নেয় সে দিকেই চোখ ভারতীয় ক্রিকেট সমর্থকদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
