Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন একটা নতুন জল্পনা শুরু হয়েছে তাঁদের একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া নিয়ে। বিভিন্ন প্রচারমাধ্যমে উল্লেখ করা হয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে পর দুই ক্রিকেটার আন্তর্জাতিক মঞ্চ থেকে পাকাপাকি ভাবে সরে দাঁড়াবেন। সৌরভ গাঙ্গুলির মতে, এই দুই ক্রিকেটারের একদিনের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়া উচিত, যতদিন তাঁরা পারফর্ম করার মতো জায়গায় থাকবেন। এই ফরম্যাটে তাঁদের জুড়ি মেলা ভার।

২০২৭ একদিনের বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় দলে নির্বাচনের জন্য বিরাট ও রোহিতকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে সংশয় আছে। এনিয়ে সৌরভ গাঙ্গুলির স্পষ্ট বক্তব্য, ‘‌ রোহিত ও কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের পর ব্যাট তুলে রাখবে, এমন কোনও খবর আমার জানা নেই। আর আমি কোনও জল্পনায় বিশ্বাস রাখি না। বরং এটুকু বলতে পারি পারফরমেন্সই শেষ কথা। যে ভাল খেলবে, সেই দলে থাকবে, খেলার সুযোগ পাবে। যদি কোহলি ও রোহিত ফর্মে থাকে, তাহলে খেলা চালিয়ে যেতে অসুবিধা কোথায়?‌ সাদা বলের ক্রিকেটে কোহলি ও রোহিত ফেনমোমেনাল। অসাধারন।’‌

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ভারতীয় দলের খেলা শুরু হবে ১৯ অক্টোবর। পার্থ, এডিলেড, সিডনিতে। তারপর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটের ৩টি ম্যাচ রয়েছে ঘরে। ২০২৬য়ে ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচী আছে। যার মধ্যে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিরুদ্ধে অনেকগুলি একদিনের ক্রিকেট ম্যাচ রয়েছে। তখনই বোঝা যাবে কোহলি ও রোহিত ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলের দরজায় কড়া নাড়বেন কিনা?‌

দুবাইতে ৯ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট দল টি২০ এশিয়া কাপের অভিযান শুরু করবে। সৌরভ গাঙ্গুলি জোরের সঙ্গে বলেন, ‘‌ এশিয়া কাপে ভারতই ফেবারিট। আইপিএলের পর এই ফরম্যাটে অনেকটা সময় ভারতীয় ক্রিকেটাররা খেলেনি। তাতে কোনও সমস্যা নেই। ভারত যতটা লাল বলের ক্রিকেটে শক্তিশালী, ততটাই সাদা বলের ক্রিকেটে। দুবাই উইকেটে ভারতকে হারানো খুব কঠিন।’‌

ভারতীয় দলের টেস্ট অধিনায়ক শুভমান গিলের ভূয়সী প্রশংসা সৌরভের মুখে। জানালেন, ‘‌ শুভমানের টেস্ট অধিনয়াক হিসেবে ভবিষ্যৎ উজ্জ্বল। ইংল্যান্ড সিরিজে নিজের দক্ষতার ছাপ রেখেছে। নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটিংয়ে প্রভূত সাফল্য পেয়েছে। এটা অনেক বড় ব্যাপার। যত দিন যাবে, শুভমান আরও পরিণত হবে।’‌ বোলার সিরাজের বজ্রকঠিন মানসিকতা ও বোলিং বৈচিত্রের প্রশংসাও করেছেন সৌরভ। তাঁর মতে, সিরাজ এখন ভারতীয় ক্রিকেটের রোল মডেল। ওর মতো ক্রিকেটার দলে সবচেয়ে থাকা প্রয়োজন। নিজের পারফরমেন্স দিয়ে গোটা দলকে উজ্জীবিত করতে পারে।

অভিমন্যু ঈশ্বরণ হতাশায় ভুগছেন দিনের পর দিন অপেক্ষায় থেকেও ভারতীয় ক্রিকেট দলে অভিষেক না ঘটায়। অভিমন্যুর বাবা রঙ্গনাথন এমনই জানিয়েছেন। এনিয়ে সৌরভের প্রতিক্রিয়া, ‘‌হতাশ হওয়ার মতো কিছু ঘটেনি। অভিমন্যু ধৈর্য রাখুক। ওর সামনে সুযোগ আসবে। তখন নিজেকে ব্যাট হাতে প্রমাণ করতে হবে। দলের বাকি ব্যাটিং পজিশনে ব্যাটারের জায়গাটা মোটামুটি সেট হয়ে গেলেও ৩ নম্বর জায়গাটা এখনও স্টেবল নয়। অভিমন্যুকে ওই জায়গায় ট্রাই করে দেখা যেতে পারে। নির্বাচকরা বা ভারতীয় দলের কোচ নিশ্চয়ই তা ভেবে দেখবেন।’‌

সৌরভ আরও একবার জানিয়েছেন, তিনি সিএবির ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হতে সভাপতি পদে মনোনয়ন জমা দেবেন। বলেন, ‘‌ সদস্যরা চাইলে সিএবি প্রেসিডেন্ট পোস্টে মনোনয়ন জমা দেব।’‌ এর আগে ২০১৫-‌২০১৯ সিএবি সভাপতি পদে ছিলেন সৌরভ। সৌরভ এবার সভাপতি পদে মনোনয়ম জমা দিলে, আর কেউ তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাবেন বলে মনে হচ্ছে না। তাই বলাই যেতে পারে, দাদা স্নেহাশিস গাঙ্গুলির জায়গায় সৌরভের সভাপতি হওয়া শুধু সময়ের অপেক্ষা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *