Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিলেন বিরাট কোহলি। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ম্যাচে ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে বচসা হয় গৌতম গম্ভীরের। সেই প্রসঙ্গে বোর্ডকে চিঠি দিলেন বিরাট।

সেই চিঠিতে বিরাট জানিয়েছেন যে, বোর্ড তাঁর ১০০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়াতে তিনি খুশি নন। সেই সঙ্গে বিরাট জানিয়েছেন, তিনি এমন কিছু বলেননি গম্ভীরকে যার জন্য এত বড় শাস্তি দেওয়া হল। ১ মে লখনউয়ে খেলা ছিল আরসিবি এবং এলএসজি-র। এই দুই দল বেঙ্গালুরুতেও খেলেছিল। সে বার গম্ভীর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ করতে বলেছিলেন। জয়ের পর আগ্রাসী ভাবে উল্লাস করতে থাকেন গম্ভীর। যা ছিল বেশ চোখে লাগার মতো। লখনউয়ে খেলতে এসে বিরাটও পাল্টা দিতে থাকেন। লখনউয়ে অসংখ্য আরসিবি সমর্থকরা এসেছিলেন। তাঁরা বিরাটকে সমর্থন করছিলেন। বিরাট তাঁদের আরও জোরে চিৎকার করতে উৎসাহ দেন। মাঠের মধ্যে আঙুল দেখিয়ে চুপ করতে বলেন কাউকে। কখনও চুমু ছুড়ে দেন স্ত্রী অনুষ্কা শর্মার উদ্দেশে।

ম্যাচ শেষে উত্তেজনা আরও বাড়ে। লখনউয়ের কাইল মেয়ার্স কথা বলছিলেন বিরাটের সঙ্গে। সেই সময় লখনউ দলের মেন্টর গম্ভীর এসে মেয়ার্সকে সরিয়ে নিয়ে যান। সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। গম্ভীর চলে যেতে গিয়েও ফিরে আসেন। তাঁকে আটকে দেন লোকেশ রাহুল। কিন্তু তাঁকে সরিয়ে দিয়ে মারমুখী ভঙ্গিতে এগিয়ে যান গম্ভীর। উল্টো দিক থেকে আসেন বিরাটও। তিনিও উত্তপ্ত ভাবে কথা বলতে থাকেন। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে দুই দলের বাকি ক্রিকেটাররা তাঁদের সরিয়ে নিয়ে যান।

লখনউয়ের অধিনায়ক লোকেশ রাহুলও ছিলেন সেখানে। কোহলিকে সরিয়ে নিয়ে যান আরসিবির অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কিন্তু সেখানেই সব থেমে যায়নি। তিনি যে গম্ভীরের কথা ভাল ভাবে নেননি সেটা কোহলির চোখমুখ দেখেই বোঝা যাচ্ছিল। বাউন্ডারির ধারে দাঁড়িয়ে রাহুলের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন তিনি। ঠিক সেই সময় সেখানে উপস্থিত হন লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। তাঁর সঙ্গে অবশ্য হাত মেলান কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *