Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ আইএসএল-‌ফেডারেশন কাপের বানিজ্যিক সহযোগী হওয়ার জন্য দরপত্র জমা করেছিল জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোড। সেই দরপত্রে ভারতীয় ফুটবল ফেডারেশনকে বানিজ্যিক সহযোগীর ভূমিকায় ১৫ প্লাস ৫ বছরের আর্থিক কোটেশনে জিনিয়াস স্পোর্টস প্রতিশ্রুতি দিয়েছে ২১২৯ কোটি টাকা দেওয়ার। সেখানে ফ্যানকোডের সেই আর্থিক কোটেশনের পরিমান প্রায় অর্ধেক, অর্থাৎ ১১৯০ কোটি টাকা। বিডার হিসেবে জিনিয়াস স্পোর্টস বানিজ্যিক সহযোগী হিসেবে অনেক এগিয়ে থাকলেও, ফেডারেশন নিশ্চিত হতে চায় দুই বিডারের বিভিন্ন দিকগুলির ব্যাপারে।

সেটা মাথায় রেখেই রবিবার কার্যকরী কমিটির সভা ডেকেছিল ফেডারেশন। সেখানে সদস্যরা ঠিক করেছেন, জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের বিডের দিকগুলি খতিয়ে দেখবে ফেডারেশনের নিযুক্ত গ্লোবাল সংস্থা কেপিএমজি। যাতে কোনও অস্বচ্ছতা না থাকে বানিজ্যিক সহযোগী বাছাইয়ে। কেপিএমজি বিশদভাবে খতিয়ে দেখবে জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের দরপত্রের বিভিন্ন দিকগুলি। জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডকে বলা হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টার্মশিট জমা করতে। তারপর কেপিএমজির দেওয়া রিপোর্ট ফেডারেশন সাধরান সভায় পেশ করা হবে সদস্যদের অনুমোদনের জন্য, যাতে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বানিজ্যিক সহযোগী নির্বাচনে কোনও প্রশ্ন না ওঠে।

দরপত্র সামনে আনার পরই আইএসএল অংশগ্রহনকারী ক্লাবগুলি চিঠি দিয়ে ফেডারেশনকে জানিয়েছিল, তাদের সঙ্গে আলোচনা না করে বানিজ্যিক সহযোগীর নাম যেন চুড়ান্ত করে ফেলা না হয়। কারণ তারা মনে করে, তাদের অন্ধকারে রেখেই ফেডারেশন বানিজ্যিক সহযোগী বাছাইয়ের পথে হেঁটেছে। তাদের কাছে পরিষ্কার নয় জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের দেওয়া দর কতটা যুক্তিসঙ্গত, শেষপর্যন্ত দীর্ঘমেয়াদী এই চুক্তি মতো অর্থ তারা আদৌ দিতে পারবে কিনা?‌ ক্লাবেরা মনে করছে, চলতি মরশুমে আইএসএলের বানিজ্যিক সহযোগী হিসেবে জড়িয়ে থাকা ফ্যানকোডের ১১৯০ টাকার অঙ্কটা অনেক বাস্তবসম্মত জিনিয়াস স্পোর্টসের ২১২৯ কোটির থেকে। তাই চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা চায় ফেডারেশন এবং দুই বিডার জিনিয়াস স্পোর্টস ও ফ্যানকোডের সঙ্গে আলোচনা সারতে।

একইসঙ্গে ক্লাবগুলো প্রশ্ন তুলেছে, ফেডারেশনের সঙ্গে ডিলে তাদের কী লাভ হচ্ছে?‌ ফেডারেশন ও তাদের রেভিনিউ শেয়ার কত?‌ নাকি ফেডারেশনই শুধু লাভ করবে, তাদের কপালে লাভের কিছুই জুটবে না। চলতি মরশুমে এমনিতেই এনিয়ে একটা মনোমালিন্য চলছে ফেডারেশনের সঙ্গে আইএসএল ক্লাবগুলোর রেভিনিউ শেয়ারিং নিয়ে। ক্লাবগুলো ইতিমধ্যেই অভিযোগ করেছে, ফেডারেশন যেখানে আইএসএল থেকে লাভ করছে, সেখানে ক্লাবগুলো লাভের মুখ দেখছে না, অথচ যাবতীয় অপারেশনাল খরচ তাদের বহন করতে হচ্ছে।

ক্লাবগুলোর এই প্রস্তাব মেনে নিয়েছে ফেডারেশন। তারা যেমন দুই বিডারের দরপত্র খতিয়ে দেখার দায়িত্ব কেপিএমজিকে দিয়েছে, তেমন বানিজ্যিক সহযোগী বাছাইয়ের আগে ক্লাবগুলোর সঙ্গে দুই বিডারের বৈঠকের ব্যবস্থা করছে যাতে কোনও বিতর্ক বা জটিলতা না থাকে।

রবিবারের কার্যকরী কমিটির বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হল, কেন্দ্রীয় সরকারের নেওয়া ন্যাশানাল স্পোর্টস গভর্নেন্স অ্যাক্টের(‌ জাতীয় ক্রীড়া প্রশাসনিক নীতি)‌ প্রয়োগের ব্যাপারে। ঠিক হয়েছে, রাজ্য ও জেলা স্তরের ফুটবল সংস্থাকে সেই নীতি মেনে প্রশাসনকে ঢেলে সাজাতে হবে। রাজ্য সংস্থাগুলিকে ৯০ দিন সময় দেওয়া হবে, যাতে তারা আইনি ও পরিচালন ব্যবস্থা মেনে নতুন ক্রীড়া প্রশাসনিক নীতির সফল রূপায়ণ ঘটাতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *