Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আনোয়ার আলির ট্রান্সফার বিতর্ক ইস্যু শেষপর্যন্ত আদালতের আঙিনা থেকে ফেরত গেল এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, তারা এব্যাপারে কোনওপক্ষের হয়েই রায় দেবে না। এর আগে ২০২৪ সালের ৩ ও ১০ আগস্টের দেওয়া ফেডারেশনের প্লেয়ার্স কমিটির সিদ্ধান্ত কার্যকর হবে না। এখন বিষয়টি এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বিচারাধীন আইন মেনে। সেক্ষেত্রে সবপক্ষই তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে বক্তব্য রাখার মাধ্যমে। শেষপর্যন্ত কী হবে তা জনার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, তবে যেভাবে আনোয়ার আলি ট্রান্সফার বিতর্ক আদালতের আঙিনা থেকে আবার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে ফেরত এসেছে, তাতে আনোয়ার ও বিতর্কে জড়িত ক্লাবের শাস্তি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেমনটি হয়েছিল, আগের অর্ডারে।

‌আনোয়ার আলি মোহনবাগানের সঙ্গে ২০২৪য়ের ৮ জুলাই লোন চুক্তি বাতিল করে ১৭ জুলাই, ২০২৪য়েই ইস্টবেঙ্গলে খেলার জন্য আবেদন করেন ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। কিন্তু এটাকে চুক্তিভঙ্গ অপরাধ বলে তুলে ধরে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ২০২৪য়ে আনোয়ার আলিকে ৪ মাসের নির্বাসন ছাড়াও ইস্টবেঙ্গল ও তাঁর পেরেন্ট ক্লাব দিল্লি এফসির ওপর দুটি উইন্ডোর ট্রান্সফার ব্যানের নির্দেশ জারি করে। আনোয়ার, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে ১২.‌৯ কোটি টাকা জরিমানাও করা হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে দিল্লি হাইকোর্টের দারস্থ হয় তারা। আদালত ফেডারেশনের চাপানো শাস্তির সিদ্ধান্ত স্থগিত করে নতুন করে বিষয়টি বিবেচনা ও বিচারের জন্য আদেশ দেয় প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে। কিন্তু ১১ বার আনোয়ার আলির কেসটা মুলতুবি থেকে গেছে নানা কারণে।

১২ ও ১৩ নভেম্বর, ২০২৫য়ে আনোয়ার আলি ট্রান্সফার বিতর্ক নিয়ে শুনানি থাকলেও, তা হয়নি ৪ সদস্যের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি থেকে একজন পদত্যাগ করায় মিটিংয়ের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠায়। ১৩ নভেম্বর ফেডারেশনের আপিল কমিটির চেয়ারপার্সন বিচারপতি রাজেশ ট্যান্ডন পরবর্তী শুনানির তারিখ ২৮ ও ২৯ নভেম্বর ধার্য করে ফেডারেশনকে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রয়োজনীয় কোরাম পূর্ণ করার আদেশ দিলেও, কোনও ফল হয়নি।

তারপরও ফেডারেশন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সদস্যের শূণ্য পদ ভরাট করার পথে হাঁটেনি। তাদের যুক্তি ছিল, এটা সম্ভব ২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারন সভার পরই। এই সভার ২ দিনের মধ্যে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক ডেকে আনোয়ার আলি বিতর্কের নিষ্পত্তি ঘটানো সম্ভব হবে। অহেতুক এই দেরি দেখে ফিফার কাছে চিঠি দিয়ে আনোয়ার ইস্যুর দ্রুত নিষ্পত্তি চেয়েছিল মোহনবাগান ১৪ নভেম্বর। ফিফা ২৪ নভেম্বর এআইএফএফকে জানায়, আনোয়ার ইস্যু নিয়ে সঠিক পদক্ষেপ নিতে যেন দেরি না করে। কিন্তু তারপরও ফেডারেশনের ঘুম ভাঙছে না দেখে, নিজের ফুটবল ভবিষ্যত অনিশ্চয়তা মুখে পড়ে যাচ্ছে বুঝে আইনজীবির সাহায্যে এআইএফএফের আছে নিজের ট্রান্সফার বিতর্কের অবসান চেয়ে আবেদন করেন বর্তমানে লাল হলুদ জার্সিতে খেলা আনোয়ার।

তাতে কাজ হয়। ফেডারেশনের বার্ষিক সাধারন সভায় নির্বাচনী, এথিক্স অ্যান্ড ডিসপিউট রেজোলিউসন, ডিসিপ্লিনারি, প্লেয়ার্স স্ট্যাটাস ও আপিল কমিটির শূণ্যস্থান পূরণ করা হয়। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির চেয়ারপার্সন নিযুক্ত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি রবীন্দ্র সিং। তারপরই আদালতের এই সর্বশেষ রায়ে এবার বিতর্কের ফয়সালা হতে চলেছে এআইএফএফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *