Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: কলকাতা লিগ কে তরুণ ও প্রতিভাবান ফুটবলার তুলে আনার রসায়নাগার হিসেবেই বেছে নিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। সেজন্যই প্রিমিয়ার ডিভিশনের ২৬ টি দলের মধ্যে একমাত্র ক্লাব হিসেবে ঘরোয়া লিগে ডেভালপমেন্ট টিম বা যুব দল নামানোর সিদ্ধান্ত নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। সবুজ মেরুন ব্রিগেডে যুব ফুটবলারদের গড় বয়স উনিশ। প্রাথমিক লক্ষ্য ছিল সুপার সিক্সে যাওয়া। সেই লক্ষ্যে সফল বাস্তব রায়-এর কোচিংয়ে থাকা দল। এবার লড়াই সুপার সিক্সের।

শুক্রবার কিশোরভারতী স্টেডিয়ামে মিনি ডার্বিতে মহমেডানের মুখোমুখি হবেন সুহেল ভাটরা। যেহেতু সুপার সিক্সে শক্তিশালী দলগুলোর মুখোমুখি হতে হবে তাই রণনীতি কিছুটা বদলাচ্ছে বাস্তব। চারদিন পরেই এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ। আইএসএল চলছে। জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতার কথা মাথায় রেখেই সুপার সিক্স অভিযান শুরু করতে চায় সবুজ মেরুন। ম্যাচের আগের দিন এমবি এসজি মিডিয়া টিমকে যা বললেন যুব দলের চিফ কোচ বাস্তব রায়।

বাস্তব রায় বলেন, ‘‘মহমেডান যথেষ্ট শক্তিশালী দল। তারা লিগ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে আছে। সেই দলের বিরুদ্ধে ভাল খেলাটা আমাদের যুব দলের কাছে চ্যালেঞ্জ। আইএসএল চলছে। এএফসি কাপ দোরগোড়ায়। যুব দলের কয়েকজন ফুটবলার রয়েছে সিনিয়র দলে। সেসব কথা মাথায় রেখেই দল নির্বাচন করতে হবে। তবে যারা খেলবে তারা সেরাটা দেওয়ার চেষ্টা করবে। মহমেডানের বিরুদ্ধে গ্রুপ লিগে ৯৬ মিনিট পর্যন্ত ২-১ এগিয়ে থেকেও সংযোজিত বিতর্কিত সময়ের গোল আমরা জিততে পারিনি। ড্র হয়েছিল ম্যাচ। সেটা মাথায় রাখছি। শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামব আমরা।’’

‘‘আমরাই একমাত্র ক্লাব যারা যুব দল খেলানোর ঝুঁকি নিয়ে ঘরোয়া লিগে টিম নামিয়েছি। কারণ আমাদের লক্ষ্যই হচ্ছে ঘরোয়া লিগে খেলিয়ে ফুটবলারদের সিনিয়র টিমের জন্য তৈরি করা। আমার দলের প্রাথমিক লক্ষ্যই ছিল সুপার সিক্সে ওঠা। সেটাতে সফল হয়েছি। অঙ্কের বিচারে আমাদের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। সেই জন্যই আমি ফুটবলারদের বলে দিয়েছি চাপমুক্ত হয়ে নিজেদের সেরাটা খেলো। নিজেদের মেলে ধরার এরকম সুযোগ পাবে না। সুযোগ কাজে লাগাও।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *