Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ব্রাজিল ফুটবল দল শেষবার বিশ্বকাপ জিতেছিল ২৪ বছর আগে। তারপর টানা ব্যর্থতার মুখ দেখে চলেছে ৫ বার বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। তবে এবার ছবিটা বদলাবে বলে স্থির বিশ্বাস ব্রাজিল দলের প্রাক্তন অধিনায়ক ও দু’‌টি বিশ্বকাপ জেতা ফুটবলার কাফুর। তিনি জোরের সঙ্গে বলেছেন, ২০২৬ বিশ্বকাপটা ব্রাজিলের আবার চ্যাম্পিয়ন হওয়ার সঠিক সময়।

২০০২ সালে ইওকোহামায় ফাইনালে কাফুর নেতৃত্বে জার্মানিকে ২-‌০ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল পঞ্চম ও শেষবার। পাসাডেনায় ১৯৯৪তে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সদস্যও ছিলেন কাফু। মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেখানে প্রচারমাধ্যমেকে বলেন, ‘‌ ২৪ বছর আগে শেষবার বিশ্বকাপ জেতার পর আমার প্রবলভাবেই অনুভূতি হচ্ছে, এটাই ব্রাজিলের বিশ্বকাপ জেতার সঠিক মুহূর্ত। আর সেটা সম্ভব করার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন কার্লেস আনসোলোত্তির মতো একজন চ্যাম্পিয়ন কোচকে জাতীয় দলের সঙ্গে যুক্ত করেছে। আনসেলোত্তি দলগঠন থেকে শুরু করে খেলার ধরনে একটা ভারসাম্য এনেছেন, সঙ্গে বাড়তি আত্মবিশ্বাস।’‌

কাফু ব্রাজিলের জাতীয় দলে রাইটব্যাকে খেলতেন। ব্রাজিলের জোগা বোনিতো বা সুন্দর ফুটবলের আক্রমণাত্মক সাম্বা ছন্দের সঙ্গে জমাট রক্ষণের ভারসাম্য তাঁদের সময় বিশ্বকাপ জয়ের অন্যতম কারণ ছিল বলে মনে করেন কাফু। বলেন, ‘‌ আনসেলোত্তি বর্তমান ব্রাজিল দলের ডিফেন্স জমাট করার দিকে বিশেষভাবে নজর দিয়েছেন বিশ্বকাপের কথা মাথায় রেখে। কোনও সন্দেহ নেই ব্রাজিল যদি ৯০ মিনিটে গোল হজম না করে, তাহলে প্রতিটি গেমে গোল করে ম্যাচ জিততে সক্ষম।’‌

রিয়েল মাদ্রিদ ও ব্রাজিলের স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের ওপর বিশেষ ভরসা রাখছেন কাফু। বলেন, ‘‌ মাঝেমধ্যেই নানা বিতর্কে জড়ায় ভিনিসিয়াস। বিশ্বকাপ হল সেই মঞ্চ, যেখানে সব বিতর্কের মোক্ষম জবাব দেওয়ার সুযোগ থাকে। ফাইনাল পর্যন্ত ৮ ম্যাচে ভিনিয়াসের সেই দক্ষতা ও প্রতিভা আছে, গোটা বিশ্ব দেখিয়ে দেওয়ার বল পায়ে সে কী করতে পারে। বিশ্বকাপ জয়ের অন্যতম কারীগর হয়ে উঠে।’‌

অরল্যান্ডোর মাঠে ১ এপ্রিল প্রস্তুতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-১ গোলের জয়ে ভিনিসিয়াস গুরুত্বপূর্ণ ভুমিকা ছিল। ১৯ বছরের এন্ডরিকেও এই ম্যাচে নিজের জাত চিনিয়েছেন। আগের ম্যাচে ফ্রান্সের কাছে প্রীতি ম্যাচে হারের পর ক্রোয়েশিয়া ম্যাচে জয়টা আশার আলো জাগিয়েছে কাফু সহ দেশবাসীর মনে। কাফুর মতে, ‘‌ এন্ডরিকের সময়টা ভাল যাচ্ছে। গতবছর রিয়েল মাদ্রিদ থেকে লোনে ফ্রান্সের ক্লাবে লিওঁতে এন্ডরিকের যাওয়ার সিদ্ধান্তটা সঠিক। এতে ওর খেলায় প্রভূত উন্নতি ঘটেছে। নিজেকে আলাদাভাবে চেনাতে পেরেছে, গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠতে পেরেছে লিওঁতে গিয়ে, যেটা রিয়েল মাদ্রিদের তারকা ফুটবলারদের ভিড়ে সম্ভব ছিল না। আমার বিশ্বাস ২০২৬ বিশ্বকাপে আনসেলোত্তির পরিকল্পনায় এন্ডরিকের একটা বড় ভূমিকা থাকবে।’‌ কাফুর মুখে অবশ্য নেইমার নিয়ে কোনও কথা শোনা যায়নি। কোচ আনসেলোত্তি অবশ্য নেইমারকে বিশ্বকাপের চুড়ান্ত দল ঘোষণার আগে পর্যন্ত নিজেকে ফিট প্রমাণ করার সময় দিয়েছেন। দেখা যাক নেইমার সেই লক্ষ্যপূরণ করতে পারেন কিনা।

ফুটবল বিশেষজ্ঞদের মতে যে পাঁচটি দল বিশ্বকাপ জিততে পারে, সেই তালিকায় আছে ব্রাজিল। তবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার একনম্বর ফেবারিট হিসেবে তাঁরা এগিয়ে রাখছেন স্পেনকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *