অলস্পোর্ট ডেস্ক: অনুশীলন শুরুর আগের দিন হঠাৎ করেই ফ্লোরেন্টাই পোগবা শহরে চলে আসায় অঙ্ক মেলাতে পারছিলেন না অনেকেই। এদিনের ঘটনায় যেন মিলে গেল সেই অঙ্কই। কার্ল ম্যাকহিউজ-এর মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে চলে যাওয়ায় খবর সামনে আসতেই অনেকটাই পরিষ্কার হয়ে গেল পরিকল্পনা। আরও এক বছরের চুক্তি থাকলেও সবুজ-মেরুন ছেড়ে এফসি গোয়ার পথে পাড়ি দিলেন এই আইরিশ মিডফিল্ডার। শুক্রবার সরকারিভাবে ম্যাকহিউজের সঙ্গে বিচ্ছেদের কথা জানালো মোহনবাগান সুপার জায়ান্ট।
চার বছর কলকাতার ক্লাবে খেলেছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। গত বছর অধিকাংশ ম্যাচে খেলেছেন সবুজ-মেরুনের হয়ে, ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে তাঁর যথেষ্ট অবদান ছিল। কিন্তু তা সত্ত্বেও কেন মোহনবাগান ছাড়লেন ম্যাকহিউজ? শোনা যাচ্ছে মোহনবাগান এই মরসুমে যে ভাবে তাদের মাঝ মাঠ সাজিয়েছে তাতে প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে সন্দিহান ছিলেন তিনি। এই মুহূর্তে অনিরুদ্ধ থাপা, সহাল আব্দুল সামাদ, দীপক টাংরি, গ্লেন মার্টিনের মতো ভারতীয় ফুটবলারদের পাশাপাশি মোহনবাগান মাঝ মাঠে রয়েছেন হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসের মত বিদেশি।
যদিও ডিফেন্সে ব্রেন্ডন হ্যামিলের বিকল্প হিসাবে বা প্রয়োজনে তাঁর পাশেও খেলতে পারতেন ম্যাকহিউজ। তবে তিনি দলবদলের সিদ্ধান্তই নিলেন। সেক্ষেত্রে হ্যামিলের পরিবর্ত হিসাবে বা প্রয়োজনে জোড়া বিদেশি ডিফেন্ডারে দল সাজাতে চাইলে পোগবাকে সহজেই কাজে লাগাতে পারবেন জুয়ান ফেরান্দো। ম্যাকহিউজের বিদায়ের দিনেই শহরে চলে এলেন ব্রেন্ডন হ্যামিল।
এবার এএফসি কাপে ৮ বিদেশি সই করাতে পারবে দলগুলো। ৩১ অগস্ট বন্ধ হবে ট্রান্সফার উইন্ডো, এর মধ্যে আর কোনও বিদেশিকে কি সই করাবে মোহনবাগান? এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
