সুচরিতা সেন চৌধুরী: আরএফডিএল ইস্ট জোন কোয়ালিফায়ারের খেলা শুরু হয়ে গেল কলকাতা ও শহর সংলগ্ন জেলায় জেলায়। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি ও অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস অ্যাকাডেমি। ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে দলের ছোটদের খেলা দেখতে সহকারি কোচ দিমাস দেলগাডোকে নিয়ে হাজির হয়েছিলেন ইস্টবেঙ্গল সিনিয়র দলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত। পুরো ম্যাচটাই মন দিয়ে দেখলেন তিনি।
প্রথম থেকেই তিনি সিনিয়র দলের দায়িত্ব সামলানোর পাশাপাশি নজর রেখেছিলেন কলকাতা লিগ দলে। তিনি বার বারই বলেছেন এই জুনিয়ররাই ইস্টবেঙ্গল ক্লাবের পরবর্তী প্রজন্ম। যাঁদের একটু একটু করে তৈরি করে সিনিয়র দলকে সমৃদ্ধ করতে চান তিনি। আর সেকারণেই এবারের কলকাতা লিগ দল থেকে আইএসএল দলে জায়গা করে নিয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়, অমন সিকে-র মতো প্রতিভাবান ফুটবলাররা। আইএসএল-এ শুরু থেকেই নজর কেড়েছেন বাঙালি সায়ন।
ইস্টবেঙ্গলের এই দলের অনেকেই গত মরসুম থেকে একসঙ্গে খেলছে। এই দলই এ বছর কলকাতা লিগও খেলেছে। তাঁর মধ্যে অনেকেই সুপার কাপ, আইএসএল-এর মতো বড় পর্যায়ের টুর্নামেন্টও খেলেছে। এক কথায় অভিজ্ঞ প্লেয়ারদের নিয়েই আরএফডিএল কোয়ালিফায়ার খেলতে দল নামিয়েছিলেন কোচ বিনো জর্জ। তবে প্রথম ম্যাচে সতিশ করল এই ইস্টবেঙ্গল।
এদিন প্রথমার্ধে আক্রমণে অনেকটা এগিয়ে থাকলেও ফিনিশিংয়ের সমস্যায় ভুগল ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইন। গোলের সামনে গিয়ে বার বার খেই হারাল লাল-হলুদ ব্রিগেড। বেশ কয়েকবার ভাল পাস বাড়ালেন সায়ন। কিন্তু গোল করার লোকের অভাব রয়েছে এই দলে। যদিও দুই দলের নামের পাশেই ১-১ গোল লেখা হতে পারত যদি না তা বাতিল হতে।
এদিন প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অ্যাডামাসের হয়ে গোল করে ফেলেছিলেন দেবজিৎ বসাক। গোলের পর উৎসবেও মেতে উঠেছিল দল কিন্তু তাঁর পর লাইন্সম্যান জানান অফসাইডের জন্য বাতিল গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ঘটনারই অ্যাকশন রিপ্লে দেখা গেল তবে এবার ইস্টবেঙ্গলের গোল বাতিল হল। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছিলেন শ্যামল বিসরা। কিন্তু সেলিব্রেশনের মধ্যেই বাতিল হল এই গোলও। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবেই শেষ হল খেলা। জোড়া হলুদ কার্ড দেখে ৮০ মিনিটে মাঠ ছাড়তে হল অ্যাডামাসের দেবজিতকে।
ইস্টবেঙ্গলের খেলা নিশ্চিত হতাশ করবে কুয়াদ্রাতকে। একদিকে যখন সিনিয়র দলের হতাশাজনক পারফরমেন্স তখন জুনিয়র দলও প্রথম দিনের খেলায় ভরসা দিতে পারল না বিদেশি কোচকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
