Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্স যে সুপার কাপ ২০২৫ খেলবে না তা অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ক্লাবের পক্ষ থেকে। শেষ পর্যন্ত অফিশিয়ালি তা ঘোষণা করা হল ফেডারেশনের তরফে। সুপার কাপ শুরু হচ্ছে ২০ এপ্রিল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। সূচি অনুযায়ী এই দিনই খেলতে নামার কথা ছিল চার্চিলের। প্রতিপক্ষ ছিল আইএসএল ২০২৪-২৫ চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। চার্চিল ব্রাদার্স নাম তুলে নেওয়ায় এক্ষেত্রে বাই পেয়ে যাচ্ছে মোহনবাগান। সুপার ১৬-র ম্যাচে বাইয়ে পেয়ে যাওয়ায় এবার সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে মোহনবাগান।

অন্যদিকে, সুপার কাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ আইএসএল ক্লাব কেরালা ব্লাস্টার্স। এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে মোহনবাগানের বিরুদ্ধে। যার ফলে অনেকেই আশা দেখছেন আরও একটি ডার্বির। ইস্টবেঙ্গল যদি সুপার কাপের প্রথম ম্যাচে কেরালাকে হারিয়ে দিতে পারে তাহলে ডার্বি নিশ্চিত। কারণ মোহনবাগান এই ঘোষণার সঙ্গে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ হবে ২৬ এপ্রিল।

সুপার কাপের সূচি অনুযায়ী ২০ এপ্রিল দুপুরে হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচ। এবং রাতে মোহনবাগান বনাম চার্চিল ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যাওয়ায় ইস্টবেঙ্গল বনাম কেরালা ম্যাচের সময় দুপুরের বদলে পিছিয়ে রাত আটটায় করে দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে ফেডারেশন। সমর্থক মহলে অবশ্য ইতিমধ্যেই দাবি উঠতে শুরু করেছে, যখন একটি দল নাম তুলে নিচ্ছে তখন অন্য আই লিগ দলকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না। তবে নতুন করে যে অন্য কোনও দলের সংযোজন হবে না তা নিয়ে কোনও সংশয় নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *