Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ফুটবলে আবারও মাঠে মৃত্যু। শোকের ছায়া ভারতীয় ফুটবলে; মাত্র ২৫ বছর বয়সে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন তরুণ ডিফেন্ডার রবীন্দর সিং। ইন্ডিয়ান ফুটবল লিগের (আইএফএল) দল নামধারী এফসি-র ফুটবলার রবীন্দর চলতি সপ্তাহের শুরুর দিকে পঞ্জাবে একটি স্থানীয় লিগ ম্যাচে খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। পঞ্জাবের লুধিয়ানা জেলার মাজরি গ্রামের বাসিন্দা রবীন্দর একটি স্থানীয় টুর্নামেন্টে খেলার সময় বুকে ব্যথা অনুভব করে মাঠেই লুটিয়ে পড়েন। বুধবার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নামধারী এফসি এবং ইন্ডিয়ান ফুটবল লিগ সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্টের মাধ্যমে তাদের গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, আমাদের দলের অন্যতম ফুটবলার রবীন্দর সিং এত অল্প বয়সেই হঠাৎ করে পরলোকগমন করেছেন।’’

“তাঁর এই অকাল প্রয়াণ ফুটবল পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। সর্বশক্তিমান ঈশ্বর তাঁর বিদেহী আত্মাকে চিরশান্তি দান করুন এবং এই কঠিন সময়ে তার পরিবার ও প্রিয়জনদের শোক সইবার শক্তি ও সাহস জোগান,” সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে নামধারী এফসি।

“নামধারী এফসি-র খেলোয়াড় রবীন্দর সিং-এর মৃত্যুর খবর জেনে আইএফএল পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর আত্মা যেন চিরশান্তি লাভ করে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর পরিবার, বন্ধু-বান্ধব ও নামধারী এফসি-র প্রতি সংহতি প্রকাশ করতে, তৃতীয় সপ্তাহের প্রতিটি ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করা হবে,” সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে ইন্ডিয়ান ফুটবল লিগ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *