Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ মোহনবাগান শিবিরে যখন কোচ হোসে মোলিনার জন্মদিন পালন ও রাখী বন্ধন ঘিরে সবুজ মেরুন ভক্তদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস , তখন প্রতিপক্ষ ডায়মন্ড হারবার শিবিরে চিফ কোচ কিবু ভিকুনার কড়া নজরে চোয়াল শক্ত করে লড়াইয়ের প্রস্তুতি, রূদ্ধদ্বার অনুশীলনে। গোলপার্থক্যে এগিয়ে থাকায়, মোহনবাগানের বিরুদ্ধে ড্র করলেই গ্রুপ শীর্ষে থেকে ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনালে সরাসরি চলে যাবে ডায়মন্ড হারবার এফসি। কিন্তু ডায়মন্ড হারবার কোচ কিবু ড্রয়ের লক্ষ্যে মাঠে নামতে নারাজ। জিতেই শেষ আটে যেতে চান তিনি।

মোহনবাগানের সঙ্গে কিবুর একটা আলাদা আবেগ জড়িয়ে আছে প্রাক্তন কোচ হিসেবে। সবুজ মেরুনের কোচ হিসেবে আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। কিবুর আক্রমণাত্মক পাসিং ফুটবল সেবছর ফুটবলপ্রেমীদের মন জয় করেছিল। কিবু মানছেন, মোহনবাগান নিয়ে তাঁর একটা আবেগ, অনুভূতি আছে। কিন্তু বর্তমানে তিনি ডায়মন্ড হারবারের কোচ। তাই একজন পেশাদার কোচ হিসেবে তাঁর মাথায় এখন শুধুই ডায়মন্ড হারবার। আবেগ সংযত রেখে লড়াইয়ের ময়দানে নামতে চান। রূদ্ধদ্বার অনুশীলনে মোহনবাগান বধের ছক কষতে নামার আগে কিবুর বক্তব্য, ‘‌ মোহনবাগান বড় দল। শক্তিশালী প্রতিপক্ষ। ভাল মানের দেশি ও বিদেশি ফুটবলার আছে। তাদের বিরুদ্ধে জিততে হলে, সেরা খেলাটাই উপহার দিতে হবে। আলাদাভাবে কাউকে নিয়ে ভাবছি না। মোহনবাগান গোটা দলটাকেই গুরুত্ব দিচ্ছি। ভুললে চলবে না, মোলিনার বুদ্ধিদীপ্ত কোচিংয়ে ওরা আইএসএল শিল্ড ও কাপ জিতেছে।’‌

মোহনবাগানের মতো কিবুর দলে কার্ড বা চোট সমস্যা নেই। পুরো শক্তি নিয়ে খেলার সুযোগ পাচ্ছেন। এটাই বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে। তিন বিদেশি লুকা মাজসেন, কোরটাজার ও ক্লেইটনে ভরসা রাখছেন কিবু ঘরের ফুটবলারদের পাশাপাশি। গোলের মাঝে থাকা ক্লেইটনের গলাতেও আত্মবিশ্বাসের সুর। বললেন, ‘‌ ডায়মন্ড হারবার যে ছোট দল নয়, সেটা প্রমাণের এটা সেরা মঞ্চ। জানি যুবভারতীতে গত দু’‌ম্যাচের তুলনায় মাঠে অনেক বেশি দর্শক হাজির থাকবে। যার মধ্যে মোহনবাগান সমর্থক বেশি সংখ্যায়। তার জন্য ঘাবড়ে যাচ্ছি না। বরং দর্শকভরা গ্যালারি আমাকে উজ্জীবিত করে ভাল খেলতে।’‌

এর আগে ডায়মন্ড হারবার কোচ হিসেবে কলকাতা লিগের ম্যাচে একবার মোহনবাগানকে হারিয়েছিলেন কিবু। এখন দেখার ডুরান্ডের গ্রুপের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে মোহনবাগানের প্রাক্তন ও বর্তমান কোচের লড়াইয়ে শেষপর্যন্ত কে জয়ী হয়?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *