অলস্পোর্ট ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদল হলেও ডুরান্ড কাপের সংগঠকরা টুর্নামেন্টের সূচীতে মোহনবাগান সুপার কাপ ও ইস্টবেঙ্গলকে এক গ্রুপে রাখার সিদ্ধান্তে কোনও বদল আনলেন না। ২০২৬ সালের ডুরান্ড কাপেও প্রতিবারের মতো গ্রুপ এ-তে রাখা হয়েছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে। ২৫ জুলাই যুবভারতীতে কলকাতা ডার্বি দিয়েই ডুরান্ড কাপ টুর্নামেন্টের সূচনা হবে। গ্রুপের বাকি দুই দল সাউথ ইউনাইটেড এফসি ও সিআইএসএফ প্রোটেক্টার্স। এক গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গলকে রাখার কারণ কারও অজানা নয়। এতে টুর্নামেন্টের আকর্ষণ যেমন বাড়ে, তেমন সংগঠকদের টিকিট বিক্রির অঙ্কটাও। ধরেই নেওয়া যায়, গ্রুপ পর্বের বাধা কাটিয়ে এগোবে দুই দল। এতে নকআউট পর্যায়ে আরও একবার দুই প্রধানের দেখা হওয়ার সম্ভাবনা প্রবল। তার মানে সংগঠকদের সোনায় সোহাগা।
২৮ জুলাই গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাউথ ইউনাইটেড এফসি ও সিআইএসএফ। ৩১ জুলাই ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ সিআইএসএফ। ৪ আগস্ট মোহনবাগান মুখোমুখি হবে সাউথ ইউনাইটেডের। ৭ আগস্ট ইস্টবেঙ্গলের সামনে সাউথ ইউনাইটেড। ১০ আগস্ট মোহনবাগান গ্রুপের শেষ ম্যাচ খেলবে সিআইএসএফের বিপক্ষে।
গ্রুপ বি-তে আছে কলকাতার আর এক প্রধান মহমেডান স্পোর্টিং। সঙ্গে ইন্ডিয়ান আর্মি, সমলেশ্বরী স্পোর্টিং, বাগপত এফসি। মহমেডানের প্রথম ম্যাচ ২৭ জুলাই বাগপত এফসির বিপক্ষে। ২ আগস্ট মহমেডানের প্রতিপক্ষ সমলেশ্বরী স্পোর্টিং। ১২ আগস্ট মহমেডান শেষ ম্যাচে মুখোমুখি হবে ইন্ডিয়ান আর্মির।
গ্রুপ সি-তে রয়েছে জামশেদপুর এফসি, ডিফেন্ডার্স এফসি, ইন্ডিয়ান এয়ার ফোর্স, এসসি দিল্লি। গ্রুপ ডি-তে ট্রাউ এফসি, নেরোকা এফসি, এফসি রায়েংদাই, ইন্ডিয়ান নেভি। গ্রুপ ই-তে শিলং লাজং, নংগকশে এসএস অ্যান্ড সিসি, লাংসিং এফসি, মুম্বাই এফসি। গ্রুপ এফে আছে নর্থ ইস্ট ইউনাইটেড, বোড়োল্যান্ড এফসি, কার্বি অ্যাঙ্গলং মর্নিং স্টার এফসি, এফসি ওয়ান। তবে গতবারের রানার্স ডায়মন্ড হারবার এফসিকে এবার খেলার সুযোগই দেয়নি ডুরান্ড কমিটি।
কোয়ার্টারফাইনাল ১৬ ও ১৭ আগস্ট। সেমিফাইনাল ১৯ ও ২০ আগস্ট। ফাইনাল ২৩ আগস্ট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
