মুনাল চট্টোপাধ্যায় : ভারতীয় ফুটবল ফেডারেশন আইএসএলের যে সূচী সরকারিভাবে প্রকাশ করেছে শনিবার, তাতে ইস্টবেঙ্গলের সব হোম ম্যাচ রাখা হয়েছে কিশোরভারতী ক্রীড়াঙ্গনে। এমনকি ২১ মার্চ অনুষ্ঠেয় ইস্টবেঙ্গল-মহমেডান মিনি ডার্বি যা আগের প্রস্তবিত সূচীতে মহমেডানের হোম ম্যাচ দেখানো ছিল, মাঠে হিসেবে জামশেদপুর উল্লেখ করা হয়েছিল, তা এখন আর থাকছে না। ওই ম্যাচ এখন হবে কিশোরভারতীতে বিকেল ৫টা থেকে। কিশোরভারতীতে খেলা নিয়ে ইস্টবেঙ্গল কর্তাদের প্রথম থেকেই ঘোর আপত্তি রয়েছে। এনিয়ে ইনভেস্টার ইমামির সঙ্গে তাদের মন কষাকষি শুরু হয়েছে। এখন দেখার এই সংঘাত শেষপর্যন্ত কী পর্যায়ে দাঁড়ায়।
প্রস্তাবিত সূচীর সঙ্গে এআইএফএফের ঘোষিত সূচীতে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের দিনক্ষণ বা মাঠের কোনও বিশেষ বদল নেই, একটি মাত্র ম্যাচ ছাড়া। তারা সব হোম ম্যাচ খেলবে যুবভারতী ক্রীড়াঙ্গনেই। শুধু ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মহমেডানের সঙ্গে ম্যাচটি আর অ্যাওয়ে দেখানো নেই ঘোষিত সূচীতে, এটা প্রস্তাবিত সূচীতে জামশেদপুর ছিল। এখন এটা মোহনবাগানের হোম ম্যাচ, খেলা হবে যুবভারতীতে। ৩ মে ইস্টবেঙ্গলের সঙ্গে মেগা ডার্বি মোহনবাগানের হোম ম্যাচ, যুবভারতীর মাঠেই।
বাকি সূচীতে বদল নেই। তবে মহমেডানের হোম ম্যাচের ভেনু হিসেবে কিশোরভারতী ক্রীড়াঙ্গনকেই দেখানো হয়েছে আইএসএলের ঘোষিত সূচীতে। তবে ৩ মে যুবভারতীতে অনুষ্ঠেয় মেগা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মেগা ডার্বির দিনই কিশোরভারতীতে মহমেডান ও মুম্বই সিটির ম্যাচ দেওয়া হয়েছে। মেগা ডার্বি সাড়ে ৭টা থেকে। তার আগে মহমেডানের ম্যাচ ৫টা থেকে। একইদিনে দু’টি ম্যাচ আয়োজনের জন্য পুলিশের অনুমতি মেলা বেশ কঠিন। সেটা সময়ই বলবে, একইদিনের দুটো ম্যাচ কলকাতার বুকে হবে কিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
