Cart Total Items (0)

Cart

All Sports

মুনাল চট্টোপাধ্যায়:‌ আইএসএলে প্রথম ২ ম্যাচে জয়ের পর মনে হয়েছিল চলতি মরশুমে ইস্টবেঙ্গলকে অন্যান্যবারের তুলনায় অন্য মেজাজে দেখা যাবে বাকি ম্যাচগুলোতেও। কিন্তু তৃতীয় ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে হারে লাল হলুদের পুরোন চেহারাটাই বেরিয়ে পড়ে। আর তাতেই বৃহস্পতিবার ঘরের মাঠে চতুর্থ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরতে পারল না ইস্টবেঙ্গল। গোলশূণ্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল। পরপর ২ ম্যাচে ৫ পয়েন্ট খুইয়ে অবশ্য ভাঙবেন, কিন্তু মচকাবেন না, এই মনোভাব দেখিয়ে, গোয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট পাওয়া মন্দ নয়, এমনই বললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ।

অস্কারের মতে, ‘‌ইস্টবেঙ্গল ভাল খেলছে শক্তিশালী গোয়ার বিরুদ্ধে। সমানে সমানে লড়েছে। গোলের প্রচুর তৈরি করেছিল। গোয়াও উপভোগ্য ফুটবল খেলেছে। প্রথমার্ধে দু’‌দলই সুযোগগুলো কাজে লাগাতে পারলে, বিরতিতে ম্যাচের ফল ৩-‌৩ হতে পারত। পরের দিকে মাঝমাঠের দখল আমাদের ছিল। গোয়া রক্ষণ জমাট করে খেললেও সুযোগ এসেছিল গোলের। শেষ ১৫-২০ মিনিটে। তবে গোয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ১ পয়েন্ট পাওয়া খারাপ নয়। বিশেষ করে গত ম্যাচে জামশেদপুরের কাছে হারের পর। আপাতত গোয়া ম্যাচের ফল ভুলে কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে ভাবতে হবে। ৩ পয়েন্ট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামা জরুরি। কেরল ম্যাচের পরই মহমেডান ম্যাচ আছে। এই দুটো ম্যাচ থেকে ৬ পয়েন্ট পাওয়ার পাশাপাশি গোল বাড়ানোর কাজটা সেরে রাখতে হবে লিগ টেবিলের ওপরের দিকে থাকতে।’‌

আইএসএলের প্রথম ২ ম্যাচে মিগুয়েলকে দেখা গিয়েছিল গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে। গোয়া কোচ মানোলো মারকোয়েজকে দেখা গেছে সাহিল টাবোরাকে মার্কার হিসেবে লাগিয়া মিগুয়েলকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালিয়েছিলেন। মিগুয়েল যাতে প্রতিপক্ষের মার্কিংয়ে আটকে না যান, তার জন্য কোনও আলাদা পরিকল্পনা নেবেন?‌ অস্কার জানালেন, সব দলই তাঁর দলের খেলা দেখে নিয়েছে। বুঝেও গেছে, দলের শক্তি কোথায়। তাই মিগুয়েল যাতে নিজেদের স্বাভাবিক খেলাটা তুলে ধরতে পারে, তার জন্য পরিকল্পনা নিতে হবে। গোয়া ম্যাচে মিগুয়েলকে বলেছিলাম ইউসেফের কাছাকাছি থাকতে।তখন রশিদ আর মহেশ নিজেদের মধ্যে সমন্বয় গড়ে আক্রমণ বজায় রেখেছিল। আন্টনও গত ম্যাচের তুলনায় অনেক বেশি কার্যকরী ভূমিকা নিয়েছিল।’‌

রেফারিং নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোচ অস্কার গত ম্যাচে। গোয়া ম্যাচের পরও জানালেন, ’‌আমার ফুটবলাররা বলল, ম্যাচের শেষদিকে ওদের নেওয়া শট গোয়া ফুটবলারের হাতে লেগেছিল বক্সের মাঝে। পেনাল্টি ছিল। রেফারি দেননি। আরও কয়েকটা সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। পরে ম্যাচের ভিডিও দেখলে সেগুলো বুঝতে পারব।’‌

এখন দেখার ১৪ মার্চ ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতে লিগ দৌড়ে ফেরে কিনা?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *