Cart Total Items (0)

Cart

All Sports
ডুরান্ড কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ডুরান্ড কাপ ২০২৩-এর শুরুটা ইস্টবেঙ্গলের মোটেও ভাল হল না। যে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে দু’দিন আগেই হারিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট সেই দলের সঙ্গেই আটকে গেল কোটি টাকার ইস্টবেঙ্গল। যে বাংলাদেশ দল মোহনবাগানের বিরুদ্ধে গোলের মুখই খুলতে পারেনি, সেই দল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে দুটো গোল করে ফেলল। বাংলাদেশ দলের কৃতিত্বের থেকেও বেশি এখানে ইস্টবেঙ্গলের সমস্যা নিয়ে ভাবার সময় এসেছে। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পরও কীভাবে ২-২ গোলে ম্যাচ শেষ হয় সেটা নিয়ে ভাবতে হবে কার্লেস কুয়াদ্রাতকে।

গ্রুপ এ-র ম্যাচে রবিবার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও বাংলাদেশ আর্মি। শুরুতেই পেনাল্টি আদায় করে নেন নিশু কুমার। যার ফলে ম্যাচ শুরুর ৩৪ মিনিটের মধ্যেই গোল করে ইস্টবেঙ্গল এফসিকে এগিয়ে দিয়েছিলেন সল ক্রেসপো। মাপা শটে বাংলাদেশ আর্মির জালে বল জড়ান তিনি। শুরুতেই এগিয়ে গিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় ইস্টবেঙ্গলের। প্রসঙ্গত একদিন আগেই কলকাতা লিগের ম্যাচও ড্র-এ শেষ করেছিল ইস্টবেঙ্গল।

এদিন ইস্টবেঙ্গল পুরো যুব দল নামায়নি ডুরান্ড কাপে। কলকাতা লিগ বিদেশিহীন হলেও ডুরান্ডে বিদেশি ফুটবলার নিয়েই দল নামিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। দুটো গোলই এল বিদেশিদের পা থেকে। প্রথম গোলটি করলেন স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপো ও দ্বিতীয় গোলটি এল ফরোয়ার্ড জ্যাভিয়ের সিভেরিও-র পা থেকে। দ্বিতীয়ার্ধে অবশ্য প্রায় পুরো সময়টাই ১০ জনে খেলতে হল ইস্টবেঙ্গলকে। ৬৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় নিশু কুমারকে। যার ফলে ম্যাচে ফেরার সুযোগ পেয়ে যায় বাংলাদেশ আর্মি।

ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোলটি এল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। প্রথমার্ধে চার মিনিটের অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। ঠিক প্রথমার্ধ শেষের বাঁশি বাজার আগেই হরমনজ্যোত খাবরার ডান দিক থেকে বাড়ানো ক্রসে হেড করে অসাধারণ গোলটি করে যান সিভেরিও। গোলকিপারের কিছুই করার ছিল না। ইস্টবেঙ্গল প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে। মনে করা হয়েছিল দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান আরও বাড়িয়ে নেবে ইস্টবেঙ্গল কিন্তু তেমনটা হল না।

ম্যাচের শেষ মুহূর্তে পর পর গোল করে ইস্টবেঙ্গলের জয় ছিনিয়ে নিল বাংলাদেশ আর্মি। বাংলাদেশের প্রথম গোল এল ৮৮ মিনিটে। বক্সের ঠিক কোনা থেকে মহম্মদ সাহারিয়ারের অসাধারণ ভলি সোজা চলে যায় ইস্টবেঙ্গল গোলে। সব থেকে দামী গোলকিপারেরও কিছু করার ছিল না। এর পরের গোলটি একদম ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগে। দ্বিতীয়ার্ধে ছ’মিনিটের অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি। যখন মনে হচ্ছে ২-১ গোলে ম্যাচ জিতে নিয়েছে ইস্টবেঙ্গল ঠিক তখনই ছন্দপতন। সুপার সাব মেরাজ প্রধানের দুরন্ত গোলে জয় দিয়ে ডুরান্ড কাপ শুরু স্বপ্ন মাঠেই রেখ আসতে হল লাল-হলুদ ব্রিগেটকে।

ইস্টবেঙ্গল এফসি: প্রভসুখন গিল, লাল চুংনুঙ্গা, হরমনজ্যোত সিং খাবরা, নন্ধা, মন্দার রাও দেশাই, সল ক্রেসপো, নিশু কুমার, নাওরেম মহেশ, গুইতে পেকা, গুরসিমরাত গিল (জর্ডন এলসে), জ্যাভিয়ের সিভেরিও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *