Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে ছেড়ে দেওয়ার পর একজন ভাল মানের বিদেশি স্ট্রাইকারের খোঁজে ছিল ইস্টবেঙ্গল। বুধবার রাতে লাল হলুদের তরফে ঘোষণা করা হয়েছে, সেই খোঁজ শেষে তারা জাপানি ফরোয়ার্ড হিরোশি ইবুসুকির সঙ্গে চুক্তি সেরেছে। সই পর্বও সম্পন্ন হয়েছে ২০২৫-‌২৬ মরশুমের জন্য অস্ট্রেলিয়া এ-‌লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেড এফসিতে খেলা হিরোশির সঙ্গে।

হিরোশির ফুটবল কেরিয়ার বেশ ঝকঝকে। বিভিন্ন দেশের টপ লিগে খেলার অভিজ্ঞতা আছে। জাপানের কাশিওয়া রেইসলের যুব দলে নিজের দক্ষতা তুলে ধরার পর ইওরোপের দলে নিজের জাত চেনাতে শুরু করেন। ২০০৯য়ে স্পেনের জিরোনা এফসিতে যোগ দিয়ে পরের দু’‌মরশুম লোনে কাটান রিয়েল জারাগোজা ও সিই সাবাদেল ক্লাবে। ২০১১তে যোগ দেন সেভিলে এফসিতে। একমরশুম রিজার্ভ দলে থাকার পর সেভিলে সিনিয়র দলে আত্মপ্রকাশ ঘটে হিরোশির রিয়েল বেটিসের বিরুদ্ধে মর্যাদার ডার্বিতে। পরবর্তী সময় বেলজিয়ান সাইড কেএএস ইউপেন ও ভ্যালেন্সিয়া সিএফের রিজার্ভ দলে জায়গা করে নেন।

২০১৪ সালে জাপানে ফিরে নিজের মুন্সিয়ানা দেখান আলবারেক্স নিগাতা,জেফ ইউনাইটেড চিবা, শোনান বেলমারে, শিমিজু এস-‌পালস দলে। ২০২২ সালে অস্ট্রেলিয়া এ-‌লিগের দল এডিলেড ইউনাইটেডে যোগদান হিরোশির ফুটবল জীবনে একটা বড় মাইলস্টোন। ৬ ফুট ৫ ইঞ্চির উচ্চতার ৩৪ বছর বয়সী হিরোশি এ-‌লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেডের জার্সিতে অনেক গোল করেছেন। একটা সময় জাপানের অনূর্ধ্ব ১৯ ও ২২ জাতীয় দলের সদস্য হিসেবেও নজর কেড়েছিলেন।

ইমামি ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল কোচ থংবোই সিংটো উচ্ছ্বসিত হিরোশিকে নিয়ে। জানিয়েছেন, হিরোশির বিভিন্ন দেশের টপ টায়ার লিগে খেলার অভিজ্ঞতা ও গোল করার দক্ষতা লাল হলুদের আক্রমণভাগকে আরও বেশি শক্তিশালী করে তুলবে।

ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁর প্রতিক্রিয়া, ‘‌ হিরোশি একজন অভিজ্ঞ ও ক্লাসিক সেন্টার-‌ফরোয়ার্ড। মাঠে হিরোশির ফিজিকাল উপস্থিতি যথেষ্ট প্রভাব বিস্তার করে। শূণ্যে বল দখল ও ক্লিনিকাল ফিনিশিংয়ের ক্ষেত্রে হিরোশির দক্ষতার প্রমাণ আগেই মিলেছে।’‌

আর ইস্টবেঙ্গল সই করে গর্বিত হিরোশি। বলেছেন, ‘‌ ইস্টবেঙ্গল ক্লাবের একটা গৌরবময় ইতিহাস আছে। একইসঙ্গে সমর্থকদের প্রেরণা। যার জোরে এশিয়ান ফুটবলে ইস্টবেঙ্গলের একটা বিশেষ পরিচিতি আছে। এই ক্লাবের জার্সি গায়ে চাপাতে পেরে আমি গর্বিত। মাঠে নেমে এই ক্লাবের সাফল্যের জন্য সেরা দিতে মুখিয়ে থাকব। এর আগে আমার বেশ কিছু সতীর্থ ইস্টবেঙ্গল জার্সিতে খেলে সফল হয়েছে। এবার আমার পালা তাদের পদাঙ্ক অনুসরণ করে ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দেওয়া। জয় ইস্টবেঙ্গল।’‌

এখন দেখার হিরোশি কত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের বাকি ফুটবলারদের সঙ্গে মানিয়ে নিতে পারেন। প্রতিপক্ষের জাপানি গোলের বোমা বর্ষণ শুরু করেন। সব কিছু ঠিকঠাক থাকলে সুপার কাপেই লাল হলুদ জার্সিতে সেটা ঘটবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *