Cart Total Items (0)

Cart

All Sports India

সুচরিতা সেন চৌধুরী: মরসুমের শুরুতেই ডার্বি। এবারের ডুরান্ড কাপ শুরু হচ্ছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দিয়ে। তার আগে দুই দলের দুই নবাগত কোচের কপালে চিন্তার ভাঁজ। দল গুছিয়ে নেওয়ার মোটেও সময় পাননি কেউ, পাশাপাশি এসে পৌঁছায়নি দলের বিদেশিরা ও। সব মিলে বেশ বিপাকে ইস্টবেঙ্গলের অ্যান্তোনিও লোপেজ হাবাস আর মোহনবাগানের পানাজিওটিস দিমপেরিস।

ম্যাচের আগের দিন শুক্রবার যুবভারতীতে সাংবাদিক সম্মেলনে এসে সে কথা স্বীকার করে নিলেন দুই দলের দুই নবাগত কোচই। ইস্টবেঙ্গল কোচ হাবাস বলছিলেন, “এত অল্প সময়ের অনুশীলনে খেলাটা কঠিন। ম্যাচের প্রস্তুতির জন্য কোনও সময়ই পাইনি।” তবে আত্মবিশ্বাসী তিনি। যা ক্ষমতা আছে তা নিয়েই একে অপরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত দুই দল।

দুই কোচের সামনে দুই চ্যালেঞ্জ তবে লক্ষ্য একটাই, ডার্বি জিতে মরসুম শুরু করা। হাবাসের মত, “আমার দর্শন সলিড, কমপ্যাক্ট অ্যান্ড কমপিট।” যা পুরোপুরি হয়ে উঠতে সময় লাগবে। তাই এখন যা রয়েছে তাই নিয়েই মরসুম শুরু করে দিতে হবে।

তবে তাঁর মোহনবাগানের কোচ থাকার সময়ের ইস্টবেঙ্গল দল আর এই ইস্টবেঙ্গলের মধ্যে যে অনেক পার্থক্য সেটাও মনে করিয়ে দিলেন হাবাস। বলছিলেন, “আমার জন্য এটা আলাদা। আমি যখন মোহনবাগানে ছিলাম তখন ইস্টবেঙ্গল আইএসএল জেতেনি আর এখন ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন। আর আমি এই ইস্টবেঙ্গল দল নিয়ে খুশি। আমাদের দলে খুব ভালো ভারতীয় প্লেয়ার রয়েছে।”

এবারের ডার্বি যে ভারতীয়দের নিয়ে বাজিমাত করার তা খুব ভালো করেই জানেন কোচ, জানেন দুই দলের ভারতীয় ফুটবলাররাও। এটা যে তাদের প্রমাণ করার ম্যাচ তা মেনে নিলেন ইস্টবেঙ্গলের জিকসন সিং। বলছিলেন, “আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাইনি। তাও আমরা সেরাটা দিতে চাই। আমরা ডার্বির জন্য তৈরি। এটা ভারতীয় প্লেয়ারদের সামনে নিজেদের প্রমাণ করার বড় সুযোগ আর আমাদের সামনে তো আইএসএল-এর পাশাপাশি এএফসিও রয়েছে।”

প্রাক্তন জল মোহনবাগানের বিরুদ্ধে শনিবার আরও একটি ডার্বি খেলতে নামছেন হাবাস। যদিও অতীত নিয়ে ভাবতে নারাজ তিনি। বলছিলেন, “১২ বছরের আইএসএল-এ আমি অভিজ্ঞ হয়েছি। আমার কোনও পরিবর্তন হয়নি। তবে অতীত নিয়ে আমি ভাবতে রাজি নই। আমার সামনে এখন বর্তমান আর ভবিষ্যত।”

এর সঙ্গে মেনে নিচ্ছেন, ফুটবলে ট্যাকটিক্যাল ও মেন্টাল, দুটোই সমান গুরুত্বপূর্ণ। একজন অ্যাটাক, ডিফেন্সের পাশাপাশি পজেশন নিয়ে যখন ভাবছেন তখন তাঁকে এটাও ভাবাচ্ছে, তিনটি অনুশীলন সেশনে এই পারফেকশন আনা সম্ভব নয়। তখন আর এক কোচ মেন্টাল আর ট্যাকটিক্যাল সেরাটা দেওয়ার কথা বলছেন। যখন প্রথম কলকাতা ডার্বি খেলতে নামছেন মোহনবাগান কোচ তখন ডার্বি কে জলভাত করে ফেলেছেন ইস্টবেঙ্গল কোচ। সব মিলে এই ম্যাচ শুধু আর ডার্বি নয়, এই ম্যাচ মরসুম শুরুর প্রস্তুতি, এই ম্যাচ নতুনের সঙ্গে পুরনোর মেলবন্ধন আর এই ম্যাচ গ্ৰিস বনাম স্প্যানিশ কোচের মগজাস্ত্রের লড়াই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *