১১ জনকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ নতুন মরশুমের জন্য দল গড়তে বেশ কোমর বেঁধেই এ বার নেমেছে ইস্টবেঙ্গল। আগের যাবতীয় ব্যর্থতাকে মুছে ফেলতে এ বার বদ্ধপরিকর লাল-হলুদ। তার জন্য সবার আগে তারা ভালো দল গড়তে মরিয়া। আর সেই পরিকল্পনা থেকেই গত বারের দলের ১১ জন ফুটবলারকে ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল। শনিবার লাল-হলুদের পক্ষ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে।
ইস্টবেঙ্গল দল গড়তে শুরু করলেও, এখনও পর্যন্ত বড় কোনও নাম ঘোষণা করেননি। বিভিন্ন দল নতুন ফুটবলারদের নাম ঘোষণা করছে। কিন্তু ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত দীর্ঘমেয়াদী কিছু চুক্তির বাইরে নতুন মরশুমের জন্য কোনও ফুটবলারের নাম ঘোষণা করেনি। তার মধ্যেই ছেড়ে দেওয়া হল জেরি লালরিনজুয়ালা, অ্যালেক্স লিমা, চারালাম্বোস কিরিয়াকু, সেম্বোই হাওকিপ, সুমিত পাসি, জেক জার্ভিস, জর্ডন ডোহার্টি, শুভম সেন, নবীন কুমার, অমরজিৎ সিং কিয়াম ও হিমাংশু জাংড়াকে।
এঁদের মধ্যে থেকে লেফট ব্যাক জেরি, ডিফেন্ডার ও মিডফিল্ডার হিসেবে খেলা কিরিয়াকু, উইঙ্গার হিমাংশুদের ছাড়ায় কিছুটা হতবাক হয়েছেন লাল-হলুদ সমর্থকেরা। জেরি ও হিমাংশু তরুণ ফুটবলার। ডেভেলপমেন্ট লিগেও ভালো পারফরম্যান্স করেছেন হিমাংশু।
নতুন মরশুমের জন্য ইস্টবেঙ্গল অবশ্য তাদের কোচের নাম ঘোষণা করে দিয়েছে। স্পেনের কার্লস কুয়াদ্রাতের নাম ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু এফসি-কে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন কুয়াদ্রাত। তিনি ভারতীয় ফুটবলের প্রতিটা ঘাসই চেনেন। এই হাই-প্রোফাইল কোচের সঙ্গেই দু’বছরের চুক্তি করেছে লাল-হলুদ।লাল-হলুদের সমর্থকদের আশা, এ বার ভালো দল গঠন করা হবে এবং ফলও ভালো হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
