অলস্পোর্ট ডেস্ক: এশীয় স্তরে ও বিশ্ব মঞ্চে বড় ধরনের সাফল্য পেতে অনেক দেশই বিভিন্ন দেশের ফুটবলারদের নাগরিকত্ব দিয়ে নিজেদের দলে টানে। এটা কোনও নতুন ব্যাপার নয়। ভারতীয় ফুটবল ফেডারেশনও এই লাইনে চিন্তা ভাবনা করছে অনেকদিন ধরে। কিন্তু যেটা অপরাধ বা বেআইনি হল, নিজের দেশের বংশদ্ভূত না হওয়া সত্ত্বেও, মিথ্যা জন্মস্থান বা পূর্বপূরুষের পরিচয় দিয়ে, কোনও ফুটবলারকে সেদেশের হয়ে খেলানো। এমনই কাজ করেছে বলে অভিযোগ এনে ফিফা কঠিন শাস্তি দিয়েছে মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়শনকে। তাদের বিপুল পরিমান জরিমানার সঙ্গে ৭জন মালয়েশিয়া জাতীয় দলের ফুটবলারকে নির্বাসিত করেছেন ফিফা এক বছরের জন্য। সঙ্গে ফুটবলারদেরও আলাদা করে জরিমানা করেছে। মালয়েশিয়া যতই বলুক এই ৭ ফুটবলারের পূর্বপূরুষের জন্ম তাদের দেশে, ফিফা খতিয়ে দেখেছে, তাদের জন্ম আসলে ব্রাজিল, আর্জেনটিনা, হল্যান্ড ও স্পেনে।
ফিফার ‘গ্র্যান্ডফাদার রুল’-এ বলা আছে, বায়োলজিকাল অভিভাবক বা পূর্বপুরুষের জন্ম মালয়েশিয়ায় হলে, তাঁদের সন্তানদের খেলার অধিকার আছে মালয়োশিয়া দলে, সেই ফুটবলারদের জন্ম অন্য দেশের হলেও। কিন্তু ফিফা খতিয়ে দেখেছে, ৭ জন এমন ফুটবলারকে ভিয়েতনমের বিরুদ্ধে জুনে অনুষ্ঠিত এশিয়ান কাপ কোয়ালিফায়ারের বিরুদ্ধে ৪-০ গোলের জয়ের ম্যাচে মালয়েশিয়া খেলিয়েছে, যারা এই নিয়মের মধ্যে পড়ে না। দেখা গেছে, মালয়েশিয়া এই ফুটবলারদের জন্মের মিথ্যা পরিচয়পত্র জমা করেছিল জাতীয় দলে খেলাতে।
এই ফুটবলাররা হলেন স্পেন জাত গ্যাব্রিয়েল ফেলিপ আরোচা, ফাকুন্ডো টমাস গার্সেস, জন ইরাজাবুল ইরাগুই, আর্জেন্টিনা জাত রডড্রিগো জুলিয়ান হোলগাডো, ইমানোল জেভিয়ার মাকুচা, হল্যান্ড জাত হেক্টর আলেজান্দ্রো হেভেল সেরানো, ব্রাজিল জাত জোয়াও ভিটর ব্রান্ডাও ফিগুয়েরেদো। ফিফা শৃঙ্খলারক্ষাকারী কমিটির ডেপুটি চেয়ারপার্সনের প্রতিক্রিয়া, ‘ এইধরনের অসততা ফিফা সমর্থন করে না। এটা ফুটবলের সঙ্গে প্রতারণা ও গুরুতর অপরাধ অন্য দেশের ফুটবলারকে নিজের দেশের ফুটবলার হিসেবে চালিয়ে খেলানো মিথ্যা জন্ম পরিচয় দিয়ে। মালয়েশিয়ার এই অভিযুক্ত ফুটবলারদের প্রকৃত জন্ম পরিচয়ের সঙ্গে জমা দেওয়া ভুয়ো পরিচয়পত্রের বিস্তর অমিল।
ফিফার এই অভিযোগ ও শাস্তি মানতে নারাজ মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এটা প্রশাসনিক ভুল। এই ফুটবলাররা সকলেই মালয়েশিয়ার বৈধ নাগরিক। এরা কেউ ভুয়ো জন্ম পরিচয়পত্র জমা দেয়নি। এদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন। মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশন নিজের দেশের সরকারের শংসাপত্র ওই ফুটবলারদের জন্ম পরিচয়ের প্রমাণ পত্র হিসেবে জমা দিয়ে ফিফার দেওয়ার শাস্তির বিরুদ্ধে আবেদন করবে। মালয়েশিয়ার ক্রীড়ামন্ত্রী হানা ইয়ো জানিয়েছেন, ফিফার এই সিদ্ধান্তে দেশের ফুটবল সমর্থকরা ক্ষুব্ধ, হতাশ আহত।
শেষপর্যন্ত এই ফুটবলারদের ভবিষ্যত কি হবে জানা নেই, তবে এই নির্বাসনের পরিস্থিতির মাঝেই বৃহস্পতিবার লাওসের মুখোমুখি হবে মালয়েশিয়া।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
