Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতের ঘরোয়া ফুটবলের দ্রুত জট খোলার রাস্তা খোঁজার কথা বলল গ্লোবাল সকার প্লেয়ার্স ইউনিয়ন, ফিফপ্রো। ভারতীয় ফুটবল ফেডারেশন(‌এআইএফএফ)‌ ও এফএসডিএলের মধ্যে মাস্টার রাইটস এগ্রিমেন্ট নিয়ে বিতর্কের জেরে আইএসএল আয়োজন থমকে গেছে। কবে শুরু হবে, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা। এটাতেই বেশি চিন্তিত ফিফপ্রো ক্লাব ফুটবলের সঙ্গে জড়িত সকল মানুষের জন্য। তারা বিষয়টা ফিফার নজরেও আনতে চাইছে।

আগে ঠিক ছিল ২০২৫-‌২৬ মরশুমের আইএসএল শুরু হবে সেপ্টেম্বরে। কিন্তু মাস্টার রাইটস এগ্রিমেন্ট(‌এমআরএ)‌ চলতি বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, একইসঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশন তাদের দেওয়া শর্তে চুক্তি নবীকরণের পথে হাঁটতে অযথা দেরি করায়, তাদের পক্ষে আইএসএল আয়োজনের দায়িত্ব নেওয়া সম্ভব হচ্ছে না। কারণ সেপ্টেম্বরে আইএসএল শুরু হলে, ডিসেম্বরের মধ্যে প্রতিযোগিতার মাত্র এক তৃতীয়াংশ শেষ করা যেত। এফএসডিএলের আরও যুক্তি, ভারতীয় ফুটবল ফেডারেশনের তরফেও এব্যাপারে আগ্রহ বা উদ্যোগ নিতে দেখা যায়নি ফেডারেশনের আভ্যন্তরীন সমস্যার জন্য। সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকার কারণে। ফেডারেশন জানায়, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে তারা আর কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গায় নেই, তাই দেশের শীর্ষ আদালত সংশোধিত নতুন সংবিধান ও নির্বাচনের মাধ্যমে নতুন কার্যকরী কমিটি না তৈরি হওয়া পর্যন্ত, গোটা ব্যাপারটাই ঝুলে থাকছে।

সত্যি এ এক অদ্ভূত পরিস্থিতি। এতে ভারতীয় ক্লাব ফুটবলে অচবস্থা তৈরি হয়েছে। তিনটি আইএসএল ক্লাব ওড়িশা এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইন এফসি তাদের ক্লাব পরিচালনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্থগিত করে দিয়েছে ফুটবলার ও কর্মীদের মাইনে। এতে সমস্যায় পড়েছে ক্লাবের সঙ্গে জড়িত বহু মানুষ। সেটা জেনেই ফিফপ্রো এশিয়া-‌ওসেনিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হয়েছে। তাতে বলা হয়েছে, ভারতীয় ফুটবল ফেডারেশন ও লিগের আয়োজক সংস্থার মাঝে বিতর্কের জেরে ২০২৫-‌২৬ আইএসএল শুরুর দিন নিয়ে অনিশ্চয়তার কারণে ফুটবলার ও ক্লাবের সঙ্গে জড়িত অসংখ্য মানুষের কেরিয়ার, জীবনযাপনের ওপর প্রভাব ফেলেছে। এটা খুব চিন্তার বিষয়। ফুটবলারদের সঙ্গে পুরোন চুক্তি হঠাৎ করে বাতিলের সিদ্ধান্ত নিয়ে অনির্দিষ্টকালের জন্য মাইনে দেওয়া থেকে বিরত থাকার ব্যাপারটা কোনওমতেই মেনে নেওয়া যায় না। এটা আইনবিরুদ্ধ বললেও ভুল হবে না। এই সমস্যার দ্রুত সমাধান যাতে করা যায়, সেই চেষ্টা করুক ভারতীয় ফুটবল ফেডারেশন।‌

ভারতীয় ফুটবল ফেডারেশন সম্প্রতি আইএসএল ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে একটা কাজ চালানো রাস্তা খোঁজার চেষ্টা চালায়। সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষায় যেখানে থাকতে হচ্ছে , তাই সেই রায় না আসা পর্যন্ত যখন আইএসএল আয়োজন নিয়ে কোনও সিদ্ধান্তে আসা সম্ভব হচ্ছে না, সেই সময়ে সুপার কাপের আয়োজন করে সাময়িক সমস্যা মেটাতে চেয়েছে ফেডারেশন। ক্লাবগুলোর কাছে এই প্রস্তাব মোটেই সন্তোষজনক মনে হয়নি। তাদের সাফ কথা, সুপার কাপের কথা ভেবে ক্লাব পরিচালনা, প্রিসিজন শুরু করার পর তারা কতটা নিশ্চিন্ত থাকতে পারে আইএসএল শুরুর দিন না জানা গেলে। তারা কি আবার মাঝপথে ক্লাবের অপারেশন মাঝপথে বন্ধ করে দেবে আইএসএল শুরু না হলে?‌

এটা মাথায় রেখেই ক্লাব কর্তারা ফেডারেশনের কাছে আবেদন করেছিল, গোটা বিষয়টা যেন সুপ্রিম কোর্টে গোচরে আনা হয়, দ্রুত অচলাবস্থা কাটাতে। ফেডারেশন আদালতের দারস্থ হওয়ার আগেই অ্যামিকাস কিউরিএ অর্থাৎ আদালতের নিরপেক্ষ আইনজীবি সোমবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের সামনে এই সমস্যা তুলে ধরেন। এবং আবেদন করেন বিষয়টি শোনার জন্য। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তাতে সাড়া দিয়ে শুক্রবার বিষয়টি শুনতে রাজি হয়েছেন। এখন দেখা যাক, শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানিতে কী সমাধান সূত্র বোরোয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *