Photo Courtesy: AIFF
অলস্পোর্ট ডেস্ক: আইলিগ ২০২৫-২৬য়ের শুরুর তারিখ, ফরম্যাট ঠিক করতে আলোচনায় বসেছিলেন আইলিগ ক্লাব জোটের প্রতিনিধি ও এআইএফএফের কর্তারা। ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনেরেলের সঙ্গে এই বৈঠকে হাজির হননি আইজল এফসি, চানমারি এফসি ও চার্চিল ব্রাদার্সের কোনও প্রতিনিধি।
আলোচনায় আইলিগ পরিচালনার জন্য গভর্নিং কাউন্সিল ও ম্যানেজিং কমিটি গঠনের প্রস্তাব রাখা হয়। একইসঙ্গে ২ পর্যায়ের লিগ ফরম্যাটের কথাও বলা হয়। তার খসড়া তৈরিও করে ফেলা হয়েছে। এর সঙ্গে অংশগ্রহণকারী ক্লাবগুলির তরফে আইলিগের নতুন নামকরণের প্রস্তাবও রাখা হয়েছে। সেই নতুন নাম হতে চলেছে ‘ ইন্ডিয়ান ফুটবল লিগ।’ এই সমস্ত প্রস্তাব কার্যকরী কমিটির অনুমোদনের জন্য পেশ করা হবে। সকলেই মনে করছেন, এগুলি পাস হতে কোনও সমস্যা হবে না।
আইলিগ গভর্নিং কাউন্সিলে গোকুলাম কেরালা, নামধারী, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবার, রিয়েল কাশ্মীর, শিলং লাজং, শ্রীনিধি ডেকান, আইজল, ডেম্পোর প্রতিনিধিরা থাকবেন এআইএফএফের প্রতিনিধির সঙ্গে। অপারেশনাল নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ম্যানেজমেন্ট কমিটির হাতে। তাতে রিয়েল কাশ্মীর, গোকুলাম, লাজং, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবারের প্রতিনিধি থাকবেন। এক্স অফিসিও হিসেবে ম্যানেজমেন্ট কমিটিতে থাকবে এআইএফএফের সেক্রেটারি জেনারেল, ডেপুটি সেক্রেটারি জেনারেল, লিগ চিফ অপারেশনাল অফিসার, স্ট্র্যাটেজি হেড। কোনও কমিটিতেই চার্চিল নেই। আসলে তারা আইলিগ খেলবে কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আইলিগে চ্যাম্পিয়নশিপ বিতর্কে তাদের থেকে ট্রফি কেড়ে প্রকৃত বিজয়ী ইন্টার কাশীকে খেতাবের অধিকারী করে আইএসএল খেলার সুযোগ দেওয়াটা চার্চিল মানতে পারেনি।
১১ দলকে আইলিগ শুরু হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি থেকে নতুন ফরম্যাটে। তবে শেষপর্যন্ত চার্চিল না খেললে দলের সংখ্যা কমবে। সেক্ষেত্রে ২০২৫-২৬ মরশুমে প্রতিযোগিতা হবে দু’দফায়। প্রথম দফায় অংশগ্রহণকারী সব ক্লাব দল সিঙ্গল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ত রবিন লিগ ম্যাচে অংশ নেবে। দ্বিতীয় দফায় দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ১১ দলের লিগ হলে ওপরের ৬, আর ১০ দলের লিগ হলে ওপরে ৫টি দলকে নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা হবে। নীচের ৫ দলকে নিয়ে একটা ভেনুতে হবে অবনমন পর্বের খেলা। প্রথম দফায় দলগুলোর অর্জিত পয়েন্ট দ্বিতীয় দফাতেও গন্য করা হবে প্রতিযোগিতার তীব্রতা ধরে রাখতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
